০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রতিযোগিতার মধ্যেই এল গুগলের নতুন এআই মডেল ‘আর্গন’

‘জেমিনাই ৪’ মডেল সিরিজের মূল ভিত্তি হিসেবে সর্বোচ্চ স্তরের নতুন এআই মডেল উন্মোচন করল অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটি।

প্রতিযোগিতার মধ্যেই এল গুগলের নতুন এআই মডেল ‘আর্গন’

পারফরম্যান্সের দিক থেকে বেশ কিছু ইন্ডাস্ট্রি বেঞ্চমার্কে অ্যাস্ট্রা ও ওপাসের চেয়ে ভালো নম্বর পেয়েছে আর্গন। ছবি: গুগল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 08:40 PM

Updated : 02 Oct 2026, 08:40 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে বড় ধরনের পরিবর্তন আনল গুগল।

বুধবার অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কোম্পানির সঙ্গে টেক্কা দিকে নতুন ফ্ল্যাগশিপ এআই মডেল সিরিজ উন্মোচন করেছে কোম্পানিটি।

‘জেমিনাই ৪’ সিরিজের প্রথম শীর্ষ এআই মডেল ‘আর্গন’ উন্মোচন করেছে মার্কিন সার্চ জায়ান্টটি। পাশাপাশি, কোম্পানিটি ‘জেমিনাই ৩.৫ প্রো’ মডেল না আনার ও ডিপমাইন্ড ল্যাবে বড় ধরনের রদবদলের ঘোষণা দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

নিজেদের ‘জেমিনাই ৪’ মডেল সিরিজের মূল ভিত্তি হিসেবে সর্বোচ্চ স্তরের নতুন এআই মডেল উন্মোচন করল অ্যালফাবেটের মালিকানাধীন কোম্পানিটি।

গুগলের একজন মুখপাত্র বলেছেন, ‘আর্গন’ নামের নতুন মডেলটি গুগলের আগের উন্নত ‘প্রো’ মডেলগুলোর তুলনায় আকারে বড়।

“এটা জটিল কাজের জন্য তৈরি আমাদের এ পর্যন্ত সবচেয়ে বেশি কার্যক্ষম মডেল।

“কোডিং ও সাইবার সুরক্ষার মূল বেঞ্চমার্কগুলোতে এটাকে ওপেনএআইয়ের অ্যাস্ট্রা ও অ্যানথ্রপিকের ওপাসের মতো মডেলগুলোর সমান বলেই আমরা মনে করছি।”

গুগল বলেছে, তারা মডেলটি নির্বাচিত কিছু সাইবার নিরাপত্তা পার্টনারকে সরবরাহ করছে ও ট্রাম্প প্রশাসনের প্রি-রিলিজ মডেল অ্যাক্সেস বিষয়ক স্বেচ্ছাসেবী প্রক্রিয়ায় অংশ নিচ্ছে।

মডেলটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে সে বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা বলেনি গুগল। পারফরম্যান্সের দিক থেকে বেশ কিছু ইন্ডাস্ট্রি বেঞ্চমার্কে অ্যাস্ট্রা ও ওপাসের চেয়ে ভালো নম্বর পেয়েছে আর্গন।

এরপরও, গুগল যে চারটি কোডিং-সম্পর্কিত বেঞ্চমার্ক তাদের প্রকাশনায় অন্তর্ভুক্ত করেছে তার দুটিতে এখনও কিছুটা পিছিয়ে রয়েছে নতুন এই মডেল।

তবে, কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, ‘জেমিনাই ৩.৫ প্রো’ বাজারে আনার পরিকল্পনা নেই গুগলের। এর আগে, কোম্পানিটির প্রধান নির্বাহী সুন্দার পিচাই মডেলটি জুনে বাজারে আনার কথা বলেছিলেন।

এদিকে, নিজেদের এআই ল্যাব ‘ডিপমাইন্ড’ সম্পূর্ণ ঢেলে সাজিয়েছে গুগল।

কয়েক মাস আগেরই ল্যাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস পদ থেকে সরে দাঁড়িয়েছেন ও জেমিনাই মডেলের বেশ কজন শীর্ষ নেতা কোম্পানিটি ছেড়ে চলে গেছেন।

এআই মডেল প্রকাশে এই দীর্ঘ দেরির কারণে অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের চেয়ে কিছুটা পিছিয়ে পড়েছে গুগল। কারণ, প্রতিদ্বন্দ্বী এসব কোম্পানি তাদের শীর্ষ মডেলগুলোর নতুন সংস্করণ এনে গবেষণার ক্ষেত্রে নিয়মিত এগিয়ে চলেছে।

গুগল এআই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে– জুলাইয়ে এমন ধারণার তীব্র প্রতিবাদ করেছিলেন পিচাই।

সাম্প্রতিক মাসগুলোতে জেমিনাইয়ের আধুনিক সক্ষমতার প্রচারের বদলে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন মডেলের তুলনায় এর খরচের সুবিধার দিকটিকেই বেশি গুরুত্ব দিয়ে নিজেদের বার্তা বা কৌশল পরিবর্তন করেছে গুগল।