২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

এয়ারবিএনবি’র নতুন নিয়মে চাদর, থালাবাসন ধোয়ার কাজ মালিকের

বুকিং সম্পন্ন হওয়ার পর কোনো মেসেজ, বাসার ভেতরে ঝুলিয়ে রাখা সাইনবোর্ড বা সরাসরি কথা বলে নতুন করে কোনো শর্ত চাপানো যাবে না।

এয়ারবিএনবি’র নতুন নিয়মে চাদর, থালাবাসন ধোয়ার কাজ মালিকের

এসব নিয়ম বা অনুরোধ সম্পর্কিত তথ্য কেবল লিস্টিংয়ের নির্ধারিত স্থানেই উল্লেখ করা যাবে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Oct 2026, 03:34 PM

Updated : 23 Oct 2026, 03:34 PM

নতুন নীতিমালায় অতিথিদের ওপর চাপিয়ে দেওয়া পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের সীমা পুনর্নির্ধারণ করেছে আবাসন ভাড়ার সুবিধাজনক বৈশ্বিক প্ল্যাটফর্ম এয়ারবিএনবি।

কোম্পানিটির সংশোধিত নীতিমালা অনুসারে, এখন থেকে কোনো বাড়িওয়ালা বা ‘হোস্ট’ ভ্রমণকারীদের কাছে কিছু বিষয়ে পরিষ্কারের অনুরোধ জানাতে পারলেও তা অবশ্যই ‘যুক্তিসঙ্গত’ হতে হবে।

এয়ারবিএনবি বলেছে, অতিথিদের মাধ্যমে বিছানার চাদর খুলে নেওয়া বা কাপড় ধোয়ানোর মতো শ্রমসাধ্য কাজ করতে বলা যাবে না। তবে ব্যবহৃত তোয়ালে নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখার অনুরোধ যুক্তিসঙ্গত হিসেবে বিবেচিত হবে।

‘যে ধরনের কাজে বেশি সময় বা পরিশ্রম প্রয়োজন বা যেগুলো সাধারণ পরিচ্ছন্নতাকর্মীদের কাজ এমন কোনো দায়িত্ব অতিথিদের ওপর না চাপাতে’ স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে নতুন এই নীতিমালায়।

‘হোস্ট’দের জন্য তাদের নিয়মনীতিতে আরও কিছু বড় পরিবর্তন আনছে এয়ারবিএনবি।

নতুন এই ব্যবস্থার অধীনে হোস্টরা তাদের প্রপার্টির জন্য নির্দিষ্ট সাতটি মানসম্মত বা ‘স্ট্যান্ডার্ড’ নিয়ম থেকে পছন্দ করে নিতে ও এর বাইরে কোনো নির্দেশনা থাকলে তা কেবল অনুরোধ হিসেবে যোগ করতে পারবেন।

নতুন নিয়ম অনুসারে, এসব নিয়ম বা অনুরোধ সম্পর্কিত তথ্য কেবল লিস্টিংয়ের নির্ধারিত স্থানেই উল্লেখ করা যাবে।

বুকিং সম্পন্ন হওয়ার পর কোনো মেসেজ, বাসার ভেতরে ঝুলিয়ে রাখা সাইনবোর্ড বা সরাসরি কথা বলে নতুন করে কোনো শর্ত চাপানো যাবে না।

এর ফলে এত দিন এয়ারবিএনবির বিভিন্ন বাসায় ঝুলে থাকা পরোক্ষ বা অনাকাঙ্ক্ষিত সাইনবোর্ডের ঝামেলা দূর হবে বলে আশা করা হচ্ছে।

তবে বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেবে কোম্পানিটি। যেমন ভাল্লুকপ্রবণ এলাকায় ব্যবহৃত ময়লা সুনির্দিষ্ট নিরাপত্তাবেষ্টনীতে ফেলার নিয়ম জারি রাখা যাবে।

এয়ারবিএনবির এই সংশোধিত নীতি ২০ নভেম্বর থেকে কার্যকর হবে।