০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ব্যাটারি ক্যাপাসিটি আর ব্যাটারি লাইফ, পার্থক্য কোথায়?

ব্যবহারকারী যদি প্রতিদিন নিয়মিত ডিভাইসের শতভাগ চার্জ খরচ করেন তবে আনুমানিক আড়াই বছরের মধ্যে তার ব্যাটারি পরিবর্তনের প্রয়োজন হতে পারে।

ব্যাটারি ক্যাপাসিটি আর ব্যাটারি লাইফ, পার্থক্য কোথায়?

বিষয় দুটি পরিপূরক হলেও এদের পরিমাপের একক ও অর্থ সম্পূর্ণ আলাদা। ছবি: ম্যাগনিফিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 03:13 PM

Updated : 05 Oct 2026, 03:13 PM

স্মার্টফোন, ল্যাপটপ বা পাওয়ার ব্যাংক যে কোনো ডিভাইস কেনার সময় বা ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি নিয়ে কথা উঠলেই সাধারণত দুটি শব্দ ঘুরেফিরে আসে। একটি ‘ব্যাটারি ক্যাপাসিটি’ ও অন্যটি ‘ব্যাটারি লাইফ’।

বিষয় দুটি পরস্পরের পরিপূরক হলেও এদের পরিমাপের একক ও অর্থ সম্পূর্ণ আলাদা। এ পার্থক্য জানা থাকলে ডিভাইসের ব্যাটারির পারফরম্যান্স অনুমান করা ও কখন তা পরিবর্তন করা প্রয়োজন সে বিষয়ে ধারণা পাওয়া সহজ হয়।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, ব্যাটারি ক্যাপাসিটি বা সক্ষমতা বলতে বোঝায় একটি ব্যাটারি সর্বোচ্চ কী পরিমাণ শক্তি সংরক্ষণ করতে পারে।

ফোন ও পাওয়ার ব্যাংকের মতো ছোট ডিভাইসে মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার-এ ও ল্যাপটপের মতো বড় ডিভাইসের ক্ষেত্রে ওয়াট-আওয়ার-এ পরিমাপ হয়।

অন্যদিকে, ব্যাটারি লাইফ রিচার্জ করার আগে একটি ডিভাইস কতক্ষণ সচল থাকতে পারে, যা সাধারণত ঘণ্টায় হিসাব করা হয়।

সক্ষমতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আরেকটি পরিমাপ হচ্ছে ব্যাটারির স্বাস্থ্য। এটা ফ্রেশ নতুন অবস্থায় ব্যাটারির ক্ষমতার তুলনায় বর্তমান ক্ষমতার শতকরা হার।

বিষয়টি নির্ভর করে ব্যাটারি কতবার চার্জ সাইকেলের মধ্য দিয়ে গেছে তার ওপর। ব্যাটারি ১০০ শতাংশ থেকে শূন্য শতাংশে নামলে একটি পূর্ণ চার্জ সাইকেল সম্পন্ন হয়, যা একবারে নাও হতে পারে।

গুগল পিক্সেল এইটএ থেকে শুরু করে পিক্সেল ডিভাইসগুলো এক হাজারটি পূর্ণ চার্জ সাইকেল পরেও মূল সক্ষমতার অন্তত ৮০ শতাংশ ধরে রাখতে পারে।

মানে, কেউ যদি প্রতিদিন নিয়মিত নিজের ডিভাইসে শতভাগ চার্জ খরচ করেন, তবে আনুমানিক আড়াই বছরের মধ্যে তার ব্যাটারি পরিবর্তনের প্রয়োজন হতে পারে।

এসব ব্যাটারি মেট্রিক বা পরিমাপ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকলেও ডিভাইসের সঠিক কার্যকারিতা বুঝতে পারিপার্শ্বিক অন্যান্য বিষয়ও মাথায় রাখা জরুরি।

ব্যাটারি ক্যাপাসিটি বনাম ব্যাটারি লাইফ

যে কোনো ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি যত বেশি হবে তা তত বেশি শক্তি সংরক্ষণ করতে পারবে। তাত্ত্বিকভাবে যার মানে, চার্জপ্রতি ডিভাইসের ব্যবহারের সময় বা ব্যাটারি লাইফও তত বেশি হবে।

যেমন, কাগজে-কলমে ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারির ফোনের চেয়ে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারির ফোন বেশি সময় টিকবে। একইভাবে, একটি পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি দেখে তাত্ত্বিকভাবে অনুমান করা যায় সেটা ফোনকে কতবার চার্জ করতে পারবে।

একটি ইউএস মডেলের আইফোন ১৮ প্রো’র ব্যাটারি ক্যাপাসিটি ৪ হাজার ২৮৮ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার। মানে, একটি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার সক্ষমতার পাওয়ার ব্যাংক দিয়ে তাত্ত্বিকভাবে ফোনটি দুইবারের একটু বেশি চার্জ করা সম্ভব।

তবে চার্জিং প্রক্রিয়া সবসময় শতভাগ নিখুঁত বা কার্যকর হয় না। সাধারণ চার্জিংয়ের ক্ষেত্রে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত শক্তি অপচয় হয়। এ ছাড়া ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিংয়ের সময় বেশি তাপ উৎপন্ন হওয়ায় অপচয়ের হার বেশি।

বাস্তব ক্ষেত্রে ব্যাটারি লাইফ কেমন হবে তা নির্ধারণ করে অনেক বিষয়। ডিভাইসটি কতটা দ্রুত শক্তি খরচ করে ও ব্যাটারি কতখানি সক্ষম তা বিবেচনা করা জরুরি।

বড় ব্যাটারির সক্ষমতাওয়ালা একটি ল্যাপটপে যদি উচ্চ গ্রাফিক্সে আধুনিক গেইম খেলা হয় তবে সামান্য কাজের জন্য ব্যবহৃত তুলনামূলক কম ক্যাপাসিটির ল্যাপটপের চেয়ে এর ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাবে।

এ ক্ষেত্রে, স্ক্রিনের সাইজ বড় ভূমিকা রাখে। আইফোনের চেয়ে আইপ্যাডের ব্যাটারি যেমন বড়, তেমনই এর স্ক্রিনও বড় হওয়ায় বেশি শক্তি খরচ করে।

পাশাপাশি, তাপমাত্রা সরাসরি ব্যাটারি লাইফের ওপর প্রভাব ফেলে, গরমের দিনে বাইরে ছবি তোলার সময় ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চয়ই অনেকের লক্ষ্য করেছেন।

অপারেটিং সিস্টেম ও হার্ডওয়্যারের সক্ষমতাও এক্ষেত্রে বড় প্রভাব রাখে। এ কারণে পুরনো ইনটেল মডেলের তুলনায় অ্যাপল সিলিকন ম্যাকবুক বেশি সময় ধরে চার্জ ধরে রাখতে পারে।

ব্যবহারকারীরা প্রতিদিন ঠিক একই নিয়মে ডিভাইস ব্যবহার করেন না। এ কারণে ব্যাটারি লাইফকে কখনও পুরোপুরি নিখুঁতভাবে পরিমাপ করা সম্ভব নয়।

বিভিন্ন কোম্পানি ভিডিও ফাইল চালানোর ঘণ্টার ওপর ভিত্তি করে ব্যাটারি লাইফের আনুমানিক হিসাব দেয়। অ্যাপল তাদের কিছু নতুন ডিভাইসের ক্ষেত্রে একটি ‘স্বাভাবিক ব্যাটারি লাইফ’ বা গড় আয়ুর সংখ্যাও যোগ করে।

সময়ের সঙ্গে সঙ্গে সব ব্যাটারিরই সক্ষমতা কমতে থাকে। এ কারণে ব্যাটারির স্বাস্থ্য বা হেলথ জানা জরুরি। ১ হাজার বার চার্জ সাইকেল পার হওয়ার পর ডিভাইসের স্ক্রিনে দেখা দেওয়া সেই ‘১০০ শতাংশ’ ব্যাটারি লাইফ আইকনটি আর নতুন ডিভাইসের মতো কার্যকর থাকে না।

ব্যাটারির স্থায়িত্ব বাড়াবেন যেভাবে

যে কোনো ডিভাইসের ব্যাটারির ক্যাপাসিটি যাই হোক না কেন ব্যবহারের ধরনে কিছু পরিবর্তন এনে এর স্থায়িত্ব বাড়িয়ে নেওয়া সম্ভব।

ডিভাইসটিকে সবসময় সর্বশেষ অপারেটিং সিস্টেমে আপডেট রাখুন, স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা কমিয়ে দিন, অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ রাখুন ও কোন অ্যাপগুলো বেশি ব্যাটারি খরচ করছে তা পরীক্ষা করুন।

এ ছাড়া, ব্যাটারির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের কথা ভেবে ব্যাটারি সম্পূর্ণ শূন্যে নামিয়ে বা ১০০ শতাংশে ফুল চার্জ না করে, যথাসম্ভব ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করুন।

ব্যবহারকারী যতই যত্ন নিন না কেন সময়ের সঙ্গে সঙ্গে যে কোনো ব্যাটারিই প্রাকৃতিকভাবে দুর্বল বা কেমিক্যালি পুরনো হয়ে পড়ে। ব্যাটারির স্বাস্থ্য যখন ৮০ শতাংশে নেমে আসে তখন বুঝে নিতে হবে এটা পরিবর্তনের সময় হয়েছে।

বর্তমানের অনেক স্মার্টফোনের সেটিংস মেন্যুর ব্যাটারি সেকশনে গেলে ব্যাটারি হেলথ বা স্বাস্থ্যের শতকরা হার দেখা যায়। ব্যাটারির কার্যসক্ষমতা কমে গেলে অনেক ডিভাইসে স্বয়ংক্রিয় সতর্কবার্তাও পাঠানো হয়।

এদিকে, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কিছু নতুন ডিভাইসে সিলিকন-কার্বন ব্যাটারির ব্যবহার শুরু হয়েছে, যা তুলনামূলক কম জায়গায় বড় ক্যাপাসিটির ব্যাটারি ধারণ করতে পারে।

ডিভাইস ভারী বা মোটা না করেও দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। তবে এসব প্রযুক্তি পুরোপুরি মূলধারায় আসতে আরও কিছু সময় লাগতে পারে।