Published : 10 Feb 2026, 06:06 PM
চিকিৎসার পরামর্শ পেতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের ব্যবহার ‘বিপজ্জনক’ হতে পারে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
গবেষণা বলছে, চিকিৎসাসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআই ব্যবহার করা রোগীদের জন্য বিপজ্জনক। কারণ এআইয়ের ‘ভুল ও অসামঞ্জস্যপূর্ণ তথ্য দেওয়ার প্রবণতা’ রয়েছে।
বিবিসি লিখেছে, এ গবেষণাটি পরিচালনা করেছেন ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি’র ‘অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট’ ও ‘নাফিল্ড ডিপার্টমেন্ট অফ প্রাইমারি কেয়ার হেলথ সায়েন্সেস’-এর গবেষকরা।
গবেষণার অন্যতম লেখক ও একজন ‘সাধারণ চিকিৎসক’ বা জিপি ড. রেবেকা পেইন বলেছেন, “এত আলোচনা ও মাতামাতির পরও এআই এখনও একজন চিকিৎসকের ভূমিকা নেওয়ার জন্য প্রস্তুত নয়।”
“রোগীদের সচেতন হওয়া প্রয়োজন যে, তাদের শারীরিক বিভিন্ন লক্ষণ নিয়ে কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এআইকে প্রশ্ন করা বিপজ্জনক হতে পারে। কারণ এআই ভুল রোগ নির্ণয় এবং কখন জরুরি সাহায্য প্রয়োজন তা শনাক্ত করতে পারে না।”
এ গবেষণায় প্রায় এক হাজার ৩০০ জন অংশগ্রহণকারীকে বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা ও তার প্রতিকার খুঁজে বের করতে বলেছেন গবেষকরা।
কিছু অংশগ্রহণকারী সম্ভাব্য রোগ নির্ণয় ও পরবর্তী পদক্ষেপ জানার জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলনির্ভর এআই সফটওয়্যার ব্যবহার করেছিলেন।
অন্যদিকে, বাকিরা সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়ার মতো প্রচলিত পদ্ধতি অনুসরণ করেন।
গবেষণার ফলাফল মূল্যায়ন করে গবেষকরা বলছেন, এআই বেশিরভাগ সময় ‘ভালো ও ভুল তথ্যের সংমিশ্রণে’ উত্তর দেয়, যা সাধারণ ব্যবহারকারীদের পক্ষে আলাদা করা কঠিন।
গবেষণায় উঠে এসেছে, বিভিন্ন এআই চ্যাটবট বর্তমানে ‘চিকিৎসা বিজ্ঞানের মানসম্মত পরীক্ষাগুলোতে কার্যকর’। তবে ব্যক্তিগত শারীরিক সমস্যা বা উপসর্গের প্রতিকার খোঁজার টুল হিসেবে এর ব্যবহার ‘বাস্তব ক্ষেত্রে সাহায্যপ্রার্থী রোগীদের জন্য ঝুঁকি তৈরি করবে’।
ড. পেইন বলেছেন, ‘গবেষণার এসব ফলাফলে প্রমাণ মেলে, স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল ও উচ্চ-ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে মানুষকে সত্যিকার অর্থে সাহায্য করতে পারে এমন এআই সিস্টেম তৈরির কাজটি কতটা কঠিন’।
এ গবেষণার প্রধান লেখক ‘অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট’-এর অ্যান্ড্রু বিন বলেছেন, বর্তমানে সবচেয়ে উন্নত বিভিন্ন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের জন্যও ‘মানুষের সঙ্গে সরাসরি মিথস্ক্রিয়া বা যোগাযোগের কাজটি বড় চ্যালেঞ্জ।
“আমরা আশা করি, আমাদের এ গবেষণা ভবিষ্যতে আরও নিরাপদ ও কার্যকর এআই সিস্টেম তৈরিতে অবদান রাখবে।”