প্রজনন স্বাস্থ্যে নতুন প্রযুক্তির সূচনায় হাত মেলাল গুগল ও ফ্লো
নারীদের প্রজনন ও ঋতুচক্র বিষয়ক স্বাস্থ্যে যেসব ক্ষেত্র এতদিন অবহেলিত ছিল সেগুলোতে নতুন গবেষণামূলক উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে এই যৌথ চুক্তির আওতায়।
নারীদের ঋতুচক্র ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক আরও সুনির্দিষ্ট ও তথ্যভিত্তিক পরিষেবা দিতে জনপ্রিয় স্বাস্থ্যভিত্তিক অ্যাপ ফ্লো হেলথের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।
এ যৌথ উদ্যোগের আওতায় গুগল হেলথ অ্যাপে নারীদের স্বাস্থ্যের বিস্তারিত ডেটা যোগ করা ও এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নতুন প্রযুক্তি পণ্য তৈরির পরিকল্পনা করছে দুই প্রযুক্তি কোম্পানি।
তবে নতুন হার্ডওয়্যার প্রযুক্তি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি গুগল।
তারা কেবল বলেছে, প্রযুক্তি পণ্যগুলোতে ‘নারীদের স্বাস্থ্য সচেতনতায় ফ্লো-এর বিশেষ অভিজ্ঞতা এবং অ্যালগরিদমের পাশাপাশি গুগলের পরিধানযোগ্য প্রযুক্তি ও উন্নত সেন্সর ব্যবস্থার সমন্বয় ঘটানো হবে’।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, এ যৌথ উদ্যোগের প্রথম সুফল পাওয়া যাবে আগামী বছরের শুরুতে। এ সময় ফ্লো হেলথের ডেটা আনুষ্ঠানিকভাবে যোগ হবে গুগল হেলথ অ্যাপে।
গুগল বলেছে, পুরোপুরি ব্যবহারকারীর ইচ্ছাধীন প্রক্রিয়ায় পরিচালিত হবে এ পরিষেবা।
“ব্যবহারকারীর স্পষ্ট অনুমতি ছাড়া এক অ্যাপ থেকে অন্য অ্যাপে কোনো ডেটা স্থানান্তরিত হবে না। প্রতিটি তথ্যের ধরন ও ব্যবহারের উদ্দেশ্যের জন্য আলাদা অনুমতি নিতে হবে। পাশাপাশি ব্যবহারকারী চাইলে যে কোনো সময় এই অনুমতি বাতিলও করতে পারবেন।”
গুগল বলেছে, ফ্লো হেলথের এসব স্পর্শকাতর তথ্য কোনো ধরনের বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হবে না এবং এটা বিক্রি বা অন্য কোনো অ্যাপ ও ডেভেলপারের সঙ্গে শেয়ারও হবে না।
যেসব ব্যবহারকারী এই সেবায় যোগ হতে রাজি হবেন তাদের ফ্লো অ্যাপের সংগৃহীত তথ্য অন্যান্য স্বাস্থ্যবিষয়ক উপাত্তের পাশাপাশি গুগল হেলথ অ্যাপে দেখানো হবে। একইভাবে গুগল হেলথের তথ্যও দেখা যাবে ফ্লো অ্যাপে।
এ ছাড়া, যারা ‘গুগল হেলথ প্রিমিয়াম’-এর গ্রাহক তাদের জন্য ফ্লো’র এসব তথ্য সরাসরি যোগ হবে ‘গুগল হেলথ কোচ’-এর সঙ্গে।
এর মাধ্যমে এআইচালিত এ স্বাস্থ্য পরামর্শক প্রত্যেক ব্যবহারকারীর শারীরিক অবস্থা অনুসারে আরও ব্যক্তিগত ও নিখুঁত পরামর্শ দিতে পারবে।
গুগল তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, “ঘুম, দৈনিক কাজের প্রস্তুতি, শারীরিক সক্রিয়তা ও ধকল সামলে ওঠার তথ্যগুলোকে একসঙ্গে মেলালে ঋতুচক্রের বিভিন্ন ধাপ ও জীবনের নানা পর্যায়ে একজন মানুষের সার্বিক স্বাস্থ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব।”
সার্চ জায়ান্টটি বলেছে, এ অংশীদারিত্ব দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে।
পাশাপাশি নারীদের প্রজনন ও ঋতুচক্র বিষয়ক স্বাস্থ্যের যেসব ক্ষেত্র এতদিন গবেষণায় অবহেলিত থেকে গেছে, সেগুলোতে নতুন গবেষণামূলক উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে এই চুক্তির আওতায়।
