Published : 27 Dec 2025, 12:02 PM
স্কুল জীবনে অনেকে শখের বশে বা না বুঝে অদ্ভুত সব নাম দিয়ে ইমেইল অ্যাকাউন্ট খুলেছিলেন। এখনও যারা সেইসব বিব্রতকর ইমেইল অ্যাড্রেস ব্যবহার করছেন তাদের জন্য বড়দিনের এক দারুণ উপহার নিয়ে এল গুগল।
‘হেল্প পেইজ’-এর এক আপডেটে মার্কিন সার্চ জায়ান্টটি বলেছে, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পরিবর্তনের মাধ্যমে এখন নিজেদের পুরানো জিমেইল অ্যাড্রেসটি বদলে নতুন অ্যাড্রেস দিতে পারবেন ব্যবহারকারীরা। এতে তাদের আগের সব ডেটা ও পরিষেবা আগের মতোই থাকবে।
তবে ইমেইল অ্যাড্রেস পরিবর্তনের এ নতুন নির্দেশিকাটি আপাতত কেবল গুগলের সাপোর্ট পেইজের হিন্দি সংস্করণে দেখা যাচ্ছে। ফলে এ সুবিধাটি প্রথমে ভারত বা হিন্দিভাষী বাজারে চালু হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
গুগল বলেছে, এ ফিচারটি পর্যায়ক্রমে সকল ব্যবহারকারীর জন্য চালু হবে। ফলে শিগগিরই বিশ্বজুড়ে সবার জন্য পাওয়া যাবে এই সুবিধা। তবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে।
গুগলের ইংরেজি ভাষার পেইজটিতে এখনও আগের নির্দেশনাই রয়েছে, যেখানে বলা হয়েছে, বিভিন্ন জিমেইল অ্যাড্রেস ‘সাধারণত পরিবর্তন করা যায় না’।
কোন কোন অঞ্চলে ফিচারটি প্রথম চালু হবে– সিএনবিসির এ প্রশ্নের কোনো জবাব দেয়নি গুগল।
গুগলের নতুন নীতি অনুসারে, ব্যবহারকারীরা নিজেদের ইমেল অ্যাড্রেস পরিবর্তন করলেও পুরানো অ্যাড্রেসটি স্বয়ংক্রিয়ভাবে ‘এলিয়াস’ বা বিকল্প নাম হিসেবে থেকে যাবে। পুরানো ঠিকানায় পাঠানো বিভিন্ন ইমেল আগের মতোই ইনবক্সে আসবে।
এ ছাড়া ড্রাইভ, ম্যাপ ও ইউটিউবের মতো গুগলের বিভিন্ন পরিষেবায় লগ-ইনের জন্য পুরানো অ্যাড্রেসটিও ব্যবহার করা যাবে।
আগে জিমেইল অ্যাড্রেস বদলাতে চাইলে ব্যবহারকারীদের নতুন অ্যাকাউন্ট খুলতে হত। এরপর অনেক জটিল ও ঝক্কি-ঝামেলার প্রক্রিয়ার মাধ্যমে ম্যানুয়ালি সব ডেটা ট্রান্সফার করতে হত। ফলে বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপের সঙ্গে থাকা সংযোগগুলো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় থাকত।
গুগল বলেছে, ইমেল অ্যাড্রেস পরিবর্তনের পরও ছবি, মেসেজ ও ইমেলে থাকা সব ডেটা অপরিবর্তিত থাকবে।
কোম্পানিটির হিন্দি সাপোর্ট পেইজ অনুসারে, ব্যবহারকারীরা চাইলে যে কোনো সময় নিজেদের পুরানো ইমেল অ্যাড্রেসটিও ফের ব্যবহার করতে পারবেন।
তবে যারা একবার নিজেদের জিমেইল অ্যাড্রেস পরিবর্তন করবেন পরবর্তী ১২ মাসের মধ্যে তারা আর কোনো নতুন জিমেইল অ্যাড্রেস তৈরি করতে পারবেন না এবং বেছে নেওয়া নতুন অ্যাড্রেসটিও ডিলিট বা মুছে ফেলতে পারবেন না।
এ পরিবর্তনের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক দেয়নি গুগল। এটি প্রথম নজরে এসেছে ব্যবহারকারীদের ফোরাম ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন কমিউনিটিতে।