Published : 15 Sep 2026, 11:41 AM
দীর্ঘ ড্রাইভের সময় ট্র্যাফিক জ্যাম, রাস্তার বেহাল দশা, র্যান্ডম মেসেজের উত্তর দেওয়া, গান বা শোনার মতো কিছু খোঁজা ও নতুন রাস্তা ন্যাভিগেট করা এসব কিছু মিলে চালকের ওপর পড়ে অতিরিক্ত মানসিক চাপ।
এ অভিজ্ঞতাকে সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে অ্যান্ড্রয়েড অটোতে ম্যাপ, মেসেজ ও ফোন কলের মতো বিভিন্ন ফিচার আগে থেকেই ছিল।
এসবের পরও গত কয়েক বছরে প্ল্যাটফর্মটির অন্যতম সেরা আপডেট হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্টের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অ্যাসিস্ট্যান্ট জেমিনাইয়ের সংযোগ। এজন্য ব্যবহারকারীদের কোনো লুকানো মেনুতে গিয়ে কষ্ট করে তা খুঁজতে হয় না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
গুগলের উন্নত এআই সহকারীটি আগের যে কোনো সময়ের চেয়ে আলাপে বেশি পটু। ফলে চালকরা আরও স্বাভাবিকভাবে কথা বলতে পারেন।
গাড়ি চালানোর সময় কোনো সিনেমা নিয়ে বিতর্ক দেখা দিলে অভিনেতা সেই চরিত্রে অভিনয় করেছিলেন কি না তা যাচাই করা, মেসেজের জবাব দেওয়া বা কাছের রেস্তোরাঁ খুঁজে বের করার মতো বিভিন্ন কাজ এখন অনায়াসেই করা সম্ভব।
রাস্তায় নির্ভরযোগ্য এআই কো-পাইলট
গুগল অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে বর্তমানে বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড অটো ব্যবহারকারীদের জন্য জেমিনাই চালু হচ্ছে। যারা এখনও নিজে থেকে তা পরিবর্তন করেননি তারা খুব সহজেই সেটিংস অপশনে গিয়ে ফিচারটি চালু করে নিতে পারেন।
এজন্য সেটিংস থেকে ‘কানেকটেড ডিভাইসেস’-এ যান। এরপর ‘অ্যান্ড্রয়েড অটো’ থেকে ‘ম্যানেজ ইয়োর ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট’ বাটনে ট্যাপ করুন। সেখান থেকে ‘ডিজিটাল অ্যাসিস্ট্যান্টস ফ্রম গুগল’-এ গিয়ে ‘জেমিনাই’ বেছে নিলেই অ্যান্ড্রয়েড অটোর যাবতীয় যোগাযোগ পরিচালনার দায়িত্ব জেমিনাই নিয়ে নেবে।
বিভিন্ন সিস্টেমের মতো নির্দিষ্ট কোনো শব্দ মুখস্থ করে কথা বলার বাধ্যবাধকতা জেমিনাইয়ের ক্ষেত্রে নেই। মানুষের সঙ্গে যেভাবে স্বাভাবিক আলাপচারিতা হয়, সেভাবেই এর সঙ্গে কথা বলা যায়, যা বিভিন্ন ফলো-আপ প্রশ্নেও পুরো প্রেক্ষাপট মনে রাখতে পারে।
যেমন, যাত্রাপথে খাওয়ার মতো জায়গা বা রেস্তোরাঁ সম্পর্কে খোঁজাখুঁজি করার সময় চালকের পছন্দের জায়গাটি বেছে নেওয়ার পর সরাসরি পার্কিং বা রিভিউ নিয়ে প্রশ্ন করা যায়।
রেস্তোরাঁর নাম হয়ত ততক্ষণে আপনি ভুলেও গেছেন তবে জেমিনাই আগের প্রসঙ্গ ধরে রেস্তোরাঁর নাম পুনরায় বলা ছাড়াই নিখুঁতভাবে উত্তর দিতে পারবে।
দীর্ঘ ড্রাইভের সময় যখন হঠাৎ কোনো গ্রুপ চ্যাটিংয়ে মেসেজের ঝড় ওঠে, তখন ডজনখানেক নোটিফিকেশন নিজে পড়ার ঝামেলা এড়াতে জেমিনাই পুরো বিশৃঙ্খলাটি চমৎকারভাবে সারসংক্ষেপ করে শোনাতে পারে।
পাশাপাশি কারো পক্ষ থেকে উত্তর ড্রাফট, গন্তব্যে পৌঁছানোর আনুমানিক সময় যোগ ও ৪০টিরও বেশি ভাষায় মেসেজ অনুবাদের বিভিন্ন কাজ খুব সহজেই করতে পারে। ফলে ফোনের দিকে একবারও হাত বাড়াতে হয় না।
কেবল যোগাযোগ রক্ষাই নয়, জেমিনাই ব্যক্তিগত ‘ডিজে’ হিসেবেও কাজ করতে পারে। গান বা প্লেলিস্টের নির্দিষ্ট নাম ধরে ডাকার বদলে কেউ চাইলে এখন এআইয়ের কাছে অস্পষ্ট বা শৈল্পিক ফরম্যাটেও আবদার করতে পারেন।
এ ছাড়া, জিমেইল, ক্যালেন্ডার ও বিভিন্ন নোট টেকিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার কারণে ড্রাইভিংয়ের সময় জেমিনাই কার্যকরী হতে পারে। আপনি যে লোকেশনে ড্রাইভ করে যাচ্ছেন সে সম্পর্কিত কোনো ইমেইলের নির্দেশনা খুঁজে বের করার কাজেও পটু জেমিনাই।
ড্রাইভিংয়ের সময় একাকীত্ব দূর করতে বা সময় কাটাতে জেমিনাইয়ের সঙ্গে ওপেন-এন্ডেড আলাপ চালিয়ে যাওয়া, ব্রেইনস্টর্মিং করা বা ইন্টারভিউর প্রস্তুতি বা রিহার্সালের মতো কাজগুলোও করা সম্ভব।