Published : 09 Apr 2026, 01:12 PM
ব্যবহারকারীদের জন্য উন্নত ফটো এডিটিং টুল এনেছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, এখন থেকে ব্যবহারকারীরা মাস্কের এআই স্টার্টআপ এক্সএআইয়ের গ্রক চ্যাটবট ব্যবহার করে সামাজিক মাধ্যমটিতে ছবি এডিট করতে পারবেন।
মুখমণ্ডল ঝাপসা করা ও ছবির ওপর টেক্সট বসানোর সুবিধাও যোগ হচ্ছে নতুন আপডেটে, বিশেষ করে এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে টেক্সটভিত্তিক এডিটিংয়ের সুবিধা যোগ হওয়ায় এখন গুগল ফটোসের মতো বিভিন্ন অ্যাপের সমান হয়ে উঠছে এক্স।
এ আপডেটের ফলে ব্যবহারকারীরা এখন কেবল লিখে নির্দেশনা দিয়েই গ্রকের মাধ্যমে ছবি এডিট করিয়ে নিতে পারবেন।
একটি ভিডিও শেয়ার করে এক্সের প্রোডাক্ট হেড নিকিতা বিয়ার বলেছেন, নতুন আপডেটের মাধ্যমে সাধারণ এক ছবিকে জাদুঘরে ঝোলানো ছবির মতো করে বদলে দেওয়া যাচ্ছে। এর মাধ্যমে ছবিতে আরও সহজ পরিবর্তন করা যাবে।
ফিচারটি অনেকটা গুগল ফটোসের ‘কনভারসেশনাল এডিটিং’য়ের মতো, যা ২০২৫ সালের সেপ্টেম্বরে যোগ করেছিল মার্কিন সার্চ জায়ান্টটি। সেখানেও জেমিনাইকে নির্দেশ দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তনসহ নানা কাজ করানো যায়।
এ ছাড়া, এক্সের নতুন এডিটরে ছবির কোনো অংশ ঝাপসা করা বা ঢেকে দেওয়া, ছবির ওপর আঁকাআঁকি করা এবং টেক্সট যোগের টুলও থাকছে।
আগে এক্সে গ্রক ব্যবহার করে ছবি এডিটের বিষয়টি অনেক বেশি খোলামেলা ছিল। যে কোনো ব্যবহারকারী পোস্টের রিপ্লাইয়ে এআই অ্যাসিস্ট্যান্টকে ট্যাগ করে এডিটের অনুরোধ জানাতে পারতেন।
তবে ফিচারটি ব্যবহার করে ব্যবহারকারীরা লাখ লাখ আপত্তিকর ও যৌনতাপূর্ণ ছবি তৈরি করে, যার মধ্যে শিশুদের ছবিও ছিল। এরপর ফিচারটি ব্যবহারে রাশ টানে এক্স।
বর্তমানে গ্রকের ‘ইমেজ জেনারেশন’ সুবিধা কেবল সাবস্ক্রিপশন কেনা ব্যবহারকারীদের জন্য রাখা হয়েছে এবং বাস্তব মানুষের বিকিনি বা অন্তর্বাস পরা বা অন্য যে কোনো ইঙ্গিতপূর্ণ ছবি তৈরির সক্ষমতা বন্ধ করে দিয়েছে প্লাটফর্মটি।
এক্সের মূল কোম্পানি এক্সএআই বর্তমানে ক্লাস অ্যাকশন মামলার মুখে রয়েছে। তিনজন টিনএজার অভিযোগ করেছে, তাদের ছবি ব্যবহার করে গ্রকের মাধ্যমে শিশু নিপীড়নের উপাদান তৈরি হয়েছে।
এ ছাড়া, এক্সের প্ল্যাটফর্ম ব্যবহার করে অনুমতি না নিয়ে যৌনতাপূর্ণ ছবি তৈরির একই ধরনের প্রতিবেদনের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নেও কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত চলছে।
এক্স বলেছে, তাদের এ আপডেট করা ফটো এডিটর বর্তমানে আইওএস ব্যবহারকারীদের জন্য পাওয়া যাচ্ছে। খুব শিগগিরই তা অ্যান্ড্রয়েড সংস্করণেও যোগ হবে।