২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নিলামে ইয়াহু সিইওর সঙ্গে লাঞ্চ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 02:08 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

টেক জায়ান্ট অ্যাপলের সিইও টিম কুকের পর এবার নিলামের দলে যোগ হলেন ইন্টারনেটে বিভিন্ন সেবাদাতা ইয়াহুর সিইও মারিসা মেয়ার। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, নিলামে বিজয়ী ব্যক্তি এক ঘণ্টা সময় পাবেন মেয়ারের সঙ্গে ইয়াহুর প্রধান কার্যালয়ে মধ্যাহ্নভোজ এবং ছবি তোলার জন্য।

নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান চ্যারিটিবাজের সিইও কপি হোলজম্যান জানিয়েছেন, মারিসা মেয়ার তার নিলামে সংগৃহীত অর্থ ‘অ্যাসপায়ার ইস্ট পালো আল্টো চার্র্টার স্কুল’-এ দান করতে চান। চুক্তি অনুযায়ী নিলামের মোট সংগৃহীত অথের্র ৮০ শতাংশ ওই স্কুলকে দেওয়া হবে। বাকি ২০ শতাংশ চ্যারিটিবাজ প্রতিষ্ঠানটি নিলাম পরিচালনাকারী হিসেবে রাখবে।

হোলজম্যান বলেন, “প্রযুক্তিবিশ্বের অনেককেই এখন সুপারস্টার বলা যায়। টিম কুক এবং মারিসা মেয়ারের মতো ব্যক্তিরা তাদের অন্যতম।”

এখন পর্যন্ত মেয়ারের নিলামে অংশগ্রহণকারীদের একজন ৪০ হাজার ৫০০ ডলার পর্যন্ত দর হাকিয়েছেন বলেও জানায় প্রতিষ্ঠানটি। মারিসা মেয়ারের এ নিলাম ২৭ জুন পর্যন্ত চলবে।

চ্যারিটিবাজের নিলামে এর আগে অপরাহ উইনফ্রে, জে-জি ও টিম কুকের মতো ব্যক্তিরা অংশগ্রহণ করেছিলেন।