১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেসেজ ও কলের জন্য গারমিন স্মার্টওয়াচে এল হোয়াটসঅ্যাপ

স্মার্টফোন পকেট থেকে বের না করেই এ অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের ইনকামিং কল রিসিভ করা বা কেটে দেওয়া যাবে।

মেসেজ ও কলের জন্য গারমিন স্মার্টওয়াচে এল হোয়াটসঅ্যাপ
স্মার্টওয়াচ মডেল এ অ্যাপ ব্যবহারের উপযোগী কি না তা ব্যবহারকারীরা ‘কানেক্ট আইকিউ’ স্টোর থেকে দেখে নিতে পারবেন। ছবি: গারমিন

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 05:09 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

গারমিন স্মার্টওয়াচ ব্যবহারকারীরা এখন থেকে নির্দিষ্ট কিছু মডেলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। এতে ফোন পকেট থেকে বের না করেই ঘড়ি থেকে মেসেজ পড়া, রিপ্লাই দেওয়া ও কল রিসিভের সুবিধা মিলবে। 

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, নির্বাচিত কিছু গারমিন স্মার্টওয়াচের জন্য এখন হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপ এসেছে। বর্তমানে ‘গারমিন কানেক্ট আইকিউ’ স্টোরে তা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

হোয়াটসঅ্যাপ চ্যাটিং প্ল্যাটফর্ম হওয়ার কারণে এ নতুন অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি স্মার্টওয়াচ থেকেই মেসেজ পড়তে, উত্তর দিতে, ইমোজি পাঠাতে এবং আগের চ্যাটিং হিস্ট্রিও দেখে নিতে পারবেন।

স্মার্টফোন পকেট থেকে বের না করেই এ অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের ইনকামিং কল রিসিভ করা বা কেটে দেওয়া যাবে। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপের বিভিন্ন মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড বা কোডেড অবস্থায় থাকবে।

এর আগে, গারমিন বলেছিল, এ সুবিধাটি সব ধরনের গারমিন ঘড়ির জন্য নয়। কেবল নির্দিষ্ট কিছু ‘ফোররানার’, ‘ভেনু’, ‘ভিভোঅ্যাকটিভ’ ও ‘ফেনিক্স’ সিরিজের স্মার্টওয়াচের সঙ্গে কাজ করবে।

ব্যবহারকারীর স্মার্টওয়াচের মডেলটি এ অ্যাপ ব্যবহারের উপযোগী কি না তা ‘কানেক্ট আইকিউ’ স্টোর থেকে দেখে নিতে পারবেন।

স্মার্টওয়াচ প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ সমর্থন তালিকায় গারমিন সর্বশেষ সংযোজন। গেল বছরের শেষদিকে অ্যাপল ওয়াচের জন্য একটি সংস্করণ চালু করেছিল মেটা।

এর আগে, অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের সরাসরি স্মার্টওয়াচ থেকে উত্তর দেওয়ার জন্য আইফোনের ‘নোটিফিকেশন মিরর’ বা কপি করে কাজ চালাতে হত।