Published : 17 Feb 2026, 05:10 PM
ভারতের প্রযুক্তিগত সার্বভৌমত্ব রক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দৌড়ে দেশটিকে এগিয়ে নিতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে আদানি এন্টারপ্রাইজ।
মঙ্গলবার কোম্পানিটি বলেছে, ২০৩৫ সালের মধ্যে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করে পরিবেশবান্ধব শক্তিচালিত ও এআই প্রযুক্তির উপযোগী ডেটা সেন্টার তৈরি করবে তারা। তাদের লক্ষ্য, বিশ্বের বৃহত্তম সমন্বিত ডেটা সেন্টার প্ল্যাটফর্ম তৈরি ও বিশ্বজুড়ে ভারতকে এআই প্রতিযোগিতায় শীর্ষস্থানে নিয়ে আসা।
কোম্পানিটি বলেছে, এ বিনিয়োগের ফলে আগামী দশ বছরে ক্লাউড প্ল্যাটফর্ম এবং সার্ভার তৈরির মতো সংশ্লিষ্ট বিভিন্ন শিল্পে আরও ১৫ হাজার কোটি ডলার ব্যয়ের সুযোগ তৈরি হবে।
সব মিলিয়ে আদানির এই উদ্যোগ আগামী এক দশকে ভারতে ২৫ হাজার কোটি ডলারের এক বিশাল ‘এআই অবকাঠামো ইকোসিস্টেম’ বা পরিবেশ তৈরি করবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এক বিবৃতিতে বলেছেন, “আমরা ডেটা সেন্টার ও পরিবেশবান্ধব জ্বালানির ভিত্তি ব্যবহার করে এআইয়ের পূর্ণাঙ্গ পাঁচ স্তরওয়ালা অবকাঠামো তৈরি করছি, যা ভারতের প্রযুক্তিগত সার্বভৌমত্ব নিশ্চিতের ওপর জোর দেবে।”
গত অক্টোবরে গুগল বলেছিল, ভারতের অন্ধ্রপ্রদেশে এআই ডেটা সেন্টার তৈরির জন্য পাঁচ বছরে ১৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে, যা ভারতে গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ।
গুগলের এ প্রকল্পের ফলে প্রায় ৫০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ পেতে পারে আদানি এন্টারপ্রাইজ ও বেসরকারি ডেটা সেন্টার অপারেটর এজকানেক্স-এর যৌথ উদ্যোগ ‘আদানি কানেক্স’।
আদানি গ্রুপ বলেছে, ভারতের বিভিন্ন স্থানে আরও বড় আকারের ‘ক্যাম্পাস’ বা ডেটা সেন্টার হাব তৈরির জন্য অন্যান্য বড় কোম্পানির সঙ্গেও আলোচনা চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এ খবরে মঙ্গলবার আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম দুই দশমিক চার শতাংশ বেড়েছে।
আরও পড়ুন…