Published : 06 Aug 2026, 02:24 PM
অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেট ও স্মার্টওয়াচ থেকে সেপ্টেম্বর থেকে পুরোপুরি বিদায় নিচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত নতুন সহকারী জেমিনাই’কে গুরুত্ব দিতে জনপ্রিয় সেবাটি বন্ধের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেছে টেক জায়ান্ট গুগল।
গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে জেমিনাই’তে রূপান্তরের প্রক্রিয়ার মধ্যেই অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেট ও স্মার্টওয়াচসহ বেশ কিছু ডিভাইস থেকে অ্যাসিস্ট্যান্ট সুবিধা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পর্যায়ক্রমে এই সেবা ইতিহাস হয়ে যাবে।
প্রযুক্তি সংবাদের সাইট নাইনটুফাইভগুগল প্রতিবেদনে লিখেছে, এ বিষয়ে এ মাসের শুরুতেই ব্যবহারকারীদের ইমেইল পাঠাতে শুরু করেছে সার্চ জায়ান্টটি।
আগামী ৪ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট ডিভাইস থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। সবার কাছে এ পরিবর্তন পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এবং প্রক্রিয়াটি সম্পন্ন হলে এসব ডিভাইসে অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে না।
যেসব অ্যান্ড্রয়েড ফোন জেমিনাই চালানোর ন্যূনতম প্রযুক্তিগত শর্ত পূরণ করে এবং যেসব অঞ্চলে এ এআই চ্যাটবটটি সচল রয়েছে, সেখানে এ পরিবর্তন কার্যকর হবে।
পাশাপাশি জেমিনাই সাপোর্ট করে এমন সংযোগওয়ালা ডিভাইসগুলোও, যেমন ওয়্যারলেস হেডফোন এ পরিবর্তনের আওতায় আসবে।
তবে গুগল টিভি, গুগল হোম বা স্মার্ট ডিসপ্লেগুলোতে কোনো পরিবর্তন আসছে না।
গুগল আগেই বলেছিল, যেসব পুরানো ফোনে অ্যান্ড্রয়েড ৯ বা তার আগের সংস্করণ রয়েছে এবং র্যাম ২ জিবি’র কম সেগুলোতে মৌলিক কার্যক্রম পরিচালনার জন্য অ্যাসিস্ট্যান্টের পুরানো সংস্করণই চালু থাকবে।
এ ছাড়া যেসব গাড়িতে ‘গুগল বিল্ট-ইন’ রয়েছে সেগুলোতেও অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে। তবে মোবাইল ফোন থেকে ‘অ্যান্ড্রয়েড অটো’ প্রজেক্ট করে চালানো যানবাহনগুলোতে এটা আর থাকছে না।
ব্যবহারকারী যদি নিজের অ্যান্ড্রয়েড ডিভাইসে এখনও জেমিনাই ব্যবহার না করে থাকেন এবং তা ব্যবহার করতে চান তবে গুগল প্লে স্টোর থেকে জেমিনাই অ্যাপটি ডাউনলোড করে শুরু করতে পারেন।
অ্যাপটি ডাউনলোড না করলে চ্যাটবট ছাড়াই ডিভাইস ব্যবহারের সুযোগ থাকছে।