আবারও ড্রোন দিয়ে খাবার ডেলিভারির পরীক্ষা চালাবে উবার
এর মাধ্যমে ‘উবার ইটস’-এর গ্রাহকরা কয়েক মিনিটের মধ্যেই খাবার পেতে পারবেন এবং সড়কের যানজট কমানোর ক্ষেত্রেও সাহায্য করবে এটি।
এ বছর আবারও ড্রোন দিয়ে খাবার ডেলিভারির পরীক্ষা চালাবে মার্কিন পরিবহন অ্যাপ উবার।
অনলাইন ফুড অর্ডারিং ও ডেলিভারি প্ল্যাটফর্ম ‘উবার ইটস’-এর মাধ্যমে ড্রোন দিয়ে ডেলিভারি সেবা পরীক্ষামূলকভাবে চালু করছে কোম্পানিটি। তবে এক্ষেত্রে এবার ‘ফ্লাইট্রেক্স’ নামের এক ড্রোন কোম্পানি উবারের পার্টনার হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
ওয়ালমার্ট-এর ড্রোন ডেলিভারি প্রকল্পেও রয়েছে ‘ফ্লাইট্রেক্স’। বর্তমানে যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় খাবার ডেলিভারিতে ড্রোন সরবরাহ করছে তারা।
যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ বা এফএএ-এর থেকে ‘বিয়ন্ড ভিজুয়াল লাইন অফ সাইট’ বা বিভিএলওএস অপারেশনের অনুমোদন পাওয়া চারটি কোম্পানির মধ্যে একটি ‘ফ্লাইট্রেক্স’, অর্থাৎ এখানে পাইলটরা ড্রোনকে সরাসরি না দেখেও দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
উবার ও ‘ফ্লাইট্রেক্স’-এর এ পার্টনারশিপের মাধ্যমে ‘উবার ইটস’-এর গ্রাহকরা কয়েক মিনিটের মধ্যেই খাবার পেতে পারবেন এবং সড়কের যানজট কমানোর ক্ষেত্রেও সাহায্য করবে এটি।
কোম্পানি দুটি আশা করছে, তারা এ বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কয়েকটি বাজারে পরীক্ষামূলকভাবে চালু করবে এ ড্রোন ডেলিভারি সেবা।
পার্টনারশিপের অংশ হিসেবে ফ্লাইট্রেক্সে বিনিয়োগও করছে উবার। ফলে যুক্তরাষ্ট্রে ড্রোন প্রযুক্তি দ্রুত বিস্তারের জন্য প্রয়োজনীয় সম্পদ ও সহায়তা পাবে ড্রোন কোম্পানিটি।
উবারের অটোনমাস মবিলিটি ও ডেলিভারি বিভাগের প্রেসিডেন্ট সারফরাজ মেরেদিয়া বলেছেন, “স্বয়ংক্রিয় প্রযুক্তি এখন আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত গতিতে পরিবহন ও ডেলিভারিতে পরিবর্তন আনছে। ফ্লাইট্রেক্সের সঙ্গে আমরা এক নতুন অধ্যায়ে প্রবেশ করছি, যেখানে প্রথমবারের মতো উবার ইটস-এ ড্রোন ডেলিভারির গতি ও টেকসই বিভিন্ন সুবিধাকে বড় পরিসরে যোগ করা হচ্ছে।”
এবারের এ পাইলট প্রোগ্রামটি আগের চেয়ে অনেক বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে উবারের। ২০১৮ সালে উবার সিইও দারা খসরোশাহি বলেছিলেন, ২০২১ সালের মধ্যে ড্রোনভিত্তিক খাবার ডেলিভারি সেবা চালুর সম্ভাবনা রয়েছে তাদের।
২০২০ সালে নিজেদের ‘উবার এলিভেট’ প্রোডাক্টের আওতায় ম্যাকডোনাল্ডসের সঙ্গে পার্টনার হয়ে কিছু পরীক্ষামূলক ড্রোন ডেলিভারি করেছে উবার। তবে ওই সেবাটি তখন বড় পরিসরে চালু হয়নি।
একই সময়ে, নিজেদের মনুষ্যবিহীন এক এয়ার ক্রাফট সিস্টেমও প্রকাশ করেছিল উবার, যা উল্লম্বভাবে উঠানামা করতে পারে ও দুইজনের জন্য খাবার বহনের জন্য এটিকে ডিজাইন করেছিল কোম্পানিটি।
তবে সেই প্রকল্পের পরবর্তী অবস্থান বা ফলাফল এখনও স্পষ্ট নয়। সবমিলিয়ে ধারণা করা হচ্ছে, এবার ড্রোন ডেলিভারির ক্ষেত্রে আরও বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে উবার।
