১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অর্থ দিয়ে কি সুখ কেনা যায়? বিশ্বের শীর্ষ ধনী কী বলেন?

ইন্টারনেটে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে মাস্কের এমন মন্তব্য। অনেকেই তার সঙ্গে একমত হয়েছেন, আবার অনেকে মাস্কের বিপুল সম্পদ নিয়ে রসিকতাও করছেন।

অর্থ দিয়ে কি সুখ কেনা যায়? বিশ্বের শীর্ষ ধনী কী বলেন?
কেবল কয়েক ঘণ্টার মধ্যেই ৩ কোটি মানুষের কাছে পৌঁছে যায় মাস্কের পোস্ট। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 11:03 AM

Updated : 26 Aug 2026, 02:52 PM

“অর্থ দিয়ে সুখ কেনা যায় না, অর্থ দিয়ে মাথা পাগল করা সুখ কেনা যায়।” কথাগুলো লাইভ টিভিতে বলেছিলেন গায়ক, মিউজিক প্রডিউসার, অভিনেতা এমিনেম। কিন্তু এ বিষয়ে বিশ্বের শীর্ষ ধনী কী বলেন?

‘অর্থ দিয়ে সব সম্ভব কি না’ সেই চিরন্তন বিতর্কে নতুন করে ঘি ঢেলেছেন বিশ্বের বর্তমান শীর্ষ ধনী ইলন মাস্ক। ৮০ হাজার কোটি ডলারের বিশাল সাম্রাজ্যের মালিক হয়েও মাস্ক বললেন, অর্থ দিয়ে সত্যিই…!

বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে অর্থ ও সুখ নিয়ে মার্কিন ধনকুবের সাম্প্রতিক এক এক্স পোস্ট। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি যখন ‘অর্থ দিয়ে সুখ কেনা যায় না’ এমন উক্তিটি নিয়ে নিজের মত প্রকাশ করেন তখন তা ভাইরাল হওয়াটাই স্বাভাবিক বলে প্রতিবেদনে লিখেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার এক দুঃখী ইমোজি দিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মাস্ক লিখেছেন, “যে-ই বলুক না কেন ‘অর্থ দিয়ে সুখ কেনা যায় না’, (কথাটি যিনি বলেছেন) তিনি আসলে জানতেন তিনি কী বলছেন।” 

কেবল কয়েক ঘণ্টার মধ্যেই ৩ কোটি মানুষের কাছে পৌঁছে যায় মাস্কের পোস্টটি।

ইন্টারনেটে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে মাস্কের এমন মন্তব্য। অনেকেই তার সঙ্গে একমত হয়েছেন, আবার অনেকে মাস্কের বিপুল সম্পদ নিয়ে রসিকতাও করছেন।

একজন ব্যবহারকারী সরাসরি মাস্ককে প্রশ্নই করে বসেছেন, “তার মানে কি আপনি সুখী নন?”

আরেক ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, “আগে আমাকে ১০০ কোটি ডলার দিয়ে দেখুন, তারপর আমি নিজেই তা পরীক্ষা করে নিশ্চিত হচ্ছি।”

অন্য আরেকজন প্রশ্ন করেছেন, “আপনি নিশ্চয়ই মজা করছেন! ৮৪ হাজার কোটি ডলার কি আপনাকে খুশি করতে পারছে না?”

চতুর্থ একজন লিখেছেন, “দুঃখী যদি থাকতেই হয় তবে বিলিয়নেয়ার হয়ে দুঃখী থাকা গরিব হয়ে দুঃখী থাকার চেয়ে অনেক ভালো।”

‘আমেরিকান হেজ ফান্ড ম্যানেজার’ ও ‘পারশিং স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্ট’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিল অ্যাকম্যান কমেন্ট সেকশনে মাস্ককে উদ্দেশ্য করে লিখেছেন, “অন্যকে সাহায্যের মাধ্যমে অনেক সুখ পাওয়া যায়। এরইমধ্যে আপনি লাখ লাখ মানুষের উপকার করেছেন এবং একদিন হয়ত কোটি কোটি মানুষের করবেন। আপনার বিভিন্ন অর্জন কত মানুষের কাজে লেগেছে তা উপলব্ধি করতে পারলেই আপনি তৃপ্তিবোধ করবেন।

“বিশেষ কারো সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কের মধ্যেও সুখ খুঁজে পাওয়া যায়। আপনার এখন সময় হয়েছে দীর্ঘ সময়ের জন্য তেমন কাউকে খুঁজে নেওয়ার। বিষয়টি কেবলই আমার ব্যক্তিগত মতামত।”

ফোর্বসের প্রতিবেদন অনুসারে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ এক্সএআই’কে মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স কিনে নেওয়ার পর বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৮০ হাজার কোটি ডলার বা তার বেশি সম্পদের মালিক হয়েছেন তিনি।

এদিকে, ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, স্পেসএক্স ও এক্সএআই-এর এই সম্মিলিত কোম্পানির বর্তমান বাজারমূল্য ১ লাখ ২৫ হাজার কোটি ডলার। আর, এ বছরেরই শেষদিকে শেয়ার বাজারে আসার পরিকল্পনা করছে স্পেসএক্স।