১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এই প্রথম এআই ওভারভিউস নিয়ে বড় প্রকাশনার মামলার মুখে গুগল

গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রোলিং স্টোন, ভ্যারাইটি, বিলবোর্ড’সহ বেশ কয়েকটি জনপ্রিয় প্রকাশনার মালিক ‘পেনস্কে মিডিয়া কর্পোরেশন’ বা পিএমসি।

এই প্রথম এআই ওভারভিউস নিয়ে বড় প্রকাশনার মামলার মুখে গুগল
প্রকাশনাটির দাবি, অবৈধভাবে তাদের বিভিন্ন ওয়েবসাইটের কনটেন্ট ব্যবহার করে এআই ওভারভিউস তৈরি করছে গুগল। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 05:52 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

শুরুর দিকে গুগলের এআই ওভারভিউস সুবিধাটি মজার ভুল নিয়ে নানা বিতর্কের মুখে পড়লেও এবার বড় এক আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে কোম্পানিটি। প্রথমবারের মতো বড় এক মার্কিন প্রকাশকের কাছ থেকে এআই ওভারভিউ ফিচার নিয়ে মামলার মুখে পড়েছে মার্কিন সার্চ জায়ান্টটি।

গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রোলিং স্টোন, ভ্যারাইটি, বিলবোর্ড’সহ বেশ কয়েকটি জনপ্রিয় প্রকাশনার মালিক ‘পেনস্কে মিডিয়া কর্পোরেশন’ বা পিএমসি। 

মামলায় প্রকাশনাটি দাবি করেছে, অবৈধভাবে তাদের বিভিন্ন ওয়েবসাইটের কনটেন্ট ব্যবহার করে এআই ওভারভিউস তৈরি করছে গুগল। ফিচারটি ব্যবহারকারীদের সরাসরি গুগলের সারাংশেই তথ্য দিয়ে দিচ্ছে, ফলে ব্যবহারকারীরা আর ‘পিএমসি ও  অন্যান্য প্রকাশকদের মূল ওয়েবসাইটে যাচ্ছেন না’। এতে করে তাদের ‘ট্রাফিক বা ভিজিটর সংখ্যা কমে যাচ্ছে, সেইসঙ্গে কমছে বিজ্ঞাপন থেকে আয়ের সুযোগ’।

মামলাটি ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে দায়ের করেছে পিএমসি। প্রকাশনাটির দাবি, বর্তমানে তাদের যেসব ওয়েবসাইট গুগল সার্চে দেখা যায়, সেগুলোর প্রায় ২০ শতাংশ ফলাফলে এখন এআই ওভারভিউস দেখায়। এই হার ভবিষ্যতে আরও বাড়বে বলে আশঙ্কা করছে তারা। ২০২৪ সালে তাদের অ্যাফিলিয়েট রেভিনিউ বা সাইটে ভিজিটর পাঠিয়ে আয় সর্বোচ্চ আয়ের চেয়ে এক-তৃতীয়াংশের বেশি কমে গিয়েছে।

অন্যদিকে, গুগলের মুখপাত্র হোসে ক্যাস্তানেদা বলেছেন, “আমরা এসব ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে নিজেদেরকে রক্ষা করব। এআই ওভারভিউস বিভিন্ন ধরনের সাইটে ট্রাফিক পাঠিয়ে ভিজিটর পাঠানোর সুযোগও তৈরি করেছে।”

এ বছরের শুরুর দিকে ‘চেগ’ নামের এক শিক্ষাবিষয়ক প্রযুক্তি কোম্পানির পক্ষ থেকে একই ধরনের মামলার মুখোমুখি হয়েছিল গুগল। ‘চেগ’ পরিচিত টেক্সটবুক ভাড়া দেওয়ার জন্য।

মামলায় তাদের অভিযোগ ছিল, তাদের ওয়েবসাইটে ভিজিটর কমিয়ে দিয়েছে গুগলের এআই সার্চ ও এতে তাদের আয় কমেছে।

তবে, পিএমসি’র এ মামলাটির মাধ্যমে প্রথমবারের মতো বড় কোনো মার্কিন প্রকাশনা গুগলের এআই সার্চ ফিচারকে কেন্দ্র করে আইনি ব্যবস্থা নিচ্ছে বলে প্রতিবেদেন লিখেছে এনগ্যাজেট।

গুগলের এ আইনি সমস্যার বাইরে আরও অনেক এআই কোম্পানি বর্তমানে আদালতের মুখোমুখি হচ্ছে। ২০২৩ সালে চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা করে নিউ ইয়র্ক টাইমস।