০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

দৈনিক থ্রেডস ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ কোটি

অল্প সময়েই এ টেক্সটভিত্তিক অ্যাপটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে, যা মেটার জন্য বড় এক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক থ্রেডস ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ কোটি
থ্রেডসের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মটিতে এখন বিজ্ঞাপনও ধীরে ধীরে বাড়াচ্ছে মেটা। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2025, 04:38 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

এখন প্রতিদিন ১৫ কোটি মানুষ ব্যবহার করছে মেটা’র থ্রেডস। জনপ্রিয়তা দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাপটির মাধ্যমে আয় বৃদ্ধির দিকেও গুরুত্ব দিচ্ছে মেটা। এজন্য অ্যাপটিতে বিজ্ঞাপন বাড়াচ্ছে কোম্পানিটি।

মেটার তৃতীয় প্রান্তিকের আয়ের প্রতিবেদন এ আনন্দের খবরটি জানিয়েছেন কোম্পানি প্রধান মার্ক জাকারবার্গ। এর আগে, অগাস্টে মেটা বলেছিল, মাসে ৪০ কোটিরও বেশি ব্যবহারকারী থ্রেডস ব্যবহার করছেন।

অল্প সময়েই এ টেক্সটভিত্তিক অ্যাপটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে, যা মেটার জন্য বড় এক সাফল্য হিসেবে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

জাকারবার্গ আগেই বলেছিলেন, একদিন মেটার পরবর্তী একশ কোটি ব্যবহারকারীর অ্যাপ হতে পারে থ্রেডস। এবার তিনি বলেছেন, অ্যাপটি এখন ‘নিজের ক্ষেত্রে শীর্ষস্থানীয় অ্যাপ হওয়ার পথে রয়েছে’। অ্যাপে ব্যবহারকারীদের কাটানো সময় ১০ শতাংশ বেড়েছে এবং এ অগ্রগতির কৃতিত্ব মেটার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক পরামর্শ সিস্টেমকে দিয়েছেন জাকারবার্গ।

বুধবার মেটার আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি বলেছেন, থ্রেডসের জন্য অ্যালগরিদম পর্সোনালাইজেশন নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও ‘কাজ করছে’ মেটা।

কোম্পানিটি বর্তমানে ইনস্টাগ্রামে এমন এক ফিচার পরীক্ষা করছে, যেখানে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুসারে অ্যালগরিদমের বিভিন্ন রেকোমেন্ডশন বা সুপারিশ ‘সমন্বয়’ বা ঠিক করে নিতে পারবেন।

থ্রেডসের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মটিতে এখন বিজ্ঞাপনও ধীরে ধীরে বাড়াচ্ছে মেটা। বিশ্লেষকদের সঙ্গে আলোচনার সময় মেটার প্রধান অর্থ কর্মকর্তা সুসান লি বলেছেন, থ্রেডসের ফিডে এখন বিশ্বজুড়েই বিজ্ঞাপন চলছে।

এর আগে, এ বছরের শুরুতে ছোট পরিসরে পরীক্ষা চালানোর পর ৩০টি দেশে থ্রেডস ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন চালু করেছিল মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।

এ সপ্তাহে কোম্পানিটি বলেছে, থ্রেডসে বিজ্ঞাপনের ধরন বাড়াচ্ছে তারা, যার মধ্যে ভিডিও বিজ্ঞাপনও থাকবে।

এ বিষয়ে লি বলেছেন, “আমরা আমাদের প্রচলিত আয় বাড়ানোর কৌশল মেনে বিজ্ঞাপনের ফরম্যাট ও কার্যকারিতা উন্নত করছি।”

আরও পড়ুন…

মাসে ৪০ কোটি ছাড়িয়েছে থ্রেডস ব্যবহারকারীর সংখ্যা

থ্রেডস ব্যবহারকারীর সংখ্যা এখন ৩০ কোটি