Published : 12 Jul 2026, 05:24 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি খাতের অন্যতম কোম্পানি ওপেনএআইয়ে বড় ধরনের রদবদল আসছে, আর এর কেন্দ্রে এর নিরাপত্তা ও গবেষণা বিভাগ।
এক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে কোম্পানিটির ‘সেইফটি সিস্টেমস’ বা নিরাপত্তা ব্যবস্থার প্রধান জোহানেস হাইডেকে পদত্যাগ করছেন।
যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের নতুন মডেল ‘জিপিটি-৫.৬’ আসার পরপরই ওপেনএআইয়ের অভ্যন্তরীণ জনবলে এ বড় পরিবর্তনটি এল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
বিজ্ঞান ও প্রযুক্তি সাময়িকী ওয়্যার্ড প্রতিবেদনে লিখেছে, ওপেনএআই কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় নিজের পদত্যাগের কথা বলেছেন হাইডেকে।
পেশাদারদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন-এর তথ্য অনুসারে, ২০২১ সালে ওপেনএআই’তে যোগ দিয়েছিলেন তিনি।
ওয়্যার্ড প্রতিবেদনে লিখেছে, হাইডেকে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে সেইফটি সিস্টেমসের দায়িত্ব নেবেন সাচি জেন। এর আগেও জেন কোম্পানিটির নিরাপত্তা দলগুলোর নেতৃত্ব দিয়েছেন।
এ ছাড়া, এই পুনর্গঠনের আওতায় ওপেনএআইয়ের নিরাপত্তা দলগুলো এখন থেকে মিয়া গ্লেসের অধীনে কাজ করবে। কোম্পানিটির নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট অফ রিসার্চ অ্যান্ড সেইফটি হিসেবে দায়িত্ব নিচ্ছেন গ্লেস।
নিরাপত্তা বিভাগের এ পরিবর্তন নিয়ে ওপেনএআইয়ের প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন বলেছেন, “আমাদের বিভিন্ন এআই মডেল উন্নয়নের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন কাজকে একীভূত করা জরুরি। নতুন মডেল, পণ্য ও তা বাজারে চালুর মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে শুরু থেকেই যেন সরাসরি ভূমিকা রাখা যায় তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ।”
যুক্তরাষ্ট্র সরকারের অনুমোদন পাওয়ার পর ওপেনএআইয়ের সাম্প্রতিকতম মডেল ‘জিপিটি-৫.৬’ বাজারে আসার পরপরই কোম্পানিটির অভ্যন্তরীণ জনবলে এ পরিবর্তনটি এল।
এ রদবদলের মাধ্যেও ওপেনএআইয়ের ‘হেড অফ প্রিপেয়ার্ডনেস’ বা প্রস্তুতি বিষয়ক প্রধান পদটি বহাল থাকছে।
এ বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ওপেনএআই প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছিলেন, “ভবিষ্যতের বিভিন্ন ঝুঁকি ঠেকাতে এবং তা প্রশমিত করার প্রস্তুতি’ নিতেই এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।