১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাসে ৪০ কোটি ছাড়িয়েছে থ্রেডস ব্যবহারকারীর সংখ্যা

মার্ক জাকারবার্গের লক্ষ্য ছিল এটিকে ‘একটি পাবলিক কনভার্সেশন অ্যাপ বানানো যেখানে এক বিলিয়নেরও বেশি মানুষ থাকবে’।

মাসে ৪০ কোটি ছাড়িয়েছে থ্রেডস ব্যবহারকারীর সংখ্যা
মোবাইলে থ্রেডসের ব্যবহার এক্স-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে। ছবি: মেটা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 08:19 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

সামাজিক মাধ্যম এক্স-এর প্রতিযোগী থ্রেডস দ্রুতগতিতে এর ব্যবহারকারী বাড়িয়ে চলছে। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা এখন ৪০ কোটি ছাড়িয়েছে।

মার্কিন বিজনেস ম্যাগাজিন ‘ফাস্ট কোম্পানি’র প্রতিবেদন বলছে, এর আগে ২০২৪ এর অগাস্টে থ্রেডস ২০ কোটি এবং ডিসেম্বরে ৩০ কোটির মাইলফলক পেরিয়েছিল।

ওই প্রতিবেদনে মার্কেটিং ইন্টেলিজেন্স কোম্পানি সিমিলারওয়েবের তথ্যও উল্লেখ রয়েছে, যেখানে দেখা যায় মোবাইল প্ল্যাটফর্মে থ্রেডসের ব্যবহার ধীরে ধীরে এক্স-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে।  

গত জুনে মোবাইল ডিভাইসে থ্রেডস-এর দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১১ কোটি ৫১ লাখ আর এক্স এর ছিল ১৩ কোটি ২০ লাখ। সংখ্যাগুলো থ্রেডস-এর ক্ষেত্রে এক বছরে একশ ২৮ শতাংশ বৃদ্ধি এবং এক্স-এর ক্ষেত্রে আগের বছরের তুলনায় ১৫ শতাংশ নিচে নেমেছে।

২০২৩ সালে থ্রেডস প্ল্যাটফর্মটি চালুর সময় মেটা প্রধান মার্ক জাকারবার্গের লক্ষ্য ছিল এটিকে ‘একটি পাবলিক কনভার্সেশন অ্যাপ’ বানানো যেখানে একশ কোটিরও বেশি মানুষ থাকবে।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে লিখছে, প্ল্যাটফর্মটি চালু হবার এক বছর পরও ব্যবহারকারী ও ফিচারের ক্ষেত্রে অনেক কাজ করার জায়গা ছিল। তবে এরইমধ্যে থ্রেডস কিছু গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করেছে যেমন ডাইরেক্ট মেসেজ এবং বাইরের লিংকে গুরুত্ব দেওয়া।

তবে থ্রেডস এখনও অন্যান্য ওয়েবসাইটে তেমন ট্রাফিক পাঠাতে পারছে না। এর ফলে কনটেন্ট ক্রিয়েটর, প্রকাশক ও মেটার বাইরে থাকা ওয়েবসাইটনির্ভর ব্যবসার কাছে প্ল্যাটফর্মটি আকর্ষণ হারাতে পারে।

সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী, দৈনিক গড়ে ১১ কোটি ৫০ লাখের বেশি ব্যবহারকারী থাকা সত্ত্বেও এই বাইরের লিংকে ভিজিট সংখ্যা তুলনামূলকভাবে এখনও খুবই কম।