Published : 15 Jan 2023, 08:10 PM
আইওএস সংস্করণের পর এবার ডেস্কটপ সংস্করণেও ‘ফর ইউ’ ট্যাব চালু করেছে ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম টুইটার।
এই সপ্তাহের শুরুতে সেবাটির আইওএস অ্যাপে অ্যালগরিদম ভিত্তিক ও বিপরীত কালানুক্রমিক ফিড অদল বদল করা ‘স্পার্কল’ নামের বাটনের পরিবর্তে ‘ফর ইউ’ ও ‘ফলোয়িং’ নামে দুটি ট্যাব চালু করেছে প্ল্যাটফর্মটি।
আরও পড়ুন
‘টিকটকের মতো’ টাইমলাইন টুইটার আনল আইওএস-এর জন্য
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, প্ল্যাটফর্মটির ওয়েব ব্রাউজারে আপডেট এলে অ্যাপটি খোলার পরপরই দেখা মিলবে ‘ফর ইউ’ ট্যাবের।
আইওএস-এর মতো ডেস্কটপ সংস্করণে নতুন এই ট্যাব ‘ডিফল্ট’ হিসেবে রাখার বাধ্যবাধকতা দেয়নি টুইটার। বিষয়টি যাচাই করে দেখেছেন প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদক।
তার টাইমলাইনে ‘ফর ইউ’ থেকে ‘ফলোয়িং’ ট্যাবে গিয়ে ব্রাউজার বন্ধের পর পরবর্তীতে সেটি আর পরিবর্তিত হয়নি। আর এতে নতুন ট্যাব খোলার পর ‘ফলোয়িং’ ট্যাবই ডিফল্ট হিসেবে দেখিয়েছে।
The “For you” and “Following” tabs replace “Home” and “Latest” and will be pinned to the top of your timeline so you can easily switch between them. Swipe to switch timelines instead of tapping the ✨ icon.
— Twitter Support (@TwitterSupport) January 11, 2023
গেল শুক্রবার টুইটার বলেছে, এই নতুন ইন্টারফেইস শীঘ্রই বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইসেও চলে আসবে।
২০২২ সালে প্রায় একই ধরনের ফিচার এনেছে টুইটার। ব্যবহারকারীকে এটি ‘হোম’ থেকে ‘লেটেস্ট টুইটস’ টাইমলাইনে অদলবদলের সুযোগ দিতো। কিন্তু ফিচারটি নিয়ে ব্যবহারকারীদের ক্রমাগত অভিযোগ আসায় কিছুদিন পর ধারণাটি বর্জন করে তারা।
২০২২ সালের শেষে এই পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাস্ক। সে সময় তিনি টুইট করেন, “মূল টাইমলাইনে ব্যবহারকারীর অনুসরণ করা ‘টপ’, ‘ট্রেন্ডিং’ ও ‘টপিকস’ অপশনের পাশে একটি সহজ ‘সোয়াইপ’ সুবিধা থাকা উচিৎ।”
“টুইটারের সার্চ নেভিগেশন ব্যবস্থা এরইমধ্যে আপনি অনুসন্ধানের পর এটি করে থাকে।”