এবার কানাডার সরকারি ওয়েবসাইটে নজর পড়েছিল এআই এজেন্টের
এর আগে ওপেনএআইয়ের এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য পোর্টালে অনুমতি ছাড়া প্রবেশ করেছিল, যা ছিল কোনো সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিংয়ের প্রথম পরিচিত ঘটনা।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টরা কানাডার এক সরকারি ওয়েবসাইটে হ্যাকিংয়ের চেষ্টা চালিয়েছিল বলে জানিয়েছে এক এআই গবেষণা কোম্পানি।
বুধবার প্রকাশ পাওয়া ওই প্রতিবেদনে বিষয়টিকে একটি ব্যর্থ হ্যাকিং প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে এআই গবেষণা কোম্পানি ‘ট্রান্সলুস’। তবে কানাডা সরকার বলেছে, এ ঘটনায় তাদের সরকারি সিস্টেমে কোনো ধরনের অনুপ্রবেশের লক্ষণ পাওয়া যায়নি।
গবেষণা কোম্পানি ‘ট্রান্সলুস’ বলেছে, ওইসব আক্রমণে এমন সব কৌশল ব্যবহৃত হয়েছে, যার সঙ্গে ‘অতীতে ওপেনএআইয়ের মডেল বা এজেন্টদের কৌশলের মিল পাওয়া গেছে’।
তবে গবেষণা কোম্পানিটি বলেছে, তারা নিশ্চিতভাবে এ সাইবার হামলার চেষ্টার জন্য ওপেনএআই’কে দায়ী করছে না।
এক ব্লগ পোস্টে ট্রান্সলুস বলেছে, এসব এআই এজেন্ট ২৮ মে ও ৯ জুন ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’র সিস্টেমে প্রবেশের চেষ্টা চালায়। সোমবার বিষয়টি কানাডা সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ট্রান্সলুস।
এদিকে, মঙ্গলবার ‘কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটি’ বিবৃতিতে বলেছে, তারা সন্দেহজনক এআই এজেন্টের কার্যকলাপ সম্পর্কিত খবরের বিষয়ে জানে।
“এ মুহূর্তে সরকারি সিস্টেমে অনুপ্রবেশের কোনো লক্ষণ নেই।”
ট্রান্সলুস তাদের বক্তব্যে বলেছে, “আমরা এই প্রচেষ্টার জন্য নিশ্চিতভাবে ওপেনএআইকে দায়ী করছি না। তবে এতে এমন কিছু কৌশল দেখা গেছে, যা এর আগে ওপেনএআইয়ের সঙ্গে যোগ বলে আমরা চিহ্নিত করেছিলাম এমন এজেন্ট কার্যকলাপের সঙ্গে মেলে।”
অন্যদিকে, ওপেনএআই বলেছে, তারা ‘নিজেদের মডেলগুলোর কানাডীয় সরকারি ওয়েবসাইট থেকে সবার জন্য উন্মুক্ত তথ্য সংগ্রহের চেষ্টার বিষয়ে আসা খবরগুলো সম্পর্কে অবগত’।
কোম্পানিটির একজন মুখপাত্র বলেছেন, ওপেনএআই বর্তমানে এ সংক্রান্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করছে ও সরকারি এই পর্যালোচনার দায়িত্বে থাকা কানাডীয় কর্মকর্তাদের প্রাথমিক ব্রিফিং দিয়েছেন।
এআইয়ের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে সরকার
বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন এআই কোম্পানি মানবজাতির জন্য এআইয়ের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে এই ক্রমাগত শক্তিশালী প্রযুক্তি নিয়ন্ত্রণে বিভিন্ন সরকারকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছে।
তবে, বিশ্বের বিভিন্ন দেশের সরকার এআই প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে।
ট্রান্সলুস বলেছে, ২৮ মে ও ৯ জুন ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’র ‘কালেকশন-সার্চ’ সার্ভিসে ৮৯৯টি অনুরোধ রেকর্ড করেছে পর্তুগালের জাতীয় ওয়েব আর্কাইভ ও ফ্রি অনলাইন সার্ভিস ‘আর্কিবুপোন্তুপেতে’, যা ‘পর্তুগিজ ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র মাধ্যমে পরিচালিত। এর মধ্যে প্রাথমিক স্তরের কিছু হ্যাকিং চেষ্টার সিরিজ ব্যর্থ হওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
সাম্প্রতিক সময়ে অনিয়ন্ত্রিত এআই এজেন্টদের মাধ্যমে বিশ্বজুড়ে ঘটা বেশ কয়েকটি সাইবার লঙ্ঘন সরকার ও বিভিন্ন সংস্থাকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।
গেল সপ্তাহে অস্ট্রেলিয়া সরকার বলেছে, জুনে ওপেনএআইয়ের একটি এজেন্ট তাদের সরকারি স্বাস্থ্য ডেটা পোর্টালের ফাইলগুলোতে অননুমোদিত প্রবেশাধিকার পেয়েছিল। কোনো সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিংয়ের এটাই ছিল প্রথম পরিচিত ঘটনা।
অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে অনিয়ন্ত্রিত এআই এজেন্টের এই হ্যাকিংয়ের ঘটনায় মঙ্গলবার দুঃখ প্রকাশ করেছে ওপেনএআই।
