০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

জিমি কিমেল নিষিদ্ধে ১৭ লাখ পেইড সাবস্ক্রাইবার হারিয়েছে ডিজনি

রক্ষণশীল দৃষ্টিভঙ্গির প্রচারক চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে কিমেলের মন্তব্য ব্যাপক সমালোচনার মুখে পড়ার পর টক শো ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিতের ঘোষণা দিয়েছিল ডিজনি।

জিমি কিমেল নিষিদ্ধে ১৭ লাখ পেইড সাবস্ক্রাইবার হারিয়েছে ডিজনি
পাঁচ দিনের মাথায় ডিজনি তাদের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত ফিরিয়ে নেয়। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 05:13 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ডানপন্থি রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে এক মন্তব্যের জেরে এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের টিভি উপস্থাপক জিমি কিমেলের শো বন্ধ করে দিয়েছিল ডিজনি মালিকানাধীন সংবাদমাধ্যম এবিসি। এরপরই এক সপ্তাহে প্রায় ১৭ লাখ পেইড সাবস্ক্রাইবার হারানোর খবর এসেছে চ্যানেলটির।

মঙ্গলবার সামাজিক মাধ্যম প্লাটফর্ম ব্লুস্কাই’তে এক পোস্টে ‘হ্যান্ডবাস্কেট’-এর প্রতিষ্ঠাতা ও রিপোর্টার মারিসা কাবাস লিখেছেন, ১৭ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে নিজেদের পেইড ডিজনি স্ট্রিমিং প্ল্যান বাতিল করেছেন ১৭ লাখেরও বেশি ‘পেয়িং’ গ্রাহক। মোট গ্রাহকদের মধ্যে ডিজনি+, হুলু ও ইএসপিএন-এর সাবস্ক্রিপশন রয়েছে, যা ডিজনির প্রথমবারের মতো এতো বেশি গ্রাহক হারানোর ঘটনা।

জিমি কিমেলের শোর বাতিলের পর, গ্রাহক বাতিলের সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে ৪৩৬ শতাংশ বেশি ছিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। তবে এ বিষয় এনগ্যাজেটের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ডিজনি+।

এদিকে, গত সপ্তাহেও নিজেদের সাবস্ক্রিপশনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডিজনি, যা গ্রাহকদের সাবস্ক্রিপশন বাতিলের প্রবণতায় সম্ভবত প্রভাব ফেলেছে।

কাবাসের সূত্রের দাবি, মঙ্গলবার দাম বাড়ানোর খবর দেওয়ার আগেই নিজেদের জনপ্রিয় রাতের শোটি দ্রুত ফিরিয়ে এনেছে ডিজনি।

রক্ষণশীল দৃষ্টিভঙ্গির প্রচারক চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে কিমেলের মন্তব্যের পর ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এই টক শো ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিতের ঘোষণা দিয়েছিল ডিজনি মালিকানাধীন এবিসি নিউজ।

ওই সময় কমেডিয়ান কিমেলকে ‘জিমি কিমেল লাইভ!’ নামের অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়ার ঘটনা দাবানলের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

২২ সেপ্টেম্বর ডিজনি ঘোষণা দিয়েছে, পরের রাত থেকে আবার চালু করা হবে অনুষ্ঠানটি। তবে ধারণা করা হচ্ছে, অনেক গ্রাহকই কোম্পানির এমন পদক্ষেপে সন্তুষ্ট হননি।

আরও পড়ুন…

এবার জিমি কিমেল বিতর্কে জড়াল হ্যাকিং দল অ্যানোনিমাস

জিমি কিমেলের শো বাতিল নিয়ে নিন্দার ঝড়