১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অ্যানথ্রপিক প্রধানের স্ত্রী এপস্টাইন ফাইলে, কে এই ক্যামি ক্লার্ক?

এ বছরের শুরুতে মার্কিন বিচার বিভাগ হাজার হাজার গোপন নথি জনসম্মুখে প্রকাশের পর থেকে এপস্টাইনের সম্পর্কিত প্রতিটি নামই আন্তর্জাতিক মিডিয়ার কড়া নজরদারিতে রয়েছে।

অ্যানথ্রপিক প্রধানের স্ত্রী এপস্টাইন ফাইলে, কে এই ক্যামি ক্লার্ক?
আমোদেইয়ের স্ত্রী ক্যামি ক্লার্ক একসময় দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের কাছে বিনিয়োগ পাওয়ার চেষ্টা করেছিলেন। ছবি: এআই ব্যবহার করে তৈরি

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 05:45 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

এআই কোম্পানি অ্যানথ্রপিক-এর সম্ভাব্য ২ ট্রিলিয়ন ডলারের আইপিও আবেদনের মুখে সিইও দারিও আমোদেইয়ের স্ত্রী ক্যামি ক্লার্ক ও কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের গোপন যোগাযোগের তথ্য প্রকাশ্যে এনেছে মার্কিন এক প্রকাশনা।

আমোদেইয়ের স্ত্রী ক্যামি ক্লার্ক একসময় দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের কাছে বিনিয়োগ পাওয়ার চেষ্টা করেছিলেন– এমন দাবি উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে।

আদালতের ইমেইল সংক্রান্ত নথি ও সংবাদমাধ্যমটির অনুসন্ধানে ক্লার্কের অতীত ব্যবসায়িক কর্মকাণ্ডের এই তথ্য প্রকাশ্যে আসার পর এআই কোম্পানি এবং তার সিইও স্বামীর ওপর ক্লার্কের ব্যক্তিগত প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে আরেক প্রকাশনা ফোর্বস।

জার্নাল তাদের প্রতিবেদনে ক্যামি ক্লার্ককে দারিও আমোদেই ও অ্যানথ্রপিকের একজন ‘কৌশলগত উপদেষ্টা’ হিসেবে বর্ণনা করেছে। গুগলের সাবেক প্রধান নির্বাহী এরিক স্মিডের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক শেষে ২০২২ সালে আমোদেইকে বিয়ে করেন প্রযুক্তি উদ্যোক্তা ক্লার্ক।

প্রযুক্তি খাতে নিজের ক্যারিয়ার গড়ার প্রক্রিয়ায় বিভিন্ন সময় বেশ কিছু ভিন্নধর্মী ব্যবসা শুরুর চেষ্টা করেছিলেন ক্লার্ক। যার মধ্যে নারীদের উপযোগী ‘ফ্রি লাক্সারি পর্ন’ কোম্পানি ও এক ‘সোশাল ডায়েটিং অ্যাপ’ গড়ে তোলার উদ্যোগ অন্যতম।

এপস্টাইন ফাইলসের গোপন নথিতে দেখা গেছে, ২০১১ সালের মার্চে সাহিত্য প্রতিনিধি জন ব্রকম্যানের মাধ্যমে এপস্টাইনের সঙ্গে প্রথম যোগাযোগ হয় ক্লার্কের।

ওই সময় ব্রকম্যান এক ইমেইলে এপস্টাইনকে পরামর্শ দিয়ে লিখেছিলেন, “তোমার আমার মেয়েদের সঙ্গে নৈশভোজে যোগ দেওয়া উচিত।” এখানে ‘মেয়েদের’ বলতে তিনি ক্যামি ক্লার্ক ও তার ব্যবসায়িক অংশীদার মিচেল কাপোসেফালোকে নির্দেশ করেছিলেন।

ব্রকম্যানের সেই ইমেইলের জবাবে ক্লার্ক লিখেছিলেন, “আজ সন্ধ্যায় আপনার সঙ্গে ডিনার করতে পারলে আমরা আনন্দিত হব।”

এর ঠিক পরদিনই অন্য এক ইমেইলে নিজ কোম্পানির তহবিলের প্রয়োজনীয়তার বিবরণ তুলে ধরে এপস্টাইনকে উদ্দেশ্য করে ক্লার্ক লিখেছেন, “গত রাতে আপনার সঙ্গে দেখা হয়ে চমৎকার লেগেছে!”

পরবর্তীতে ২০১২ সালের মার্চ মাসে পাঠানো আরেকটি ইমেইলে ক্লার্ক ও তার সহকর্মী তাদের ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করতে এপস্টাইন আগ্রহী কি না তা জানতে চান। তবে এসব যোগাযোগের পর এপস্টাইন শেষ পর্যন্ত ওই ব্যবসায় কোনো অর্থ ঢেলেছিলেন কি না, তার কোনো প্রমাণ মেলেনি এপস্টাইন ফাইলসের নথিতে।

২০০৮ সালেই অপ্রাপ্তবয়ষ্ক মেয়েদের ওপর যৌন নিপীড়নের অভিযোগে মার্কিন আদালতে দোষী সাব্যস্ত হয়ে নিবন্ধিত যৌন অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছিলেন জেফ্রি এপস্টাইন। ক্লার্ক তার সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছিলেন ওই শাস্তির কয়েক বছর পরেই।

ওয়াল স্ট্রিট জার্নালের এই অনুসন্ধানী প্রতিবেদনের বিষয়টি সামনে আসার পর এপস্টাইনের সঙ্গে নিজের অতীত সম্পর্ক বা যোগাযোগের বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি ক্লার্ক।

এপস্টাইন ফাইলসের নথি ঘেঁটে ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, জন ব্রকম্যানের মাধ্যমে প্রথম পরিচয়ের কেবল কয়েক দিন পরই ২০১১ সালের মার্চে এপস্টাইনকে নিজের পর্ন কোম্পানির প্রথম কয়েকটি চলচ্চিত্রের স্ক্রিপ্ট ও বিষয়বস্তু পাঠিয়েছিলেন ক্লার্ক।

ইমেইলে তিনি বলেছিলেন, এপস্টাইন ও তার সঙ্গে থাকা ‘নারীরা’ হয়ত এগুলো উপভোগ করবেন এবং কনটেন্টগুলো কিছুটা ‘সংবেদনশীল ও প্রাপ্তবয়স্কদের উপযোগী’।

ফাইলে থাকা তথ্য অনুসারে, ২০১২ সালের মার্চে ক্লার্ক ও এপস্টাইনের মধ্যে দীর্ঘ বার্তা আদান-প্রদান হয়। অন্তর্বাস বা অন্তর্বাসজাতীয় পোশাকের ব্যবসা শুরু করতে যাওয়া অন্য এক নারী উদ্যোক্তার সঙ্গে এপস্টাইনের যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য ক্লার্ক ইমেইল পাঠালে এপস্টাইন শুরুতে লেখেন, “দুঃখিত, পরিচয়টা ঠিক মনে পড়ছে না।”

জবাবে ক্লার্ক যখন তাকে মনে করিয়ে দিয়ে লেখেন যে তিনি সেই ‘ফ্রি লাক্সারি পর্ন কোম্পানির’ প্রতিষ্ঠাতা ও জিজ্ঞেস করেন তার কথা ‘মনে পড়ছে কি না’। ওই সময় এপস্টাইন লেখেন, “হ্যাঁ, খুব জোরে কাঁসার ঘণ্টা বাজার মতো মনে পড়েছে।”

এপস্টাইনের এই মন্তব্যের জবাবে ক্লার্ক লিখেছেন, “আমি ভাবছিলাম, আপনিই হয়ত প্রথম ব্যক্তি হবেন যিনি আমাদের কথা ভুলে গেছেন।”

আলাপের এক পর্যায়ে ক্লার্ক নিউ ইয়র্কে এপস্টাইনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। তবে এপস্টাইন জানান যে, তিনি তখন ক্যারিবীয় অঞ্চলে অবস্থান করছিলেন। অবশ্য তিনি বলেছেন, “যেটা তোমার কাছে সম্ভাবনাময় বলে মনে হয়, তা পর্যালোচনা করে দেখতে আমি রাজি।”

এরপর এপস্টাইন জানতে চান ক্লার্কের পর্ন কোম্পানির পরিকল্পনা কী অবস্থায় আছে। ক্লার্ক বলেছেন, তাদের কাজ ‘পূর্ণ শক্তিতে এগিয়ে চলেছে’ এবং ভিডিও জগতে প্রবেশের জন্য এপস্টাইনের কাছে বিনিয়োগের আনুষ্ঠানিক প্রস্তাব তুলে ধরেন।

জবাবে এপস্টাইন সংক্ষেপে লেখেন, “পর্দায় যৌন ব্যবসা আমার পক্ষে সম্ভব নয়।” ক্লার্কও তাতে সম্মতি জানিয়ে লিখেছেন, “আমিও তা-ই ভেবেছিলাম।”

এরপর ক্লার্ক তার ‘সোশাল ডায়েটিং অ্যাপ’ এবং ওয়েবসাইটের ধারণাও এপস্টাইনের সামনে তুলে ধরে বলেছেন, অ্যাপটি ব্যবহারকারীর স্বাস্থ্য বিষয়ক ডিভাইস থেকে ডেটা সংগ্রহ করে তার ওপর ভিত্তি করে ইনফোগ্রাফিক তৈরি করবে, যা চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে। তবে এ প্রস্তাবে এপস্টাইন শেষ পর্যন্ত কোনো সাড়া দিয়েছিলেন কি না নথিতে তা স্পষ্ট নয়।

এপস্টাইন ফাইলসের অন্যান্য ইমেইল থেকে আরও দেখা যায়, ক্লার্ক তার যোগাযোগের তালিকায় এপস্টাইনকে রেখেছিলেন। ২০১২ সালের জুলাইয়ে নিজের নতুন বাড়ির উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি এপস্টাইনকে আমন্ত্রণ জানান।

এ ছাড়া এর এক বছর পর ২০১৩ সালে পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিংকডইনেও ক্লার্কের সঙ্গে যোগ হন এপস্টাইন। তবে নথির বিবরণ বলছে, প্রথম সাক্ষাতের পর এই দুজনের মধ্যে পরবর্তীতে আর কখনো সরাসরি দেখা হয়েছিল কি না, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ফোর্বসের সাম্প্রতিক হিসাব অনুসারে, অ্যানথ্রপিক প্রধান আমোদেইয়ের মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৫৫০ কোটি ডলার। এর মাধ্যমে তিনি তার প্রতিযোগী ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানকে (যার সম্পদ ৩৪০ কোটি ডলার এবং নিজের কোম্পানি তার কোনো শেয়ার নেই) পেছনে ফেললেও গ্রক বা এক্সএআই প্রধান ইলন মাস্কের (৮৬ হাজার ৩২০ কোটি ডলার) চেয়ে বেশ অনেকটাই পিছিয়ে রয়েছেন।

তবে প্রযুক্তি জগতের এই প্রভাবশালী সিইও’র অর্ধাঙ্গিনী ক্লার্ককে নিয়ে আলোচনা হলেও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বাইরে তার সম্পর্কে খুব কম তথ্যই প্রকাশ্যে এসেছে।

অ্যানথ্রপিকের নিজস্ব এআই মডেল ক্লড’কে প্রশ্ন করা হয়েছিল, আমোদেই বিবাহিত কি না? তবে মডেলটি তা জানাতে পারে না বলে ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

সংবাদমাধ্যমটির এক বেনামী সূত্রের দাবি, ইন্টারনেট ও পাবলিক প্ল্যাটফর্ম থেকে ক্লার্ক সংক্রান্ত সব তথ্য ও তথ্যসূত্র সরিয়ে ফেলার সুনির্দিষ্ট ও ‘পরিকল্পিত প্রচেষ্টা’ চালানো হয়েছে।

ক্লার্ক ও এপস্টাইনের সংযোগ সংক্রান্ত তথ্যটি এমন সময়ে সামনে এল যখন এ শরতেই অ্যানথ্রপিক শেয়ারবাজারে যাওয়ার জোর প্রস্তুতি নিচ্ছে। আনুমানিক ২ ট্রিলিয়ন ডলার বা তারও বেশি মূল্যায়নের সম্ভাবনাময় এই আইপিও’র আগে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দৌড়ঝাঁপ করছে কোম্পানিটি।

স্বাভাবিকভাবেই এমন সময় আমোদেইয়ের নেতৃত্ব এবং পর্দার আড়ালে থাকা ক্লার্কের পরামর্শক ভূমিকার জন্য সংকটময় মুহূর্ত।

অন্যদিকে, এ বছরের শুরুতে মার্কিন বিচার বিভাগ লাখ লাখ গোপন নথি জনসম্মুখে প্রকাশের পর থেকে এপস্টাইনের সম্পর্কিত প্রতিটি নামই আন্তর্জাতিক মিডিয়ার কড়া নজরদারিতে রয়েছে।

প্রয়াত এপস্টাইনের সঙ্গে সম্পর্ক থাকা অনেক প্রভাবশালী ব্যক্তিত্বকে এরইমধ্যে মার্কিন কংগ্রেসে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও তার সঙ্গে নাম জড়িয়ে পড়া বহু হাই-প্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ অপরাধের অভিযোগ মেলেনি।