মিটিংয়ে বিব্রত ইয়াহুর সিইও
শেয়ারহোল্ডারদের মিটিং চলাকালীন ইয়াহুর সিইও মারিসা মেয়ারকে কয়েকজন বিনিয়োগকারী বিদ্রুপ করার চেষ্টা করেন।
ইন্টারনেটে বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইয়াহুর সিইও মারিসা মেয়ার মঙ্গলবার তার প্রথম শেয়ারহোল্ডারদের বৈঠকে অংশগ্রহণ করেছেন। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, শেয়ারহোল্ডারদের মিটিংয়ে মেয়ারকে বেশকিছু প্রশ্নে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
মেয়ার ইয়াহুর দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের মিটিংয়ে অংশ নিলেন। মিটিংয়ে মেয়ার বিনিয়োগকারীদের সঙ্গে ইয়াহুর নতুন সেবা এবং ব্যবসায়িক কৌশল নিয়ে কথা বলেন। মিটিং চলাকালীন মেয়ারকে তিনজন বিনিয়োগকারী ব্যবসা প্রতিষ্ঠান ওয়ালমার্ট নিয়ে বিদ্রুপ করার চেষ্টা করেন।
মেয়ার ওয়ালমার্টের একজন বোর্ড মেম্বার।
মিটিংয়ের প্রশ্নোত্তর পর্বে মেয়ার জানান, ইয়াহুর হোমপেইজ ফেব্রুয়ারিতে উন্নত করার পর ইউজার ইন্টারফেস ২৫ শতাংশ বেড়েছে। এ ছাড়াও ইয়াহুর বিভিন্ন সেবার প্রসঙ্গে তিনি কথা বলেন। তিনি আরও জানান, মে মাসে ফ্লিকার উন্নয়ন করার পর ছবি আপলোড আগের চেয়ে চারগুণ বেড়েছে।
মিটিংয়ের মেয়ার আরও জানিয়েছেন, ইয়াহু মে মাসের প্রতি সপ্তাহে ১০ হাজার চাকুরির আবেদন পেয়েছে। বিগত এক বছরে প্রতিষ্ঠানটিতে নিয়োগকৃতদের মধ্যে ১২ শতাংশ কর্মী ইয়াহু থেকে আগে চাকরি ছেড়ে দিলেও আবার ফিরে এসেছেন। এ বিষয়টিকে মেয়ার ‘বুমেরাং’ হিসেবে উল্লেখ করেন।
