Published : 24 Oct 2025, 03:34 PM
ড্রাইভার বা চালকের কাজ আরও সহজ ও দ্রুত করতে স্মার্ট চশমা তৈরি করেছে মার্কিন ইকমার্স জায়ান্ট অ্যামাজন। কোম্পানিটির এ নতুন চশমা নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিল।
অ্যামাজন বলেছে, বর্তমানে তাদের ডেলিভারি চালকদের জন্য বিশেষ ধরনের স্মার্ট চশমা তৈরি করেছে তারা। এসব চশমাতে থাকবে এআই, যা ড্রাইভারকে রাস্তায় সঠিকভাবে পথ দেখাবে ও ডেলিভারির সময় কী করতে হবে তা সরাসরি চোখের সামনে দেখিয়ে দেবে।
কোম্পানি বলেছে, এসব চশমাতে এআইনির্ভর সেন্সিং প্রযুক্তি ও কম্পিউটার ভিশন ব্যবহৃত হয়েছে। ফলে চশমার ক্যামেরা দিয়ে কী দেখা হচ্ছে তা শনাক্ত করা যাবে। এরপর সেই তথ্যের ভিত্তিতে চোখের সামনে থাকা ডিসপ্লের মাধ্যমে নির্দেশনা পাবেন চালকরা।
মার্কিন ই কমার্স জায়ান্টটি বলেছে, এ প্রকল্পে অনেক দিন ধরে কাজ করছে তারা এবং এ বিষয়ে মতামত ও পরামর্শ পেতে শত শত ডেলিভারি চালকের ওপর চশমার প্রাথমিক সংস্করণ নিয়ে পরীক্ষা করেছে কোম্পানিটি।
চালক গাড়ি পার্ক করার সঙ্গে সঙ্গে নিজে থেকেই চালু হবে চশমাটি। এরপর, ডেলিভারি করতে হবে এমন বিভিন্ন প্যাকেজ তাদের অবস্থানের ওপর ভিত্তি করে দেখানো হয়।
চালকরা ‘হেডস আপ ডিসপ্লে’ বা চশমার সামনে থাকা ডিসপ্লের মাধ্যমে তাদের প্যাকেজের তালিকা দেখতে পাবেন। চালকদের সঠিক প্যাকেজ হাতে নেওয়ার বিষয়টিও তাদের জানাবে স্মার্ট চশমা।
গাড়ি থেকে নামার সময়, চশমা তাদের ডেলিভারি ঠিকানায় পৌঁছানোর জন্য ‘টার্ন-বাই-টার্ন’ ন্যাভিগেশন দেখাবে। পাশাপাশি পথে থাকা ঝুঁকি বা বাধার সতর্কতাও দেবে এবং জটিল জায়গা যেমন অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ভেতবে প্রবেশে সাহায্য করবে।
সহজ ভাবে বললে, নতুন ডিভাইস চালকদের ফোন ব্যবহার না করেই ঠিকানা খুঁজে পেতে ও প্যাকেজ ডেলিভারি করতে সাহায্য করবে। এ ছাড়া, চালকরা এই চশমা দিয়ে ডেলিভারির প্রমাণ হিসেবে ছবিও তুলতে পারবেন।
অ্যামাজনের স্মার্ট গ্লাসের সঙ্গে একটি ভেস্ট বা জ্যাকেট জোড়া থাকবে, যাতে রয়েছে একটি কন্ট্রোলার ও বিশেষ জরুরি বাটন। এই বাটনে প্রেস করে যাত্রার সময় জরুরি সেবায় কল করা যাবে।
ডিভাইসটিতে থাকবে পরিবর্তনযোগ্য ব্যাটারি, যা পুরো দিনের ব্যবহার নিশ্চিত করবে। চালকদের প্রয়োজন অনুসারে চশমায় লেন্স ও ট্রানজিশনাল লেন্সও লাগানো যাবে।
কোম্পানিটি আশা করছে, ভবিষ্যতে এসব চশমা চালকদের সতর্ক করবে, যাতে তারা ভুল ঠিকানায় প্যাকেজ ডেলিভারি না করেন এবং কোনো বাড়ির আঙিনায় পোষা প্রাণী থাকার বিষয়টি শনাক্ত করে জানাবে।
অ্যামাজনের বার্ষিক ইভেন্টে ডিভাইসটির ঘোষণায় কোম্পানিটির ট্রান্সপোর্টেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট বেরিল টোমেই বলেছেন, ‘ফোন ও প্যাকেজ দুটোই আলাদা করে ম্যানেজ করার প্রয়োজন কমিয়ে আনবে’ এ স্মার্ট চশমা এবং চালকদের ‘মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে, যা তাদের নিরাপত্তা বাড়াবে’।
তিনি আরও বলেছেন, পরীক্ষায় দেখা গিয়েছে, কাজের সময় চালকদের এক শিফটে প্রায় ৩০ মিনিট সময় বেঁচেছে।
এখনও সাধারণ মানুষের জন্য স্মার্ট চশমা তৈরির কোনো ঘোষণা দেয়নি অ্যামাজন। তবে ধারণা করা হচ্ছে, সাধারণ মানুষের জন্য স্মার্ট চশমা মডেল তৈরি করছে তারা, যেটি সম্ভবত ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুতে বাজারে আসবে।