২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাকসামে উপজেলা চেয়ারম্যান আ. লীগের

কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত দুই কেন্দ্রের ভোট শেষে চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউনুস ভুইয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 10:35 PM

Updated : 22 Aug 2022, 05:51 PM

সোমবার হামিরাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ হয়।

রাতে লাকসামের সহকারী রির্টানিং অফিসার মাহবুবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

চূড়ান্ত ফলাফলে ইউনুস ভুইয়া ৫৪ হাজার ১০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আবদুর রহমান বাদল পেয়েছেন ৫০ হাজার ৬১১ ভোট।

দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে গত ২৭ ফেব্রুয়ারি লাকসামে ব্যালট বাক্স ও ব্যালেট পেপার ছিনতাইয়ের ঘটনায় এ দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়।

সহকারী রিটানিং অফিসার মাহবুবুর জানান, স্থগিত দুটি কেন্দ্রে ভোটার সংখ্যা ৬ হাজার ৮০।

"এ দুটি কেন্দ্রে ইউনুস ভুইয়া ৪ হাজার ৬৪৬ ভোট এবং আবদুর রহমান বাদল ৪০৯ ভোট পেয়েছেন।"

এদিকে স্থগিত দুটি কেন্দ্রের পুনরায় ভোটের সময় ব্যাপক কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন প্রত্যাখান করে আবারো নির্বাচনের দাবি করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী আবদুর রহমান বাদল।

সোমবার বিকাল ৩টায় লাকসাম বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বাদল অভিযোগ করে বলেন, ভোট কেন্দ্রে তার কোনো ভোটারকে যেতে দেয়া হয়নি এবং তার এজেন্টদেরকেও জোর করে বের করে দেয়া হয়েছে।