Published : 02 Aug 2026, 02:36 PM
ফোনে মেমোরি ঘাটতির দীর্ঘদিনের সমস্যার সমাধানে নতুন স্টোরেজ ক্লিনআপ টুল নিয়ে আসছে জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।
স্মার্টফোনের মেমোরি হুটহাট শেষ হয়ে যাওয়ার পেছনে বড় কারণ হয়ে উঠতে পারে বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যানেল। এসব চ্যানেলের শেয়ার করা ছবি, ভিডিও ও ভয়েস নোট নিয়মিত জমা হতে হতে ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেকটা জায়গা দখল করে নেয়।
নতুন এ টুলের ফলে চ্যানেলে আসা ছবি, ভিডিও বা ভয়েস নোট এখন আর আলাদা করে খুঁজে মুছতে হবে না, কেবল কয়েক ক্লিপেই ডিভাইসের জায়গা খালি করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট ডিজিটালট্রেন্ডস।
কয়েকমাস ধরে পরীক্ষার পর সম্প্রতি অ্যান্ড্রয়েডের জন্য প্রকাশিত সর্বশেষ বিটা আপডেটে নতুন ফিচারটি নির্বাচনভিত্তিক বিটা ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করেছে।
আলাদা ফাইল খোঁজার দিন শেষ
আগেও হোয়াটসঅ্যাপের স্টোরেজ সেটিং থেকে চ্যানেলের বিভিন্ন মিডিয়া ফাইল দেখা ও মোছা যেত। তবে সেই প্রক্রিয়া ছিল বেশ দীর্ঘ ও বিরক্তিকর। ডিলিট করার জন্য প্রতিটি ফাইল হাতে বেছে নিতে হত। নতুন টুলটিতে ব্যবহারকারীর সুবিধার জন্য দুটি আলাদা উপায়ে ফাইল মুছে ফেলার ব্যবস্থা রয়েছে।
প্রথম উপায়টি ব্যবহার করা যাবে সরাসরি সংশ্লিষ্ট চ্যানেলের ‘ইনফরমেশন’ পেইজে গিয়ে। সেখান থেকে কোনো নির্দিষ্ট চ্যানেল কী পরিমাণ জায়গা দখল করে আছে তা পর্যালোচনার পাশাপাশি ক্যাটেগরি বা বিষয়ভিত্তিক ফিল্টার করে ফাইল মোছা যাবে, অর্থাৎ ফটো, ভিডিও, স্টিকার বা ভয়েস নোটের মধ্যে কোনটি বেশি জায়গা নিচ্ছে, তা আলাদা করে বাছাই করে সরিয়ে ফেলা সম্ভব।
নতুন এ আপডেটের সবচেয়ে সুবিধাজনক দিক হচ্ছে, ক্লিনআপের সময় ব্যবহারকারীর ‘স্টার’ মার্ক করা বিভিন্ন বার্তা বা ফাইল হোয়াটসঅ্যাপ নিজে থেকে মুছে ফেলবে না। ফলে প্রয়োজনীয় কোনো তথ্য ভুলবশত মুছে যাওয়ার ঝুঁকি ছাড়াই অপ্রয়োজনীয় সব ফাইল এক ক্লিকে পরিষ্কার করা যাবে।
ফোনের ‘আবর্জনার ঝুড়ি’ খালি করতে সহজ উপায়
যারা অসংখ্য চ্যানেল অনুসরণ করেন তাদের সুবিধার্থে আরও একটি শর্টকাট যোগ করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধায় ‘আপডেটস’ ট্যাবে গিয়ে এক বা একাধিক চ্যানেলকে চাপ দিয়ে ধরে রেখে মেনু থেকে ‘ক্লিয়ার মিডিয়া ফাইলস’ অপশনটি বেছে নেওয়া যাবে।
এখন আর আলাদা করে প্রতিটি চ্যানেলে ঢুকে ফাইল মোছার প্রয়োজন হবে না, বরং এক ক্লিকেই একসঙ্গে অনেকগুলো চ্যানেলের সংরক্ষিত মিডিয়া সরিয়ে ফেলা সম্ভব।
ছোট পরিবর্তন মনে হলেও ব্যবহারকারীদের জন্য বড় সমস্যার সমাধান নিয়ে আসছে এ সুবিধা। কারণ অনেক চ্যানেলই প্রতিদিন ছবি ও ভিডিও প্রকাশ করে, যা সময়ের সঙ্গে সঙ্গে গিগাবাইট পরিমাণ জায়গা দখল করে ফেলে।
অধিকাংশ ক্ষেত্রে দেখার পরপরই ব্যবহারকারীরা এসব ফাইলের কথা ভুলে যান। ফলে ফোনে স্টোরেজ পূর্ণ হওয়ার সতর্কতা বার্তা না আসা পর্যন্ত কতটা জায়গা নষ্ট হয়েছে, তা তৎক্ষণাৎ জানা সম্ভব হয় না।
বর্তমানে গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ বিটা সংস্করণ ব্যবহারকারী সীমিত সংখ্যক অ্যান্ড্রয়েড পরীক্ষকদের জন্য ফিচারটি চালু হয়েছে। পর্যায়ক্রমে কয়েক সপ্তাহে আরও বেশি ব্যবহারকারীর কাছে সুবিধাটি পৌঁছাবে।
তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য মূল অ্যাপে এ ফিচার কবে নাগাদ চালু হবে সে বিষয়ে কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ।