২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আফ্রিকায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গেটস-ওপেনএআই জোট

এ প্রকল্পটির মাধ্যমে আফ্রিকার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে কীভাবে এ প্রযুক্তিকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়।

আফ্রিকায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গেটস-ওপেনএআই জোট
গেটস বারবারই এআইকে বিশ্বের অন্যতম পরিবর্তনকারী প্রযুক্তি হিসেবে উল্লেখ করে আসছেন। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 10:42 AM

Updated : 26 Aug 2026, 05:37 PM

আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের লক্ষ্যে ৫ কোটি ডলারের এক যৌথ উদ্যোগ শুরু করেছে বিল গেটস ফাউন্ডেশন ও চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই।

‘হরাইজন১০০০’ নামের এ প্রকল্পের মাধ্যমে আফ্রিকার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনায় নির্ধারিত হবে কীভাবে এ প্রযুক্তিকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়। এ কাজ আফ্রিকার দেশ রোয়ান্ডা থেকে শুরু হবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

এ উদ্যোগের ঘোষণা দিয়ে এক ব্লগ পোস্টে বিল গেটস লিখেছেন, “যেসব দরিদ্র দেশে স্বাস্থ্যকর্মীর অভাব ও চিকিৎসার অবকাঠামো দুর্বল, সেখানে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে এআই এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।”

গেটস বারবারই এআইকে বিশ্বের অন্যতম পরিবর্তনকারী প্রযুক্তি হিসেবে উল্লেখ করে আসছেন। এরইমধ্যে এআই নিয়ে বেশ কিছু কাজও শুরু করেছে গেটসের ফাউন্ডেশন।

অন্যদিকে, গত বছর রাজধানী কিগালিতে এক এআই হেলথ হাব স্থাপন করেছে রোয়ান্ডা।

গেটস বলেছেন, ‘হরাইজন১০০০’ প্রকল্পের লক্ষ্য ২০২৮ সালের মধ্যে বিভিন্ন দেশে এক হাজারটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও এর আশপাশের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া।

বর্তমানে আন্তর্জাতিক সাহায্যের বাজেট কমে যাওয়ায় বিপাকে পড়েছে অনেক নিম্ন আয়ের দেশ। ঠিক এমন সময়ই এ উদ্যোগ নিল ওপেনএআই ও গেটস।

গত ডিসেম্বরেই গেটস সতর্ক করে বলেছিলেন, আন্তর্জাতিক সাহায্যের বাজেট কমে যাওয়ার কারণেই এ শতাব্দীতে প্রথমবারের মতো এমন সব রোগে শিশু মৃত্যুর হার বেড়েছে, যা সঠিক চিকিৎসায় এড়ানো সম্ভব ছিল।

গেটস আরও বলেছেন, যেসব দেশে দক্ষ স্বাস্থ্যকর্মীর তীব্র সংকট রয়েছে, সেখানে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হিসাব অনুসারে সাব-সাহারা আফ্রিকায় বর্তমানে প্রায় ৬০ লাখ স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে।