Published : 11 Aug 2025, 08:56 PM
এক রাতের মধ্যে দাম বাড়ার ফলে আবারও সর্বোচ্চ দামে পৌঁছল বিটকয়েন। ২০২১ সালের পর প্রথমবারের মতো নতুন রেকর্ডে পৌঁছেছে ডিজিটাল মুদ্রা ইথারের দাম।
ক্রিপ্টোকারেন্সি ডেটা অ্যানালিটিক্স কোম্পানি ‘কয়েন মেট্রিক্স’-এর তথ্য অনুসারে, বিটকয়েনের দাম সর্বশেষ এক শতাংশ বেড়ে প্রায় এক লাখ ২০ হাজার ডলারে দাঁড়িয়েছে।
এদিকে, ইথারের দাম এখন কিছুটা কমে দাঁড়িয়েছে চার হাজার একশ ৮১ ডলারে। এর আগে রোববার দিনে মুদ্রাটির দাম বেড়ে ২০২১ সালের ডিসেম্বরের পর সবচেয়ে বেশি হয়েছে। শুক্রবার অনেকদিন পর প্রথমবারের মতো চার হাজার ডলারের ওপরে উঠেছে ইথারের দাম।
বিটকয়েন ও ইথারের মতো ক্রিপ্টোকারেন্সির দাম বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বিনিয়োগকারীরা এখন অপেক্ষায় রয়েছেন আগামীর মুদ্রাস্ফীতি নিয়ে আসা প্রতিবেদনে কোন বিষয়গুলো উঠে আসে।
ক্রিপ্টোকারেন্সির এসব ফলাফল বাজারের ওপর বড় প্রভাব ফেলতে পারে। শেয়ারবাজারও এখন প্রায় ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে চলেছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
ক্রিপ্টোকারেন্সির দাম বাড়ার প্রভাব পড়েছে ক্রিপ্টো ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন কোম্পানির শেয়ার মূল্যেও। বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ ‘কয়েনবেইস’-এর শেয়ার মূল্য বেড়েছে তিন শতাংশের বেশি।
অন্যদিকে, বিটকয়েনের সঙ্গে জড়িত ‘গ্যালাক্সি ডিজিটাল’-এর শেয়ার মূল্য তিন শতাংশ ও ‘স্ট্র্যাটেজি’-এর বেড়েছে দুই শতাংশের বেশি। ‘মারা হোল্ডিংস’, ‘রায়ট প্ল্যাটফর্মস’ ও ‘আইরেন’-এর মতো বিটকয়েন মাইনিং কোম্পানিরও শেয়ার মূল্য বেড়েছে তিন শতাংশের বেশি।
‘১০এক্স রিসার্চ’-এর সিইও মার্কাস থিলেন বলেছেন, ক্রিপ্টোকারেন্সির এই দাম বেড়ে যাওয়া মূলত এশিয়ার বাজারে অনেক বড় পরিমাণে ক্রয়-বিক্রয়ের কারণেই হয়েছে, যার পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণের দ্রুত বৃদ্ধি।
তিনি আরও বলেছেন, জুলাইয়ের শুরুতে বিটকয়েন যখন তার ‘স্থিতিশীল অবস্থান’ থেকে বের হয়ে বাড়তে শুরু করে তখনই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘বিগ বিউটিফুল বিল’ নামের এক আইনে সই করেন যাতে মার্কিন ঋণের সীমা পাঁচ ট্রিলিয়ন ডলার বাড়ানো হয়।
“বিটকয়েনের দাম যেভাবে বাড়ছে তা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্রুত সময়ে ঋণ বৃদ্ধির কারণেই এমনটি হচ্ছে। আর এ গতি যেন থামছেই না। অর্থনীতি শক্তিশালী থাকুক বা মন্দায় পড়ুক, নতুন ঋণের প্রচুর প্রবাহ বিটকয়েন ও সোনার মতো সম্পদের জন্য সহায়ক শক্তি।”