Published : 22 Sep 2024, 04:11 PM
ব্রাজিলের সুপ্রিম কোর্টের নির্ধারিত বিভিন্ন শর্ত মেনে চলতে অস্বীকার করার কয়েক সপ্তাহ পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স উল্টো পথে হাঁটছে যা দেশটিতে আবারও প্ল্যাটফর্মটিকে কাজের অনুমতি দেবে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, কোম্পানির আইনজীবীরা শুক্রবার আদালতে পেশ করা মামলার নথিতে বলেছেন, বিচারক আলেকজান্দ্রে দে মোরেসের দাবি অনুসারে ব্রাজিলে একজন আইনী প্রতিনিধির নাম দিয়েছে এক্স। পাশাপাশি, গণতন্ত্রের জন্য হুমকি হিসাবে কিছু অ্যাকাউন্ট চিহ্নিত করেছিলেন এ বিচারক; সেগুলো সরিয়ে ফেলে জরিমানাও চুকিয়ে দিয়েছে প্ল্যাটফর্মটি।
এদিকে, ব্রাজিল সুপ্রিম কোর্ট বলেছে, সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়নি এক্স। এর জন্য পাঁচ দিন সময় আছে বলেও জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
ব্রাজিলের আইন অনুসারে, এক্স যে আইনি প্রতিনিধি নিয়োগ করেছে তারই কাগজপত্র তারা জমা দিতে ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
শুক্রবার ফাইলিংয়ে এক্স নতুন আইনি প্রতিনিধি হিসাবে রাচেল ডি অলিভেরা কোসিকাওয়ের নাম দিয়েছে।
প্ল্যাটফর্মটি আগস্টের শেষে ব্লকড হওয়ার পর ব্রাজিলের ব্যবহারকারীদের পরিষেবা পুনরুদ্ধার করার জন্য কাজ করছে এবং ক্লাউডফ্লেয়ারের ডিএনএস ব্যবহার করে সপ্তাহের শুরুতে সংক্ষিপ্তভাবে অনলাইনে ফিরে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
তবে, কোম্পানিটি এও বলেছিল যে ফিরে আসার বিষয়টি “অবৈধ এবং অস্থায়ী” ছিল।
“যদিও আমরা ধারণা করি ব্রাজিলে আবারও এক্স বন্ধ হয়ে যাবে। তবে, ব্রাজিলের মানুষদের জন্য দ্রুত ফিরে আসার জন্য আমরা দেশটির সরকারের সঙ্গে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।” – প্ল্যাটফর্মটি সাময়িক ফিরে আসার সময় এক বিবৃতিতে বলেন এক এক্স মুখপাত্র।
ব্রাজিলের নিষেধাজ্ঞা অমান্য করলে এক্স ও স্টারলিংককে দৈনিক অন্তত ১০ লাখ ডলার জরিমানা করার হুমকি দিয়েছিল দেশটি। পাশাপাশি, বিচারক মোরেস এও আদেশ দিয়েছিলেন, কেউ ভিপিএন দিয়ে এক্স ব্যবহার করে ধরা পড়লে তাকে অন্তত আট হাজার ৯০০ ডলার জরিমানা করা হতে পারে।
সমস্যা সমাধান করে ব্রাজিলে আইনিভাবে এক্স ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবেই কোম্পানি সর্বশেষ পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
আরও খবর: