১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সবচেয়ে সস্তার আইফোনের দামে এল নতুন ‘ম্যাকবুক নিও’

নতুন এ ম্যাকবুকে ব্যবহৃত হয়েছে ‘এ১৮ প্রো’ চিপ। এ একই প্রসেসর ২০২৪ সালে বাজারে আসা আইফোন ১৬ প্রো মডেলে ব্যবহৃত হয়েছে।

সবচেয়ে সস্তার আইফোনের দামে এল নতুন ‘ম্যাকবুক নিও’
নতুন ম্যাকবুকের মূল লক্ষ্য, গুগলচালিত ক্রোমবুক ও কম দামি উইন্ডোজ ল্যাপটপ ব্যবহারকারীরা। ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 12:04 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

অ্যাপলের ওয়েবসাইটে সবচেয়ে সস্তার ফোন হচ্ছে আইফোন ১৭ই। এবার ওই ফোনের দামেই নতুন ম্যাকবুকের ঘোষণা দিয়েছে অ্যাপল।

গুগল ক্রোমবুক ও উইন্ডোজ ল্যাপটপের বাজার ধরতে একে বড় চমক বলতেই হচ্ছে। 

অ্যাপল বলছে, সাশ্রয়ী মূল্যে সাধারণ গ্রাহক ও শিক্ষার্থীদের কাছে পৌঁছাতেই তাদের এই উদ্যোগ।

বুধবার ল্যাপটপ সিরিজে ‘ম্যাকবুক নিও’ নামে অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে সাশ্রয়ী দামের ল্যাপটপ উন্মোচন করেছে কোম্পানিটি, যার দাম শুরু হচ্ছে ৫৯৯ ডলার থেকে।

রয়টার্স লিখেছে, মেমরি চিপের সংকটের কারণে অন্যান্য প্রতিদ্বন্দ্বী কোম্পানি যেখানে বাজার ধরতে হিমশিম খাচ্ছে সেখানে সাশ্রয়ী মূল্যের পিসি বাজারে নিজেদের পরিধি বাড়াতেই এমন পদক্ষেপ নিয়েছে অ্যাপল।

গেল কয়েক বছরের মধ্যে পিসি বাজারে অ্যাপলের পক্ষ থেকে বড় চমক ‘ম্যাকবুক নিও’। নতুন এ ম্যাকবুকে ব্যবহৃত হয়েছে ‘এ১৮ প্রো’ চিপ। এ একই প্রসেসর ২০২৪ সালে বাজারে আসা আইফোন ১৬ প্রো মডেলে ব্যবহৃত হয়েছে।

৫৯৯ ডলার দামটি অ্যাপলের আগের সাধারণ ম্যাকবুকগুলোর তুলনায় বেশ কম। যেমন, ২০০৬ সালের মে মাসে ম্যাকবুক বাজারে আসার সময় এর দাম ছিল ১ হাজার ৯৯ ডলার, যা বর্তমানের মুদ্রাস্ফীতি অনুযায়ী প্রায় ১ হাজার ৭৫০ ডলারের সমান।

অ্যাপল বলেছে, গ্রাহকরা বুধবার থেকেই ডিভাইসটি প্রি-অর্ডার করতে পারবেন এবং ১১ মার্চ থেকে তা হাতে পাওয়া যাবে ও দোকানে বিক্রি শুরু হবে।

এমন দামের বাজারে অ্যাপল যে এবারই প্রথম প্রবেশ করেছে বিষয়টি তা নয়। এর আগেও কোম্পানিটি নিজেদের ২০২০ সালের ‘এম১’ চিপ ব্যবহার করে ওয়ালমার্টের জন্য বিশেষভাবে ৬৯৯ ডলারের ম্যাকবুক এয়ার তৈরি করেছিল।

নতুন ম্যাকবুকের মূল লক্ষ্য, গুগলচালিত ক্রোমবুক ও কম দামি উইন্ডোজ ল্যাপটপ ব্যবহারকারীরা। মাইক্রোসফট তাদের ল্যাপটপে ব্যাটারি সাশ্রয়ী ‘আর্ম’ প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করলেও তা বাজারে তেমন বড় কোনো প্রভাব ফেলতে পারেনি।

মিডিয়াম বাজেটের পিসি বাজারে প্রবেশের মাধ্যমে শিক্ষার্থী ও নতুন ক্রেতাদের কাছে নিজেদের জনপ্রিয়তা আরও বাড়িয়ে নিতে পারবে অ্যাপল।

বিশ্বজুড়ে মেমরি চিপের সংকটের মধ্যে অ্যাপল নতুন এ ম্যাকবুকে ৮ গিগাবাইট ইউনিফাইড মেমরি দিয়েছে, যা ‘এম৪’ চিপভিত্তিক ম্যাকবুকের ১৬ গিগাবাইটের অর্ধেক এবং আইফোন ১৭ প্রো’তে থাকা ১২ গিগাবাইটের চেয়ে কম।

কয়েক প্রান্তিক ধরে চাহিদাও ওঠানামা করায় বিশ্বজুড়ে পিসি ও স্মার্টফোনের বাজার এখন দামের বিষয়ে সংবেদনশীল। হার্ডওয়্যার নির্মাতারা এখনও যন্ত্রাংশ, বিশেষ করে মেমরি চিপের অস্থিতিশীল দামের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

স্মার্টফোন বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতে ও পিসি বাজারের মন্দা কাটাতে অ্যাপল এ সপ্তাহে ৫৯৯ ডলারের আইফোন ১৭ই’ও বাজারে এনেছে। এতে আগের সংস্করণের চেয়ে বেশি স্টোরেজ দিয়েছে কোম্পানিটি।

একইসঙ্গে নতুন ‘এম৫’ চিপ এবং বেশি মেমরিসহ ম্যাকবুক এয়ার ও প্রো সিরিজকেও নতুনভাবে সাজিয়েছে অ্যাপল।

মেমরি চিপের ক্রমাগত দামের কারণে চাপের মুখে থাকা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতেই কোম্পানিটির এ প্রচেষ্টা।