২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পেন্টাগনের গোপন মিশনে যোগ হচ্ছে মাস্কের গ্রক

গেল বছর চ্যাটজিপিটি, জেমিনাই ও অ্যানথ্রপিকের ক্লড-এর পাশাপাশি গ্রক’কেও সরকারি কাজে ব্যবহারের অনুমতি দিয়েছিল হোয়াইট হাউস।

পেন্টাগনের গোপন মিশনে যোগ হচ্ছে মাস্কের গ্রক
২০২৫ সালের জুলাইয়ে মার্কিন বিভিন্ন সরকারি সংস্থার জন্য গ্রক-এর বিশেষ সংস্করণ ঘোষণা করেছিল এক্সএআই। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 03:34 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

সামরিক কার্যক্রম পরিচালনার জন্য ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই-এর সঙ্গে চুক্তি করেছে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন, যেখানে সংস্থাটির গোপন মিশনে এবার যোগ হচ্ছে কোম্পানিটির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট গ্রক।

‘অ্যাক্সিওস’-এর প্রতিবেদন অনুসারে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের গোপন বা ‘ক্লাসিফাইড’ সিস্টেমে ব্যবহারের জন্য মাস্কের এআই মডেল গ্রক ব্যবহারের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, এর আগে পেন্টাগনের সঙ্গে আরেকটি মার্কিন এআই কোম্পানি অ্যানথ্রপিক-এর চুক্তির বিষয়ে আলোচনা চললেও এখন তাদের মধ্যে বিবাদ চলছে। গণ নজরদারির মতো কাজে নিজেদের প্রযুক্তির ব্যবহারের সীমাবদ্ধতা নিয়ে অ্যানথ্রপিক যে শর্ত দিয়েছিল তা নিয়েই এ দ্বন্দ্ব।

গত বছর চ্যাটজিপিটি, জেমিনাই ও অ্যানথ্রপিকের ক্লড-এর পাশাপাশি গ্রক-কেও সরকারি কাজে ব্যবহারের অনুমতি দিয়েছিল হোয়াইট হাউস।

তবে এখন পর্যন্ত কেবল অ্যানথ্রপিকের মডেলটিকেই গোয়েন্দা তথ্য সংগ্রহ, অস্ত্র উন্নয়ন ও যুদ্ধক্ষেত্রের অভিযানের মতো সামরিক বাহিনীর সংবেদনশীল কাজে ব্যবহারের অনুমতি মিলেছে।

ভেনেজুয়েলায় চালানো ওই বিশেষ অভিযানেও মার্কিন সামরিক বাহিনীর ক্লড ব্যবহারের বিষয়টি উঠে আসে। এ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে এনেছিল মার্কিন সেনাবাহিনী।

পেন্টাগনের দাবি, অ্যানথ্রপিক যেন তাদের ক্লড মডেলটিকে গণ নজরদারি ও সম্পূর্ণ অটোনমাস অস্ত্র তৈরির মতো ‘সব ধরনের বৈধ উদ্দেশ্যে’ ব্যবহারের অনুমতি দেয়।

তবে এই কাজে নিজেদের প্রযুক্তি ব্যবহারে অস্বীকৃতি জানিয়েছে অ্যানথ্রপিক। ক্লড মডেলটিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও অনুমতি দিতে রাজি হয়নি কোম্পানিটি।

অন্যদিকে, এক্সএআই এমন শর্তে রাজি হয়েছে, যা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে যে কোনো ‘বৈধ’ উদ্দেশ্যে তাদের এআই ব্যবহারের অনুমতি দেবে। তবে কর্মকর্তারা বলছেন, এক্সএআইয়ের মডেলটি অ্যানথ্রপিকের ক্লড-এর মতো ততটা উন্নত বা নির্ভরযোগ্য নয়।

তারা স্বীকার করেছেন, ক্লডের বদলে গ্রক ব্যবহারের বিষয়টি চ্যালেঞ্জিং হবে। এখন ওপেনএআই ও জেমিনাইয়ের সঙ্গেও চুক্তির আলোচনা করছে পেন্টাগন। কারণ এ দুটি মডেল অ্যানথ্রপিকের সমকক্ষ বলেই বিবেচিত হয়।

২০২৫ সালের জুলাইয়ে মার্কিন বিভিন্ন সরকারি সংস্থার জন্য গ্রক-এর বিশেষ সংস্করণ ঘোষণা করেছিল এক্সএআই। তবে তার ঠিক আগে চ্যাটবটটি ফ্যাসিবাদী প্রচারণা ও ইহুদিবিদ্বেষী কথাবার্তা বলতে শুরু করে এবং নিজেকে ‘মেকাহিটলার’ নামে বর্ণনা করে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি ব্যয় বিল নিয়ে মাস্কের সঙ্গে প্রকাশ্য ঝগড়ার পর এসব ঘটনা ঘটেছে। ফলে, সরকারি সংস্থা জিএসএ থেকে গ্রক-এর অনুমোদনের বিষয়টি থমকে যায়।

এদিকে, এ সপ্তাহের শুরুতে চীনের তিনটি এআই ল্যাবের বিরুদ্ধে অভিযোগ এনেছে অ্যানথ্রপিক। কোম্পানিটির অভিযোগ, তাদের মডেল উন্নত করতে ক্লড-এর ওপর ‘ডিস্টিলেশন অ্যাটাক’ বা এক ধরনের ডেটা চুরির কৌশল চালিয়েছে এসব চীনা কোম্পানি।