০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

কিছু সময়ের জন্য নাভালনির স্ত্রী’র অ্যাকাউন্ট স্থগিত এক্স-এ

সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় না থাকলেও নিজের প্রয়াত স্বামীর ক্রেমলিন বিরোধী প্রচারণায় সমর্থন দিতে সোমবার এক্স-এ একটি অ্যাকাউন্ট তৈরি করেন ইউলিয়া।

কিছু সময়ের জন্য নাভালনির স্ত্রী’র অ্যাকাউন্ট স্থগিত এক্স-এ

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

Published : 21 Feb 2024, 05:43 PM

Updated : 21 Feb 2024, 05:43 PM

নিজের প্রয়াত স্বামী আলেক্সি নাভালনির ‘রাশিয়া মুক্তির লড়াই’ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার একদিন পরই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়ার অ্যাকাউন্ট কিছু সময়ে জন্য স্থগিত করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স।

রাশিয়ার কারাগারে আলেক্সি নাভালনির মৃত্যু নিশ্চিত হওয়ার কয়েকদিন পর গেল সোমবার ‘স্বাধীন রাশিয়া’র জন্য লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছিলেন ইউলিয়া।

মঙ্গলবার বিকেল থেকেই ইউলিয়ার অ্যাকাউন্টে প্রবেশ করা যাচ্ছে না।

এ বিষয়ে এক বিবৃতিতে এক্স বলেছে, প্ল্যাটফর্মটির ’ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ত্রুটির’ কারণে তার অ্যাকাউন্টটিকে ‘ভুলবশত’ ব্লক করা হয়েছে।

এক্স-এর অফিসিয়াল সেইফটি অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, “প্ল্যাটফর্মের ম্যানিপুলেশন ও স্প্যামবিষয়ক নীতিমালায় @yulia_navalnaya নামের অ্যাকাউন্টটি নিয়ম লঙ্ঘন করেছে বলে ভুলবশত উল্লেখ করা হয়েছে।”

“আমরা এ ত্রুটি সম্পর্কে জানার পরপরই ইউলিয়ার অ্যাকাউন্টটি স্থগিত করেছি। পাশাপাশি, এক্স-এর প্রতিরক্ষা ব্যবস্থাতেও আপডেট আনছি আমরা।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় না থাকলেও নিজের প্রয়াত স্বামীর ক্রেমলিন বিরোধী প্রচারণায় সমর্থন দিতে সোমবার এক্স-এ একটি অ্যাকাউন্ট তৈরি করেন ইউলিয়া।

একইদিনে পোস্ট করা এক ভিডিও বার্তায় রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে নাভালনির দেহ থেকে ‘নোভিচক’ নামের বিষের আলামত গায়েব করে তার মরদেহ লুকিয়ে রাখার অভিযোগ তোলেন ইউলিয়া।

অন্যদিকে ক্রেমলিন বলেছে, অভিযোগটি ভিত্তিহীন ও নাভালনির মৃত্যু নিয়ে তদন্ত চলছে।

আবেগঘন ওই ভিডিও বার্তায় ইউলিয়ার কণ্ঠে শোক ও ক্রোধের ছাপ খুঁজে পাওয়া যায়, যা শেয়ার করেছেন অনেক এক্স ব্যবহারকারীই।

ভিডিওটি আপলোড করার পর ইউলিয়ার অ্যাকাউন্টে এক লাখেরও বেশি ফলোয়ার যোগ হয়েছিল।

এক্স-এর নির্দেশিকা অনুসারে, কোনও অ্যাকাউন্টে নিরাপত্তা ঝুঁকি থাকলে সম্ভাব্য স্প্যাম বা অপব্যবহার রোধে তারা সে অ্যাকাউন্টটি বন্ধ করার ক্ষমতা রাখে।