১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোটিফিকেশনের তথ্য আদালতের অনুমতি ছাড়া নয়: অ্যাপল

নতুন এ নীতিমালার কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আইন প্রয়োগকারী সংস্থার জন্য কয়েকদিন আগে প্রকাশিত অ্যাপলের নির্দেশিকায় বিষয়টি উঠে এসেছে।

নোটিফিকেশনের তথ্য আদালতের অনুমতি ছাড়া নয়: অ্যাপল

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 07:33 PM

Updated : 13 Dec 2023, 07:33 PM

বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছে গ্রাহকের ‘পুশ নোটিফিকেশন’ বিষয়ক তথ্য হস্তান্তরে বিচারকের অনুমতি লাগবে --এমনই বলছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

অ্যাপলের এ নিয়মের সঙ্গে মিল রয়েছে প্রতিদ্বন্দ্বী গুগলের নীতিমালার , যার ফলে ব্যবহারকারীর অ্যাপ বিষয়ক তথ্য সংগ্রহের ক্ষেত্রে বাড়তি ভোগান্তি পোহাতে হবে সরকারি কর্মকর্তাদের।  

নতুন এ নীতিমালার আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আইন প্রয়োগকারী সংস্থার জন্য অ্যাপলের কয়েকদিন আগে প্রকাশিত নির্দেশিকায় বিষয়টি উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের সিনেটর রন ওয়াইডেনের কয়েকদিন আগে প্রকাশ করা নতুন এক তথ্যের সঙ্গে মিল রয়েছে এই নীতিমালার। অ্যাপল ও গুগলের মতো কোম্পানির কাছে ব্যবহারকারীদের তথ্য সরকারি কর্মকর্তারা চাইছেন বলে উল্লেখ করেন সিনেটর।

স্মার্টফোন ব্যবহারকারীদের মেসেজ, ব্রেকিং নিউজ’সহ অন্যান্য আপডেট জানাতে সব ধরনের অ্যাপই পুশ নোটিফিকেশনের ওপর নির্ভর করে থাকে। তবে, সিংহভাগ গ্রাহকেরই ধারণা নেই যে এ ধরনের প্রায় সকল নোটিফিকেশনই গুগল ও অ্যাপলের সার্ভার ঘুরে আসে।

গত সপ্তাহে রয়টার্সের মাধ্যমে প্রথম প্রকাশিত এক চিঠিতে ওয়াইডেন বলেন, পুশ নোটিফিকেশনের মাধ্যমে বিভিন্ন অ্যাপ থেকে ব্যবহারকারীদের কাছে প্রবাহিত  তথ্যের দিকে বিশেষ নজর রয়েছে কোম্পানি দুটির। পাশাপাশি, ‘ব্যবহারকারীরা কীভাবে কোনো নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করছেন, সে সম্পর্কে সরকারি নজরদারি সহজ করার বিশেষ সুবিধা’ পাওয়া যাবে এতে।

কর্মকর্তাদের কাছ থেকে এমন অনুরোধ পাওয়ার বিষয়টি স্বীকার করেছে অ্যাপল ও গুগল উভয়ই। এর মধ্যে অ্যাপল নিজস্ব নির্দেশিকায় বাড়তি এক প্যারা যোগ করে বলেছে, ‘সমন’ বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ ধরনের তথ্য পাওয়া যাবে। এ ছাড়া, আরও কঠোর জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তগুলো উল্লেখ করে ওই প্যারায় আপডেটও আনা হয়েছে।

এ প্রসঙ্গে রয়টার্সকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি অ্যাপল। এ ছাড়া, গুগলের কাছে মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি।

অন্যদিকে, ওয়াইডেন এক বিবৃতিতে বলেন, ‘পুশ নোটিফিকেশন বিষয়ক ডেটা প্রদানের ক্ষেত্রে গুগলের মতোই আদালতের আদেশ চেয়ে’ সঠিক কাজই করছে অ্যাপল।