১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আচমকা ছবি তুলতে বলা অ্যাপটির ব্যবহারকারী দুই কোটি ছাড়াল

পোস্ট দিতে দেরি করলে বা পুনরায় নিজের ছবি তুললে সেটি ব্যবহারকারীর বন্ধুদের জানিয়ে দেয় অ্যাপটি। অ্যাপটির এই প্রকৃতির কারণে সমস্যাও হয়েছে বিস্তর।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2023, 05:51 PM

Updated : 25 Apr 2023, 05:51 PM

২০২২ সালে অ্যাপলের ‘আইফোন অ্যাপ অফ দ্য ইয়ার’-এর খেতাব পাওয়া সামাজিক প্ল্যাটফর্ম ‘বিরিয়েল’ জানান দিল, এখনও পুরোদমে চালু আছে অ্যাপটি। কোম্পানির দাবি, তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা এখন দুই কোটি ছাড়িয়েছে।

অ্যাপটি প্রতিদিন একেক দিন একেক সময়ে ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠায়, যেখানে অ্যাপটি সকল কাজ থেকে বিরতি নিয়ে ফোনের সামনের ও পেছনের ক্যামেরা দিয়ে পর্যায়ক্রমে ছবি তুলতে বলে।

নিজের জীবনের সত্যিকারের আপডেট শেয়ার করার লক্ষ্যে এইসব ছবি তোলার জন্য ব্যবহারকারী দুই মিনিট সময় পান। এমনকি মাঝে মাঝে তিনি নিজের চুল পরিপাটি করতে বা ছবি তোলার জন্য পছন্দসই আলো খুঁজে নাও পেতে পারেন। 

আর পোস্ট দিতে দেরি করলে বা পুনরায় নিজের ছবি তুললে সেটি ব্যবহারকারীর বন্ধুদের জানিয়ে দেয় অ্যাপটি।

অ্যাপটির এই প্রকৃতির কারণে সমস্যাও হয়েছে বিস্তর। এর ফলে, ব্যবহারকারীর নিজস্ব কম্পিউটার স্ক্রিনের সাদামাটা ছবি তুলে শেয়ার বা ক্লাস চলাকালীন ফোন বের করে ছবি তোলার মতো ঘটনাও দেখা গেছে বলে উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে।

এক বিশ্লেষক কোম্পানির তথ্যের উদ্ধৃতি দিয়ে মার্কিন এই সংবাদপত্র লিখেছে, সাম্প্রতিক মাসগুলোয় অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা ৬১ শতাংশ কমে গিয়ে ঠেকেছে ৬০ লাখের নিচে। অ্যাপের নতুনত্ব কমে আসা ও তুলনামূলক বড় প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর বিরিয়েলের নকল অ্যাপ তৈরি শুরু করাকে এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

নতুন এক ব্লগ পোস্টে বিরিয়েল দাবি করছে, তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা দুই কোটির বেশি। নিজেদের করা প্রথম ওই পোস্টে বিরিয়েল দল বলছে, ব্যস্ততার কারণে তারা চুপ ছিলেন।

“তবে, এর মানে দাঁড়ায়, আমরা কী করছি ও সবকিছু কেমন যাচ্ছে, সেইসব বিষয় নিয়ে দর্শকরা বিভিন্ন অনুমান প্রকাশ করছেন। আর সকল ক্ষেত্রে এটা ঠিকও নয়।” --পোস্টে লেখা ছিল।

এদিকে, বিরিয়েল এমন এক ফিচার চালু করেছে, যা ব্যবহাকারীর সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি তুলনামূলক কম আগ্রহী ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে ধরে রাখতে সহায়ক হতে পারে। 

‘বোনাস বিরিয়েল’ নামের এই সুবিধা বিশ্বের অন্যান্য জায়গায় চালুর আগে যুক্তরাজ্যে এর পরীক্ষা চালাচ্ছে কোম্পানিটি। ফিচারটির সহায়তায় ব্যবহারকারী নিজের পছন্দের সময়ে দৈনিক দুটি বাড়তি স্ন্যাপশট তোলার সুবিধা পাবেন। তবে, যতদিন তারা নিজেদের ছবি নিয়মিত বিরিয়েল অ্যাপে শেয়ার করবেন, ততদিন পর্যন্তই এই সুবিধা মিলবে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।