২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বেইজিংয়ে হচ্ছে ‘স্যাটেলাইট টাউন’, টার্গেট মহাকাশ শিল্পের প্রসার

বর্তমানে চীনের মোট মহাকাশ অভিযানের ৬০ শতাংশেরও বেশি সম্পন্ন হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে।

বেইজিংয়ে হচ্ছে ‘স্যাটেলাইট টাউন’, টার্গেট মহাকাশ শিল্পের প্রসার
এ খাতের অনেক কোম্পানিই এখন শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার দৌড়ে রয়েছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 04:05 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

চীনের বাণিজ্যিক মহাকাশ গবেষণাকে আরও গতিশীল করতে ২০২৬ সালের মধ্যে বেইজিংয়ে তৈরি হচ্ছে বিশাল এক স্যাটেলাইট টাউন।

স্যাটেলাইট উৎপাদন ও পরিচালনার এ আধুনিক হাব চীনের ট্রিলিয়ন ইউয়ানের মহাকাশ বাজারকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেইজিং ডেইলি প্রতিবেদনে লিখেছে, স্যাটেলাইট প্রস্তুতকারক ও অপারেটরদের প্রধান কেন্দ্র হিসেবে পরিকল্পিত বেইজিংয়ের ‘স্যাটেলাইট টাউন’-এর মূল অংশের কাজ ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শেষ হবে।

প্রতিবেদনের তথ্য অনুসারে, বর্তমানে চীনের মোট মহাকাশ অভিযানের ৬০ শতাংশেরও বেশি সম্পন্ন হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে। এ খাতের অনেক কোম্পানিই এখন শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার দৌড়ে রয়েছে।

‘ফিউচার অ্যারোস্পেস’-এর কৌশলগত গবেষণা বিভাগের প্রধান গাও ইবিন বলেছেন, মহাকাশ অভিযানের অনুমতি দ্রুততর হওয়া, যন্ত্রাংশের স্থানীয় উৎপাদন বাড়ানো ও বিনিয়োগ বাড়ার ফলে চীনের কয়েক ট্রিলিয়ন ইউয়ানের বাণিজ্যিক মহাকাশ বাজার এখন সুশৃঙ্খল ও বড় শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে।

“পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি, স্যাটেলাইট ইন্টারনেট, মহাকাশভিত্তিক কম্পিউটিং সক্ষমতা ও আকাশ-মহাকাশ-ভূমির সমন্বয়ে সিক্সজি প্রযুক্তির দ্রুত বাস্তবায়নের ফলে ২০২৬ সালেও এ খাতের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে।”

বেইজিংয়ের এ স্যাটেলাইট টাউনটি মহাকাশ শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তা দেবে। এ এমন এক শিল্প হাব বা ক্লাস্টার হিসেবে কাজ করবে, যেখানে দক্ষ জনবল, পুঁজি এবং প্রযুক্তির আদান-প্রদান আরও সহজ ও কার্যকর হবে।