১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলায় চালু হল এআইভিত্তিক প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’

‘কাগজ ডট এআই’ বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ ও কনটেন্ট তৈরিতে এআইয়ের ব্যবহার নিশ্চিত করবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 01:35 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

বাংলা ভাষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক ও প্রকাশনীর কাজে ব্যবহারের জন্য উন্মোচন হয়েছে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’।

সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এই দুই প্রযুক্তি সেবা সবার জন্য উন্মুক্ত করা হয়। ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

অনুষ্ঠানে শুরুতে একটি ভিডিওর মাধ্যমে ‘কাগজ ডট এআই’ ও ‘জুলাই ফন্ট’-এর বৈশিষ্ট্য তুলে ধরেন ফয়েজ আহমেদ তৈয়্যব। তিনি বলেন, বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি তৈরি, ভাষা প্রক্রিয়াকরণ ও কনটেন্ট তৈরিতে এআইয়ের ব্যবহার নিশ্চিত করবে ‘কাগজ ডট এআই’। 

“বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর আগে বাংলা ভাষার জন্য এমন পূর্ণাঙ্গ এআই প্ল্যাটফর্ম ছিল না।”

নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ তৈরি করা হয়েছে দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের কথা মাথায় রেখে। কম্পিউটারনির্ভর বাংলা লেখায় যে প্রযুক্তিগত সীমাবদ্ধতা দীর্ঘদিন ধরে ছিল, তা কাটাতে এই ফন্ট সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা।

ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, “আমাদের লাইব্রেরিতে থাকা বইগুলোর লেখা সার্চএবল নয়। বইয়ে থাকা জ্ঞান পুনরুৎপাদনের জন্য তা ডিজিটাল ফর্মেটে আনতে হবে। লেখালিখিতে সময় ও শ্রমঘণ্টা বাঁচাতে আমরা স্পিচ টু টেক্সট ও টেক্সট টু স্পিচ যুক্ত করেছি।”

সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, “বাংলাদেশে ৪২টি ভাষা রয়েছে, মতান্তরে ৪০টি ভাষা। এমন ভাষাও আছে, যে ভাষায় মাত্র ৬ জন মানুষ কথা বলেন। এই প্রকল্প ভাষা সংরক্ষণেও ভূমিকা রাখবে। নিজস্ব একটি ইকোসিস্টেম তৈরি করে আমরা বাংলা ভাষাকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে চাই।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম এবং প্রকল্প পরিচালক মাহবুব করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শীষ হায়দার চৌধুরী। শুরুতে বক্তব্য রাখেন ইবিএলআইসিটির প্রকল্প পরিচালক মাহবুব করিম।

‘কাগজ ডট এআই’ ও ‘জুলাই ফন্ট’ তৈরি হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের মাধ্যমে।