০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্মার্ট হোম ডিভাইস বাজারে আনতে এলজির সঙ্গে হাত মেলাল অ্যাপল

অ্যাপলের লোগো বা ব্র্যান্ডিংয়ের পরিবর্তে এসব হার্ডওয়্যার পুরোপুরি ‘এলজির ব্যানারে’ বিক্রি হবে।

স্মার্ট হোম ডিভাইস বাজারে আনতে এলজির সঙ্গে হাত মেলাল অ্যাপল

স্মার্ট হোম পণ্যের নতুন লাইনআপটি আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে পারে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 01:08 PM

Updated : 08 Oct 2026, 01:08 PM

স্মার্ট হোম কার্যক্রম আরও বাড়াতে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স নির্মাতা কোম্পানি এলজি’র সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে যৌথভাবে বেশ কিছু নতুন গ্যাজেট তৈরি করেছে অ্যাপল।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রযুক্তি প্রতিবেদক মার্ক গারম্যানের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য সামনে এসেছে।

এলজির সাম্প্রতিক বিভিন্ন রেগুলেটরি ফাইলিং ও নথিপত্র বিশ্লেষণ করে ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, এ যৌথ উদ্যোগের ফলে বাজারে আসছে স্মার্ট ডোরবেল, স্মার্ট থার্মোস্ট্যাট, স্মার্ট ডেডবোল্ট লক, ইনডোর ও আউটডোর সিকিউরিটি ক্যামেরা ও ফ্লাডলাইট ক্যামেরা।

তবে অ্যাপলের লোগো বা ব্র্যান্ডিংয়ের পরিবর্তে এসব হার্ডওয়্যার পুরোপুরি ‘এলজির ব্যানারে’ বিক্রি হবে। এসব ডিভাইসের উৎপাদন ও সার্বিক প্রোডাক্ট সাপোর্টের মূল দায়িত্বে থাকবে দক্ষিণ কোরীয় কোম্পানিটি।

বিশ্লেষকরা বলছেন, স্মার্ট হোম পণ্যের নতুন লাইনআপটি আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে পারে।

এলজির প্রোডাক্ট লাইনআপটি অ্যাপলের একটি নতুন হাব ডিভাইসকে কেন্দ্র করে গড়ে উঠবে, যা নিয়ে গেল কয়েক বছর ধরে কাজ চলছে।

হোম টেকনোলজির পরিধি আরও বড় করতে অ্যাপলের এই পদক্ষেপে নতুন সংস্করণের হোমপড মিনি ও টিভি সেট-টপ বক্সও যোগ হতে পারে।

অ্যাপল-ব্র্যান্ডের নিজস্ব বিভিন্ন ডিভাইস বাজারে আসার প্রক্রিয়া খুব দ্রুত শুরু হলেও ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, এলজির তৈরি এসব পণ্য বাজারে পৌঁছাতে ‘আরও কয়েক মাস’ সময় লাগবে।

এই যৌথ প্রচেষ্টা এলজির ব্যবসায়িক কৌশলেরও বড় পরিবর্তন নির্দেশ করে। কারণ, স্মার্ট হোম পণ্যের চেয়ে ঘরের বড় ইলেকট্রনিক্স ও অ্যাপ্লায়েন্সের জন্য বেশি পরিচিত ব্র্যান্ড এলজি।

অতীতে অন্যান্য ক্ষেত্রেও অ্যাপলের পার্টনার হিসেবে কাজ করেছে এলজি। যার মধ্যে রয়েছে স্মার্ট টিভিতে অ্যাপলের সফটওয়্যার যোগ করা ও ম্যাকবুক ইকোসিস্টেমের জন্য থার্ড পার্টির মনিটর হিসেবে সেবা দেওয়া।

এ ছাড়া, অ্যাপলের বর্তমান ম্যাক মনিটর লাইনআপ ‘স্টুডিও ডিসপ্লে’ ও ‘স্টুডিও ডিসপ্লে এক্সডিআর’-এর প্যানেলগুলোও তারাই তৈরি করে।