Published : 11 Aug 2026, 06:47 PM
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো গড়ে তুলতে ওয়াল স্ট্রিটের ছয় শীর্ষ আর্থিক কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে মার্কিন চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া।
রয়টার্স লিখেছে, ৫০ হাজার কোটি ডলারের মোটা অংকের তহবিল সংগ্রহের লক্ষ্যে যৌথভাবে এ 'কম্পিউটিং ফাইন্যান্সিং প্ল্যাটফর্ম' চালুর ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
সোমবার এআইয়ের প্রযুক্তি চালনা ও তা সম্প্রসারণে বিশেষ এই প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি জায়ান্ট।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেন, “প্রয়োজনে এসব চুক্তির সম্ভাব্য তহবিলের সর্বোচ্চ ২৫ শতাংশ বা ১২ হাজার ৫০০ কোটি ডলার পর্যন্ত আর্থিক জামানত দেওয়ার সুযোগ রয়েছে এনভিডিয়ার।”
রয়টার্স তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিউজলেটারে বলেছে, নতুন এ পদক্ষেপে ইঙ্গিত মিলেছে, এআই কম্পিউটিং ক্ষমতার তীব্র চাহিদা এখন বিশ্বজুড়ে বড় বিনিয়োগকারীদের ব্যাপকভাবে আকর্ষণ করছে, বিশেষ করে বিভিন্ন দেশের সরকার, বিশ্বখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান ও নতুন স্টার্টআপগুলো এআই প্রযুক্তির বিপুল কাজের চাপ সামলাতে উন্নত ডেটা সেন্টার তৈরিতে প্রতিযোগিতা করছে।
এর আগে, বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো ইঙ্গিত দিয়েছিল, এআই প্রযুক্তির পেছনে তাদের খরচের যে জোয়ার বইছে তা থমকে যাওয়ার কোনো লক্ষণ নেই। এ বছরেই এ খাতে তাদের সম্মিলিত বিনিয়োগের পরিমাণ ৭৩ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই বিশেষ ফাইন্যান্সিং প্ল্যাটফর্ম গড়ে তুলতে এরইমধ্যেই বিশ্বখ্যাত আর্থিক কোম্পানি অ্যাপোলো, ব্ল্যাকরক, ব্ল্যাকস্টোন, ব্রুকফিল্ড, গোল্ডম্যান স্যাকস ও কেকেআর-এর সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে এনভিডিয়া।
কোম্পানিটি বলেছে, “সামনের সারির এআই ডেভেলপার, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও ক্লাউড সেবাদাতাদের কাছে এনভিডিয়াভিত্তিক অবকাঠামোর নাগাল আরও বিস্তৃত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
“পাশাপাশি উদ্যোগটি বড় সম্পদ ব্যবস্থাপনা ও বেসরকারি মূলধন বিনিয়োগকারী কোম্পানির জন্য দীর্ঘমেয়াদী ও ব্যবহারভিত্তিক নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে।”
এআইয়ের যুগে প্রতিটি শিল্প খাত ও রাষ্ট্রকে চালিত করার জন্য প্রয়োজনীয় ‘এআই কারখানা’ গড়ে তুলতে এবং অপ্রতুল কম্পিউটিং সক্ষমতার বড় মাপের সুযোগ নিশ্চিত করতে ক্রেতাদের সহায়তায় এগিয়ে এসেছে এনভিডিয়া।
প্রযুক্তি জায়ান্টটির সিইও জেনসেন হুয়াং বলেছেন, “এই অর্থায়ন প্ল্যাটফর্মগুলো এআইয়ের যুগে ক্রেতাদের সহজ শর্তে অপ্রতুল কম্পিউটিং ব্যবহারে সহায়তা এবং এমন সব এআই কারখানা তৈরিতে সাহায্য করবে, যা প্রতিটি শিল্প খাত ও দেশকে চালিত করবে।”
এনভিডিয়া বলেছে, তাদের এই নতুন ব্যবস্থার মাধ্যমে ক্রেতারা ‘আকর্ষণীয় সুদের হারে ও বড় পরিসরে বিশেষ আর্থিক তহবিল’ সুবিধা পাবেন।
তবে নতুন এ প্ল্যাটফর্মে এককভাবে কোন কোম্পানি কতটুকু বিনিয়োগ করছে এর নির্দিষ্ট আর্থিক শর্তাবলী বা প্রস্তাবিত ৫০ হাজার কোটি ডলার কীভাবে ও কোন সময়সীমার মধ্যে খরচ করা হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এনভিডিয়া।