২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নতুন এআই টুল ‘ডিপ রিসার্চ’ আনল ওপেনএআই

এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। কোনো গুজব থেকে পাওয়া তথ্যকে আলাদা করতে সমস্যায় পড়তে পারে এটি এবং বর্তমানে আত্মবিশ্বাসেরও ঘাটতি রয়েছে এর।

নতুন এআই টুল ‘ডিপ রিসার্চ’ আনল ওপেনএআই
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 05:48 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

এবার গবেষণার জন্য নতুন এক এআই টুল চালু করেছে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কোম্পানি ওপেনএআই।

রোববার ‘ডিপ রিসার্চ’ নামের এই নতুন এআই টুল চালু করেছে কোম্পানিটি। তারা বলেছে, জটিল কাজের জন্য ইন্টারনেটে নানা ধরনের পদক্ষেপ নিয়ে গবেষণা পরিচালনা করবে এই নতুন টুলটি।

‘ডিপ রিসার্চ’ টুলটি ওয়েব ব্রাউজিং ও ডেটা বিশ্লেষণের জন্য অপটিমাইজ করা ওপেনএআইয়ের আসন্ন ‘ও৩’ মডেলের সংস্করণের মাধ্যমে চলবে বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।

ওপেনএআই জানিয়েছে, টুলটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের একটি প্রম্পট দিতে হবে এবং কোম্পানিটির নিজস্ব চ্যাটবট চ্যাটজিপিটি গবেষণা বিশ্লেষকের স্তরে গিয়ে কোনো প্রতিবেদন তৈরিতে টেক্সট, ছবি ও পিডিএফের মতো বেশ কয়েকটি অনলাইন উৎসের খোঁজ, বিশ্লেষণ ও তা সমন্বয় করে কাজ করবে।

কোম্পানিটি আরও বলেছে, “দশ মিনিটের মধ্যে কাজ সম্পন্ন করতে পারে এই টুল, যেখানে একজন মানুষের জন্য অনেক ঘণ্টা সময় লেগে যায়।”

তবে টুলটির কিছু সমস্যার কথাও জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান। ওপেনএআই বলেছে, এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে ‘ডিপ রিসার্চ’ এবং এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। “কোনো গুজব থেকে পাওয়া তথ্যকে আলাদা করতে সমস্যায় পড়তে পারে এটি এবং বর্তমানে আত্মবিশ্বাসেরও ঘাটতি রয়েছে এর। বেশিরভাগ ক্ষেত্রেই অনিশ্চয়তার তথ্য সঠিকভাবে জানাতে ব্যর্থ হচ্ছে এটি।”

রোববার থেকে চ্যাটজিপিটির ওয়েব সংস্করণে পাওয়া যাবে ‘ডিপ রিসার্চ’ এবং ফেব্রুয়ারির মধ্যে মোবাইল ও ডেস্কটপ অ্যাপে চালু হবে এটি।

রয়টার্স লিখেছে, জানুয়ারিতে ‘অপারেটর’ নামের একটি টুলের প্রিভিউ দেখার পর এ বছর ওপেনএআইয়ের মাধ্যমে চালু হওয়া দ্বিতীয় এআই টুল হচ্ছে ডিপ রিসার্চ। ‘অপারেটর’ টুলটি মূলত ‘টু-ডু লিস্ট’ বা করণীয় তালিকা তৈরি ও ছুটির পরিকল্পনায় সহায়তা করার মতো বিভিন্ন কাজ করতে পারে।