১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নতুন রূপ ও বড় সেন্সরে সনির ফ্ল্যাগশিপ ফোন ‘এক্সপেরিয়া ১ এইট’

এ নতুন এক্সপেরিয়া ফোনের টেলিফটো ক্যামেরায় ব্যবহৃত হয়েছে ১ বাই ১.৫৬ ইঞ্চির ইমেজ সেন্সর, যেটি আগের মডেলের প্রায় চার গুণ।

নতুন রূপ ও বড় সেন্সরে সনির ফ্ল্যাগশিপ ফোন ‘এক্সপেরিয়া ১ এইট’
ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের শক্তিশালী ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫’ মোবাইল প্ল্যাটফর্ম। ছবি: সনি

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 03:41 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

সনি তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন বাজারে এনেছে, যার মূল আকর্ষণ উন্নতমানের ফটোগ্রাফি ফিচার ও বড় আকারের সেন্সর।

ফটোগ্রাফিকে কেন্দ্র করে তৈরি ‘এক্সপেরিয়া ১ এইট’ নামের এ ফোনে ব্র্যান্ডটির নতুন ‘এআই ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট’ যোগ করেছে সনি, যা ‘এক্সপেরিয়া ইন্টেলিজেন্স’-এর মাধ্যমে পরিচালিত বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

সনি বলেছে, ব্যবহারকারী কীসের ছবি তুলছেন তার ওপর ভিত্তি করে এ অ্যাসিস্ট্যান্ট তাকে ফোনের সেটিংয়ে প্রয়োজনীয় পরিবর্তনের পরামর্শ দেবে।

ব্যবহারকারী যখন কোনো কিছুর দিকে ক্যামেরা তাক করবেন তখন এ অ্যাসিস্ট্যান্ট স্বয়ংক্রিয়ভাবে দৃশ্য, ছবির বিষয়বস্তু ও আবহাওয়া শনাক্ত করবে।

এরপর ব্যবহারকারীকে সবচেয়ে ভালো কালার টোন, লেন্স ও ‘বোকেহ ইফেক্ট’ ব্যবহারের পরামর্শ দেবে এআই অ্যাসিস্ট্যান্ট। ব্যবহারকারী চাইলে সেই পরামর্শে ট্যাপ করে সহজেই নিজের ছবিতে তা প্রয়োগ করতে পারবেন।

এ নতুন এক্সপেরিয়া ফোনের টেলিফটো ক্যামেরায় ব্যবহৃত হয়েছে ১ বাই ১.৫৬ ইঞ্চির ইমেজ সেন্সর, যেটি আগের মডেলের প্রায় চার গুণ। এ নতুন সেন্সর কম আলোতেও বিস্তারিত ও নিখুঁত ছবি তুলতে সাহায্য করবে।

অল্প আলোতে তোলা ছবির মান ঠিক রাখতে ফোনটিতে ‘র মাল্টি-ফ্রেম প্রসেসিং’, এইচডিআর ও নয়েজ রিডাকশন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

ফোনের পেছনের বিভিন্ন ক্যামেরাকে এখন লম্বালম্বি সারির বদলে বর্গাকার ফ্রেমে সাজানো হয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা।

ফটোগ্রাফির বাইরে এ ফোনের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, এতে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক রয়েছে। বর্তমানের আধুনিক স্মার্টফোনগুলোতে তারওয়ালা হেডফোন ব্যবহারের এ সুবিধাটি খুব একটা দেখা যায় না।

সনি’র নতুন এ ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের শক্তিশালী ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫’ মোবাইল প্ল্যাটফর্ম।

ফোনটি গ্রাফাইট ব্ল্যাক, আইওলাইট সিলভার, গার্নেট রেড ও নেটিভ গোল্ড এ চারটি রঙে পাওয়া যাবে।

১২ জিবি র‍্যাম বাই ২৫৬ জিবি স্টোরেজের দাম ১ হাজার ৪৯৯ ইউরো এবং ১৬ জিবি র‍্যাম বাই ১ টিবি স্টোরেজের দাম ১ হাজার ৯৯৯ ইউরো।

বর্তমানে কেবল ইউরোপের গ্রাহকরা বুধবার থেকেই ফোনটি প্রি-অর্ডার করতে পারবেন। তবে জুনের আগে তা হাতে পাবেন না।

যুক্তরাষ্ট্রে আপাতত ফোনটি বাজারে আনার কোনো পরিকল্পনা সনি’র নেই।

ব্যবহারকারী এখন ফোনটি প্রি-অর্ডার করলে বিশেষ অফার হিসেবে সনি’র ‘ডব্লিউএইচ-১০০০এক্সএম৬’ হেডফোনটি বিনামূল্যে পাবেন।