১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আরও চওড়া স্ক্রিনের ফোল্ডএবল ফোন আনবে স্যামসাং?

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আরও চওড়া স্ক্রিনের নতুন ফোল্ডএবল ফোন বাজারে আনার পরিকল্পনা করছে স্যামসাং।

আরও চওড়া স্ক্রিনের ফোল্ডএবল ফোন আনবে স্যামসাং?
২০২৭ সালের মধ্যে একসঙ্গে মোট পাঁচটি ভাঁজওয়ালা ডিভাইস বাজারে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে স্যামসাং। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 11:29 AM

Updated : 11 Sep 2026, 03:51 PM

ফোল্ডএবল ফোনের বিপুল সাফল্যের পর এবার ভিডিও দেখার অভিজ্ঞতা ভালো করতে আরও চওড়া স্ক্রিনের নতুন ফোল্ডএবল স্মার্টফোন তৈরির পরিকল্পনা করছে স্যামসাং।

বাজারজুড়ে ‘স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮’-এর অভাবনীয় সাফল্য এ প্রযুক্তিতে দক্ষিণ কোরীয় টেক জায়ান্টটির ভাবনাচিন্তার পুরো মোড়ই বদলে দিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার আরও চওড়া স্ক্রিনের নতুন ফোল্ডএবল ফোন বাজারে আনার পরিকল্পনা করছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ‘ইটি নিউজ’-এর এক প্রতিবেদনে এমন গুঞ্জন উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, নতুন এ ফোল্ডএবল ফোনটি ২০২৭ সালে বাজারে আসতে পারে। তবে বর্তমান গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর ৪:৩ রেশিও নতুন ডিভাইসে থাকছে না।

‘ভিডিও দেখার অভিজ্ঞতাকে সেরা করতে বিশেষ অ্যাসপেক্ট রেশিওর স্ক্রিন তৈরির’ দিকে মনোযোগ দিচ্ছে স্যামসাং। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এ অ্যাসপেক্ট রেশিও ১৬:৯ বা ১৬:১০ এর কাছাকাছি হতে পারে।

তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি স্যামসাং।

বাজারে আসার পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮ প্রায় সর্বজনীন প্রশংসায় ভাসলেও কেবল একটি বিষয়ে সমালোচনা করেছিলেন সমালোচকরা, যা ছিল পর্দার ৪:৩ অ্যাসপেক্ট রেশিও।

এ কারণে বেশিরভাগ ভিডিও দেখাকালীন স্ক্রিনের ওপর-নিচে কালো বর্ডার দেখা যায়। স্যামসাংয়ের নতুন ডিভাইসটি ভিডিও প্রেমীদের সেই কাঙ্ক্ষিত সমস্যারই সমাধান করতে যাচ্ছে।

ইটি নিউজের প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে, ২০২৭ সালের মধ্যে একসঙ্গে মোট পাঁচটি ভাঁজওয়ালা ডিভাইস বাজারে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে স্যামসাং। যার মধ্যে রয়েছে বহুল আলোচিত জেড ফোল্ড ৮, জেড ফোল্ড ৮ আল্ট্রা, জেড ফ্লিপ ৮-এর পরবর্তী সংস্করণ ও একদম নতুন রূপে ফিরতে যাওয়া ‘গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড’।

বাজারে আনার পর প্রায় ২ হাজার ৯০০ ডলার দাম ও র‍্যাম সংকটের কারণে ট্রাইফোল্ড সিরিজের উৎপাদন একপর্যায়ে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল দক্ষিণ কোরীয় এই প্রযুক্তি জায়ান্ট।

ফোল্ডএবল সিরিজের এ বড় চমক দেখতে প্রযুক্তিপ্রেমীদের অবশ্য ২০২৭ সালের ‘স্যামসাং আনপ্যাকড’ ইভেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোম্পানিটির অতীত ইতিহাস বিবেচনা করলে আগামী বছরের জুলাইয়ে অনুষ্ঠিত হতে পারে এ আয়োজন।

অন্যদিকে, স্যামসাংয়ের এই বড় পরিকল্পনার মধ্যেই বাজার কাঁপাতে আসছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত ফোল্ডএবল আইফোন।

প্রযুক্তি খাতের একাধিক সূত্র বলছে, এ বছরের শেষদিকে আইফোনের নতুন লাইনআপ উন্মোচনের সঙ্গে সঙ্গেই প্রথমবার বাজারে দেখা মিলতে পারে অ্যাপলের নিজস্ব ফোল্ডএবল ডিভাইসের।