১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জি ২০ জোটে পারস্পরিক সহযোগিতা চায় বাংলাদেশ

অন্যান্য দেশের মতো বাংলাদেশও ডিজিটাল অর্থনীতি ও সমাজ গড়ে তুলতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারকে সক্ষমতার চাবিকাঠি হিসেবে ব্যবহার করছে,” বলেন পলক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 12:07 AM

Updated : 20 Aug 2023, 12:07 AM

জি ২০ জোটভুক্ত প্রত্যেক দেশের সমান অংশীদারিত্ব অটুট রাখতে প্রতিযোগিতার পরিবর্তে পারস্পরিক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

শনিবার ভারতের ব্যাঙ্গালোরে জি ২০ সম্মেলনে ‘ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই’ বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান তিনি। 

‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ স্লোগানে নিয়ে শুরু হওয়া বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর এ ফোরামে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তৃতা দেন পলক। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে সভায় প্রতিমন্ত্রীর বক্তব্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের বিভিন্ন ক্ষেত্রে ভারত অনেক এগিয়েছে উল্লেখ করে পলক বলেন, ডিজিটাল জন অবকাঠামো উন্নয়নে ভারতের ব্যবহৃত টুলগুলো ব্যবহার করতে আগ্রহী বাংলাদেশ।

প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশও ডিজিটাল অর্থনীতি ও সমাজ গড়ে তুলতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার অথবা ডিপিআইকে সক্ষমতার চাবিকাঠি হিসেবে ব্যবহার করছে।

তিনি বলেন, ২০১০ সালে প্রধানমন্ত্রী ন্যাশনাল পেমেন্ট সুইচ স্থাপনের সিদ্ধান্ত দেওয়ার পর এখন দেশে ৭১ মিলিয়ন মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট সৃষ্টি হয়েছে। একইভাবে আন্তঃলেনদেনের প্ল্যাটফর্ম ‘বিনিময়’ স্থাপনের পর এখন সব ধরনের পেমেন্ট গেটওয়ে ও অ্যাকাউন্টের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

“দেশের সব সরকারি সংস্থাগুলো এখন ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার অনুসরণ করে সংশ্লিষ্ট প্লাটফর্ম ‘মিয়াবাস’ ব্যবহার করছে।”

ভারতের কেন্দ্রীয় ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি ও রেল যোগাযোগমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সভাপতিত্বে সভায় মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, আরব আমিরাতসহ জোটভুক্ত অংশগ্রহণকারী দেশগুলোর মন্ত্রী এবং বিভিন্ন দেশের উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।