১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তথ্যের অপব্যবহারে স্পেনে মেটার জরিমানা ৫৫ কোটি ডলার

ইউরোপীয় ইউনিয়নের ডেটা সুরক্ষা আইন লঙ্ঘনের পাশাপাশি স্পেনের প্রতিযোগিতা-বিরোধী আইনও লঙ্ঘন করেছে মেটা।

তথ্যের অপব্যবহারে স্পেনে মেটার জরিমানা ৫৫ কোটি ডলার
বেআইনি উপায়ে ব্যহারকারীদের ডেটা সংগ্রহ করে ‘বড় ধরনের বাজার সুবিধা’ পেয়েছে মেটা। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 10:35 AM

Updated : 26 Aug 2026, 05:10 PM

ব্যবহারকারীর ডেটা বেআইনিভাবে ব্যবহার করে বাজারে সুবিধা নেওয়া ও ইউরোপীয় ইউনিয়নের ডেটা সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটাকে জরিমানা করেছে এক স্প্যানিশ আদালত। 

বৃহস্পতিবার কোম্পানিটিকে ৮৭টি স্প্যানিশ মিডিয়া আউটলেটকে ৫৫ কোটি ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে মাদ্রিদ আদালত। মেটা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

আদালত বলেছে, মেটা যেভাবে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করেছে তা ইউরোপীয় ইউনিয়নের ‘জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন’ বা জিডিপিআর আইনের লঙ্ঘন। সেইসঙ্গে স্পেনের প্রতিযোগিতা-বিরোধী আইনও লঙ্ঘন করেছে কোম্পানিটি। 

২০১৮ সালে জিডিপিআর আইন চালুর পর নিজেদের ডেটা সংগ্রহের ধরন বদলে দেয় মেটা, যেখানে আগে ব্যবহারকারীর অনুমতি নিয়ে ডেটা নেওয়ার কথা বললেও পরে কোম্পানিটি বলেছে, ব্যবহারকারীদের এই ডেটা নেওয়ার বিষয়টি ‘চুক্তি পূরণ করতে প্রয়োজনীয়’।

তবে নিয়ন্ত্রক সংস্থা খতিয়ে দেখেছে, মেটার দেখানো কারণটি ঠিক নয়। ফলে ২০২৩ সালে আবার আগের মতো ব্যবহারকারীর অনুমতি নিয়েই ডেটা সংগ্রহে ফিরে যায় মেটা। এরইমধ্যে স্পেনের বিভিন্ন ডিজিটাল মিডিয়া আউটলেট ক্ষতির অভিযোগে মামলা করে। সেই মামলার রায়েই এই জরিমানা।

আদালত বলেছে, বেআইনি উপায়ে ডেটা সংগ্রহ করে ‘বড় ধরনের বাজার সুবিধা’ পেয়েছে মেটা। কোম্পানিটি যে পাঁচ বছরে এই ভুল কারণ দেখিয়ে ডেটা নিয়েছিল সেই সময়ের বিজ্ঞাপনী আয়ের একটি শতাংশ ধরে এই জরিমানার পরিমাণ হিসাব করেছে তারা।

এক বিবৃতিতে মাদ্রিদ আদালত লিখেছে, “এত বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে ব্যবহারের ফলে মেটা এমন এক সুবিধা পেয়েছিল, যার সঙ্গে স্পেনের অনলাইন মিডিয়া আউটলেটগুলো কোনোভাবেই টেক্কা দিতে পারেনি। মেটার এ কাজ স্পেনের ডিজিটাল মিডিয়া কোম্পানির অনলাইন বিজ্ঞাপন আয়ের ক্ষতি করেছে।”

মেটা এ জরিমানার বিরোধিতা করে বলেছে, তারা আপিল করবে। 

এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, “এ অভিযোগ ভিত্তিহীন, কোনো প্রমাণ নেই যে এ কারণে মিডিয়া আউটলেটগুলোর ক্ষতি হয়েছে। অভিযোগটি অনলাইন বিজ্ঞাপনের বাস্তব কাজের পদ্ধতি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে। 

“আমরা সব ধরনের আইন মেনে চলি। ব্যবহারকারীদের আমাদের বিভিন্ন পরিষেবাতে স্পষ্ট বিকল্প, স্বচ্ছ তথ্য ও তাদের অভিজ্ঞতা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন টুল সরবরাহ করি।”