Published : 07 May 2026, 05:39 PM
অভ্যন্তরীণ কর্মী অসন্তোষ মেটাতে বড় পদক্ষেপ নিয়েছে জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন।
পুরানো শেয়ার ব্যবস্থার ব্যর্থতা কাটিয়ে কর্মীদের জন্য নতুন ‘স্টক প্ল্যান’ ঘোষণা করেছে কোম্পানিটি, যা তীব্র প্রতিযোগিতার মুখে কর্মীদের মনোবল ধরে রাখতে সাহায্য করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
বুধবার ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনটি তৈরিতে এ সংশ্লিষ্ট তিনজনের উদ্ধৃতি ব্যবহার করেছে পত্রিকাটি।
বর্তমানে ব্লু অরিজিন ও ইলন মাস্কের স্পেসএক্সের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। ঠিক এ সময়ই এমন উদ্যোগ নিল কোম্পানিটি। ফলে, নতুন উদ্যোগটি প্রতিদ্বন্দ্বী স্পেসএক্সের সঙ্গে টেক্কা দেওয়ারও অংশ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে আইপিও ছাড়ার আবেদন করেছে স্পেসএক্স এবং তাদের বাজারমূল্য প্রায় ১.৭৫ ট্রিলিয়ন ডলার নির্ধারণের লক্ষ্যমাত্রা নিয়েছে।
গেল সপ্তাহে কর্মীদের নতুন এ প্রণোদনা পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে ব্লু অরিজিন। আগের পরিকল্পনাটি নিয়ে কর্মীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হওয়ার পরই এ পরিবর্তন এল।
ফাইন্যান্সিয়াল টাইমস বলেছে, আগের ব্যবস্থার অধীনে কর্মীদের শেয়ারের বিভিন্ন অপশন কোনো ধরনের অর্থ দেওয়া ছাড়াই মেয়াদোত্তীর্ণ হতে শুরু করেছিল।
রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি এবং তাদের মন্তব্যের অনুরোধে সাড়াও দেয়নি ব্লু অরিজিন।
কোম্পানিটির বর্তমান ও সাবেক কর্মীরা ফাইন্যান্সিয়াল টাইমসের কাছে তাদের হতাশা প্রকাশ করে বলেছেন, আগের পরিকল্পনায় শর্ত দেওয়া হয়েছিল, কোম্পানিটি যদি শেয়ার বাজারে তালিকাভুক্ত বা বিক্রি করে দেওয়া হয় কেবল তখনই কর্মীরা তাদের শেয়ারের অর্থ পাবেন। কোম্পানিটি এ শর্তে অটল থাকায় এবং কোনোটিই কার্যকর না হওয়ায় কর্মীদের প্রাপ্য সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়।
ফান্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে, কর্মীদের এ দীর্ঘদিনের অভিযোগ মেটাতে নতুন পরিকল্পনায় প্রতিটি শেয়ারের জন্য ৯.৫০ ডলার ‘স্ট্রাইক প্রাইস’ বা নির্দিষ্ট মূল্য নির্ধারণ করেছে ব্লু অরিজিন।
এসব স্টক অপশন হবে ‘ক্যাশ-সেটেলড’, মানে এর মাধ্যমে কর্মীরা সরাসরি কোম্পানির মালিকানা বা অংশীদারিত্ব পাবেন না, বরং তার বদলে নির্দিষ্ট হারে নগদ অর্থ হাতে পাবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হচ্ছে ‘লিকুইডিটি ইভেন্ট’ বা অর্থ পাওয়ার শর্তাবলীতে।
ফাইন্যান্সিয়াল টাইমসের দেখা নথিপত্র অনুসারে, এখন থেকে কেবল আইপিও বা কোম্পানি বিক্রি নয়, বরং বাইরের কোনো বড় বিনিয়োগ বা শেয়ার কেনাবেচার প্রস্তাবের মতো ঘটনা ঘটলেও কর্মীরা তাদের পাওনা অর্থ বুঝে পাবেন।
শেয়ার বাজারে আসার বিষয়ে ব্লু অরিজিনের প্রধান নির্বাহী ডেভ লিম্প কর্মীদের বলেছেন, এখনই শেয়ার বাজারে আসার কোনো পরিকল্পনা তাদের নেই।