নড়াইলের লোহাগড়ায় আ.লীগ জয়ী
নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
চেয়ারম্যান পদে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু মোটরসাইকেল প্রতীকে ৫৯ হাজার ১৭৪ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত উপজেলা বিএনপির সভাপতি জিএম নজরুল ইসলাম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৬০৯ ভোট।
শনিবার রাতে নড়াইলের জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে জেলা রিটানিং অফিসার আনন্দ কুমার বিশ্বাস এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত কামরুল ইসলাম ভূইয়া(তালা) ৫২ হাজার ৭১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সমর্থিত প্রার্থী আলমগীর হোসেন (টিউবওয়েল) ৩৫ হাজার ৫২৪ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত সালেহা বেগম (কলস) ৩০ হাজার ৫৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত শাহানারা শামীম লাকি (পদ্মফুল) পেয়েছেন ২৭ হাজার ৮৭৭ ভোট।
এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি জিএম নজরুল ইসলাম।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটুর সমর্থকরা লক্ষিপাশা, কাশিপুর, নোয়াগ্রামসহ বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়ে ভোট কারচুপি করেছে।
এ সময় তারা বিএনপি সমর্থকদেরও মারধর করেছে তারা।
এ অভিযোগ সম্পর্কে রিটার্নিং অফিসার ও নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস জানান, সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
