গৃহযুদ্ধের সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা
গত বছরে মার্কিন সেনেটের বিশেষ কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার সময় একই অভিযোগ তুলেছিলেন কোম্পানির তথ্য ফাঁসকারী সাবেক কর্মী।
ফেইসবুকের অ্যালগোরিদম ইথিওপিয়ায় গৃহযুদ্ধের সহিংসতা উসকে দিয়েছিল– এমন অভিযোগে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের কোম্পানি মেটার বিরুদ্ধে মামলা করেছেন একদল ভুক্তভোগী।
বিবিসি জানিয়েছে, মেটার কাছে ২০০ কোটি ডলার ক্ষতিপূরণের পাশাপাশি ফেইসবুকের অ্যালগোরিদমে পরিবর্তন আনার দাবি করছেন ওই মামলাকারীরা।
এ বিষয়ে মেটার এক মুখপাত্রের ভাষ্য, বিদ্বেষ আর সহিংসতার প্রচার তাদের প্ল্যাটফর্মের নীতিমালার বিরোধী।
“ইথিওপিয়ায় আমাদের নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়ক কর্মকাণ্ড পরিচালিত হয় স্থানীয় সংগঠন আর আন্তর্জাতিক সংস্থাগুলোর মতামতের ভিত্তিতে,” বিবিসিকে বলেছেন তিনি।
কনটেন্ট মডারেশন প্রক্রিয়া ও আনুসাঙ্গিক প্রযুক্তি উন্নয়নের ব্যাপক হারে বিনিয়োগের দাবি করে আসছে ফেইসবুকের মূল কোম্পানি মেটা। কিন্তু গত বছর কোম্পানির সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন মার্কিন সেনেটের এক বিশেষ কমিটির কাছে অভিযোগ তোলেন– ইংরেজি ছাড়া অন্য ভাষার কনটেন্ট মডারেশনে বিনিয়োগের আগ্রহ নেই ফেইসবুকের; পোস্টের ব্যাপক প্রচার থেকে আসা ট্রাফিক আর বিজ্ঞাপনী আয়েই সন্তুষ্ট থাকে জাকারবার্গের কোম্পানি।
পরিস্থিতি দুর্ভিক্ষের মত
বিবিসি জানিয়েছে, মেটার কাছে ২০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে কেনিয়ার আদালতে মামলাটি করেছে ফক্সগ্লাভ নামের একটি সংগঠন। কেনিয়ার রাজধানী নাইরোবিতে নিজস্ব কনটেন্ট মডারেশন হাব আছে মেটার।
ইথিওপিয়ার উত্তর তিগ্রে অঞ্চলের বামপন্থি জাতীয়তাবাদী সামরিক শক্তির সঙ্গে দেশটির সরকারি বাহিনীর সহিংস সংঘাতে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ; আরও অন্তত চার লাখ মানুষ দুর্ভিক্ষের মত পরিস্থিতিতে বসবাস করছেন।
দুই বছরের সহিংসতার পর নভেম্বর মাসে আকস্মিক শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটিয়েছে উভয় পক্ষ। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে ওই অঞ্চলের আমহারা এবং ওরোমো ভাষাভাষীদের মধ্যে জাতিগত বিদ্বেষের জেরে সহিংসতা আবারও বেড়েছে বলে জানিয়েছে বিবিসি।
গত বছরে এমনই এক সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ইথিওপিয়ার শিক্ষবিদ অধ্যাপক মেরেগ আমারে আবরাহা। ২০২১ সালের ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলে তাকে অনুসরণ করে একদল সশস্ত্র ব্যক্তি; বাড়িতে ঢোকার পথে তাকে গুলি করে আততায়ীরা।
গুলিবিদ্ধ মেরেগের সহযোগিতায় এগিয়ে যেতেও আশপাশের মানুষকে বাধা দেয় আততায়ীরা; রক্তাক্ত অবস্থায় সাত ঘণ্টা মাটিতে পড়ে থাকার পর মারা যান তিনি।
মেটার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীদের তালিকায় অধ্যাপক আবরাহার ছেলে আবরাহাম মেরেগও আছেন বলে জানিয়েছে বিবিসি।
অধ্যাপক মেরেগের ওপর ওই হামলার আগে ফেইসবুকে তার বিরুদ্ধে ব্যাপকহারে বিদ্বেষমূলক প্রচার চালানো হয়েছিল এবং ব্যক্তিগত তথ্য-উপাত্ত ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
তার ছেলে বলেছেন, বারবার ওই পোস্টগুলো নিয়ে ফেইসবুকের কাছে অভিযোগ জানানো হলেও মেরেগের মৃত্যুর আগ পর্যন্ত তারা কোনো পদক্ষেপ তা নেয়নি।
মামলায় বলা হয়, অধ্যাপক মেরেগের মৃত্যুর পর একটি পোস্ট মুছে দিয়েছে ফেইসবুক; আরেকটি পোস্ট ফেইসবুকে ছিল চলতি বছরের ৮ ডিসেম্বর পর্যন্ত।
অপর্যাপ্ত মডারেশন
“ফেইসবুক যদি ঘৃণা-বিদ্বেষের প্রচার থামিয়ে পোস্ট সঠিকভাবে মডারেশন করত, তবে আমার বাবা এখনও বেঁচে থাকতেন,” বিবিসিকে বলেছেন আবরাহাম মেরেগ।
আর কোনো পরিবারকে যেন তার নিজের পরিবারের মত দুর্দশার মধ্যে দিয়ে যেতে না হয়– তা নিশ্চিত করতে চান তিনি।
আদালতে দেওয়া জবানবন্দিতে আবরাহাম মেরেগ অভিযোগ করেছেন, ফেইসবুকের অ্যালগোরিদম বিদ্বেষমূলক এবং উসকানিমূলক কনটেন্ট বাড়তি গুরুত্ব দিয়ে প্রচার করে, কারণ ফেইসবুকে মানুষের সময় কাটানোর সম্ভাবনা বেড়ে যায়।
আফ্রিকায় ফেইসবুকের কনটেন্ট মডারেশন কর্মকাণ্ড ‘একেবারেই অপর্যাপ্ত’ বলে দাবি করেছেন তিনি। আমহারিক, ওরোমো এবং তিগ্রিনিয়ার মত বহুল প্রচলিত ভাষার কনটেন্টের ওপর নজরদারি ও সম্পাদনার কাজে নিয়োজিত ফেইসবুক কর্মীর সংখ্যা প্রয়োজনের চেয়ে অনেক কম বলেও অভিযোগ আবরাহাম মেরেগের।
এ বিষয়ে ফেইসবুকের মূল কোম্পানি মেটা বিবিসিকে বলেছে, “আমরা স্থানীয় পরিস্থিতি সম্পর্কে জানেন এমন কর্মীদের নিয়োগ দিচ্ছি এবং সবচেয়ে প্রচলিত ভাষায় প্রচারিত সহিংস কনটেন্ট চিহ্নিত করার সক্ষমতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছি। আমহারিক, ওরোমো, সোমালি এবং ট্রিগ্রিনিয়া আছে সে তালিকায়।
