২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

পাইলট ছাড়া ‘ক্রস কান্ট্রি’ প্লেন ওড়াল যুক্তরাষ্ট্রের জবি এভিয়েশন

ক্যালিফোর্নিয়ায় অবস্থিত জবির সদর দপ্তর ও সাউথ ক্যারোলাইনার শ’ এয়ার ফোর্স বেইস থেকে দূর নিয়ন্ত্রিত বা রিমোট পদ্ধতিতে প্লেনটির ওপর নজর রাখা হয়েছে।

পাইলট ছাড়া ‘ক্রস কান্ট্রি’ প্লেন ওড়াল যুক্তরাষ্ট্রের জবি এভিয়েশন

সাম্প্রতিক এ অর্জনের বাইরে জবি এভিয়েশন তাদের পূর্ণ বিদ্যুচ্চালিত ও পাইলটচালিত এয়ার ট্যাক্সির জন্যই বেশি পরিচিত। ছবি: জবি এভিয়েশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 07:10 PM

Updated : 21 Sep 2026, 07:10 PM

যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানব হস্তক্ষেপ ছাড়াই পুরো স্বয়ংক্রিয়ভাবে প্রথম প্লেন উড়িয়ে ইতিহাস গড়ার দাবি করেছে জবি এভিয়েশন।

নিজেদের তৈরি স্বচালিত ফ্লাইট প্রযুক্তি যোগ করে রূপান্তরিত এক ‘সেসনা ক্যারাভান’ প্লেন দিয়ে এ কৃতিত্ব অর্জন করেছে কোম্পানিটি।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, ক্যালিফোর্নিয়ার বুকানন ফিল্ড এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে নর্থ ক্যারোলাইনার আউটার ব্যাংকসের ডেরে কাউন্টি রিজিওনাল এয়ারপোর্টে গিয়ে এ যাত্রা শেষ হয়। সব মিলিয়ে মোট ৫ হাজার ১৪৮ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে প্লেনটি।

জবি বলেছে, প্লেনটিতে নিজস্ব প্রযুক্তি তারা এমনভাবে যোগ করেছিল যে বোর্ডে থাকা একজন সেইফটি পাইলটের কোনো ধরনের নিয়ন্ত্রণ বা ইনপুট ছাড়াই তা নিজেই ট্যাক্সিইং করা, উড্ডয়ন, ক্রুজিং ও অবতরণ করতে পেরেছে।

প্লেনে একজন মানব পর্যবেক্ষক উপস্থিত থাকলেও ক্যালিফোর্নিয়ায় অবস্থিত জবির সদর দপ্তর ও সাউথ ক্যারোলাইনার শ’ এয়ার ফোর্স বেইস থেকে দূর নিয়ন্ত্রিত বা রিমোট পদ্ধতিতে প্লেনটির ওপর নজর রাখা হয়েছে।

পূর্বাঞ্চল মুখী এই যাত্রা সফলভাবে সম্পন্ন করার পর জবির স্বয়ংক্রিয় প্লেনটি পশ্চিম দিকে ফিরতি পথ ধরবে এবং উত্তর ক্যারোলাইনার র‍্যালি, সল্টলেক সিটি ও অরেগনের পোর্টল্যান্ডসহ বেশ কয়েকটি শহরে যাত্রাবিরতি দেবে।

সাম্প্রতিক এ অর্জনের বাইরে জবি এভিয়েশন তাদের পূর্ণ বিদ্যুচ্চালিত ও পাইলটচালিত এয়ার ট্যাক্সির জন্যই বেশি পরিচিত।

গেল এপ্রিলে নিউ ইয়র্ক সিটিতে এসব ট্যাক্সির পরীক্ষামূলক প্রদর্শন শুরু করেছিল কোম্পানিটি। এ বছরের শেষদিকেই এগুলো মানুষের জন্য চালুর পরিকল্পনা রয়েছে তাদের।

জবির এ সর্বশেষ সাফল্য ব্যস্ত শহরে দ্রুত যাতায়াতের পরিধি ছাড়িয়ে কোম্পানিটির সক্ষমতাকে আরও বহুদূর নিয়ে যেতে পারে।

জবি বলেছে, তাদের এ স্বচালিত ফ্লাইট প্রযুক্তি যে কোনো প্রচলিত প্লেনের সঙ্গে ব্যবহার করা সম্ভব ও এটা বাণিজ্যিক পণ্য পরিবহন, জরুরি সাড়াদান বা সামরিক রসদ সরবরাহ খাতের মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে।