Published : 13 Nov 2025, 10:35 AM
ছয় দিন ধরে রিদমভিত্তিক মিউজিক গেইম ‘ড্যান্স ড্যান্স রেভোলিউশন’ খেলে দীর্ঘতম ভিডিও গেইম ম্যারাথনের নতুন রেকর্ড গড়েছেন এক হাঙ্গেরিয়ান ব্যক্তি।
রেকর্ড বইয়ে নাম লেখাতে তিন হাজারেরও বেশি গানের তালে নাচে ২২ হাজারেরও বেশি ক্যালোরি পুড়িয়েছেন বুদাপেস্টের সাবোলস সিপে।
বিবিসি লিখেছে, ৩৪ বছর বয়সী সিপে নিজের গেইমিং চ্যানেলে ‘গ্রাসহপার’ নামে পরিচিত। তিনি বলেছেন, এ মারাথনের জন্য প্রস্তুতি নিতে ছয় মাস সময় লেগেছে তার। এ প্রস্তুতির সময় শারীরিক ব্যায়াম করেছেন তিনি, বিশেষ করে ‘পা ও শ্বাস-প্রশ্বাসের’ ওপর মনোযোগ দিয়েছেন সিপে। এর সঙ্গে ছিল ডায়েট প্ল্যানও।
সিপে বলেছেন, “ড্যান্স ড্যান্স রেভোলিউশন গেইম আমার সবসময়ই পছন্দের”। ফলে এ “চ্যালেঞ্জটিকে ক্লান্তিকর হলেও আনন্দময় হিসাবে বর্ণনা করাই সবচেয়ে ভালো।”
আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মাধ্যম স্বীকৃতি পেয়েছে তার এই কীর্তি।
জাপানি ভিডিও গেইম সিরিজ ‘ড্যান্স ড্যান্স রেভোলিউশন’ প্রথমবারের মতো ১৯৯৮ সালে আর্কেডে মুক্তি পায়। এ খেলায় গেইমাররা একটি ড্যান্স প্ল্যাটফর্ম বা ম্যাটের উপর দাঁড়িয়ে রঙিন তীর চিহ্নগুলোকে পায়ে চাপেন, যাতে দৃশ্য ও গানের সঙ্গেই তাল মিলিয়ে পয়েন্ট মেলে।
‘ড্যান্স ড্যান্স রেভোলিউশন’ গেইমটি এত জনপ্রিয় হয়েছে যে, এর থেকে অনেক নতুন বা ভিন্ন সংস্করণের গেইম তৈরি হয়েছে, যার কিছু গেইম আর্কেডে খেলা যায়, আবার কিছু ঘরে যেমন– প্লে স্টেশন বা এক্সবক্স-এ কনসোলেও খেলা যায়।
এসব গেইম ফিটনেসের উপায় হিসাবেও জনপ্রিয় হয়ে উঠেছে এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্কুলের ব্যায়াম প্রোগ্রামে অন্তর্ভুক্ত রয়েছে। ২০০৪ সালে গেইমটিকে আনুষ্ঠানিকভাবে স্পোর্ট ইভেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে নরওয়ে।
গেইমটি ইন্টারনেট ও ভিডিও গেইম প্রতিযোগিতার জগতে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, বিশ্বের বিভিন্ন দেশের গেইমাররা এ গেইমের আনুষ্ঠানিক বা ফ্যানদের আয়োজন করা টুর্নামেন্টে অংশ নিয়ে প্রতিযোগিতাও করছেন।
সিপে বলেছেন, এই চ্যালেঞ্জ নেওয়ার অনুপ্রেরণা পেয়েছেন আগের রেকর্ডধারী ক্যারি সুইডেকিকে দেখে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র থেকে ‘জাস্ট ড্যান্স’ নামের গেইম খেলে প্রায় ১৩৮ ঘণ্টা ব্যয় করেছিলেন তিনি।
তবে এ উৎসাহী গেইমার একজন আইটি ইঞ্জিনিয়ার। এই নাচের কীর্তি করার আগে আরও কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি। ২০২১ সালে দুইটি রেকর্ড করেছেন সিপে। একটি হচ্ছে ‘নারুতো’ গেইমে দীর্ঘতম ভিডিও গেইম মারাথনে ২৮ ঘণ্টা ১১ মিনিট ৩২ সেকেন্ড ‘নারুতিমেত্তো আকুসেরু ২’ খেলে এবং অন্যটি ‘টেট্রিস ইফেক্ট’ গেইমে ৩২ ঘণ্টা ৩২ মিনিট ৩২ সেকেন্ড খেলে রেকর্ড গড়েছেন তিনি।
২০২৩ সালে ‘গ্রান তুরিসমো ৭’ গেইমে ৯০ ঘণ্টার একটি সেশন তাকে আরও তিনটি রেকর্ড এনে দিয়েছে, যার মধ্যে রেসিং সিমুলেটর গেইমে দীর্ঘতম ভিডিও গেইম মারাথনও রয়েছে।
ছোটবেলায় ‘সবসময় লাফিয়ে বেড়াতেন’ বলে ‘গ্রাসহপার’ ডাকনামে পরিচিত সিপে। তিনি বলেছেন, প্রায় ২০ বছর ধরে ‘ড্যান্স ড্যান্স রেভোলিউশন’ খেলছেন। তবে এই মারাথন সহজ কোনো নাচের মতো ছিল না।
অসাধারণ প্রচেষ্টার পরও বিশ্ব রেকর্ডধারী সিপে বলেছেন, ভবিষ্যতে কেউ যদি তার এই রেকর্ড ভাঙেন তবে নিজের নাচের মুকুট রক্ষার জন্য ‘অবশ্যই ফিরে আসবেন’ তিনি।