১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এআই বাড়াচ্ছে সাইবার ঝুঁকি, ক্রাউডস্ট্রাইক সিইও’র সতর্কবার্তা

গেল মাসে এআই স্টার্টআপ হাগিং ফেইসে ওপেনএআইয়ের অনিয়ন্ত্রিত এজেন্টের সাইবার হামলার ঘটনাটিকেও নতুন এই ঝুঁকির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন ক্রাউডস্ট্রাইক সিইও।

এআই বাড়াচ্ছে সাইবার ঝুঁকি, ক্রাউডস্ট্রাইক সিইও’র সতর্কবার্তা
সাইবার নিরাপত্তায় মোটা অংকের অর্থ খরচ করা প্রযুক্তিগতভাবে উন্নত বিভিন্ন কোম্পানিও এখন ঝুঁকির বাইরে নয়। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 11:36 AM

Updated : 11 Sep 2026, 03:55 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশ কর্পোরেট খাতের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে নতুন ঝুঁকিতে ফেলছে বলে সতর্ক করেছেন ক্রাউডস্ট্রাইকের সিইও জর্জ কার্টজ।

তিনি বলেছেন, সাইবার আক্রমণের গতি ও জটিলতা এআই এতটাই বাড়িয়ে দিয়েছে যে পুরানো নিরাপত্তা প্রযুক্তি এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। ওপেনএআইয়ের অনিয়ন্ত্রিত এআই এজেন্টের মাধ্যমে হাগিং ফেইসে সাইবার হামলার ঘটনাও এআই যুগের এ নতুন নিরাপত্তাহীনতার বাস্তব প্রমাণ।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সাইবার নিরাপত্তা কোম্পানি ক্রাউডস্ট্রাইক ক্লাউডভিত্তিক নিরাপত্তা সেবা দেয়, যা বিভিন্ন কম্পিউটার, ক্লাউড ব্যবস্থা ও তথ্যকে সাইবার হামকি থেকে সুরক্ষায় সহায়তা করে।

বৃহস্পতিবার আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি’র ‘ম্যাড মানি’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে কার্টজ বলেছেন, “অনেক কোম্পানিই এখন বুঝতে পারছে, পুরানো প্রযুক্তি বা বিনামূল্যে পাওয়া নিরাপত্তা ব্যবস্থা দিয়ে বর্তমানে ঝুঁকিমুক্ত থাকা সম্ভব নয়।”

বিনিয়োগকারীদের প্রত্যাশা ছাপিয়ে আয়ের ইতিবাচক প্রান্তিক প্রতিবেদন প্রকাশের পরদিন ক্রাউডস্ট্রাইকের শেয়ার দর এক সেশনেই ২০ শতাংশের বেশি বেড়ে রেকর্ড প্রায় ২২৮ ডলারে পৌঁছায়। এরপরই এমন মন্তব্য করলেন কোম্পানিটির সিইও।

জর্জ কার্টজ বলেছেন, সাইবার নিরাপত্তায় মোটা অংকের অর্থ খরচ করা প্রযুক্তিগতভাবে উন্নত বিভিন্ন কোম্পানিও এখন ঝুঁকির বাইরে নয়। কারণ, প্রযুক্তি সাইবার আক্রমণকারীদের কোম্পানির দুর্বলতা খুঁজে বের করে সেটিকে কাজে লাগানোর গতি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এআই।

“বেশিরভাগ কোম্পানির নিরাপত্তায় কোনো না কোনো ঘাটতি থেকেই যায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, কোনো কোম্পানি সচেতন থাকা ও প্রচুর অর্থ ব্যয়ের পরও সাইবার হুমকির ধরন পরিবর্তন হচ্ছে দ্রুতগতিতে।”

কার্টজ বলেছেন, এপ্রিলে অ্যানথ্রপিকের ‘মিথোস’ মডেল উন্মোচিত হওয়ার পর বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে, কীভাবে উন্নত এআই সাইবার আক্রমণকে আরও দ্রুত ও জটিল করে তুলতে পারে, যা বিনিয়োগকারীদের ধারণাও বদলে দিয়েছে। তারা এখন এআইকে সাইবার নিরাপত্তা সফটওয়্যারের জন্য হুমকি না ভেবে বরং এর চাহিদা বাড়ার মূল চালিকাশক্তি হিসেবে দেখছেন।

বিনিয়োগকারীদের এ নতুন উপলব্ধির কারণে বিগত কয়েক মাসে বড় ধরনের চাঙ্গা ভাব দেখা গেছে বাজারে। ফলে ক্রাউডস্ট্রাইক ও তাদের প্রতিদ্বন্দ্বী সাইবার নিরাপত্তা কোম্পানি ‘প্যালো অল্টো নেটওয়ার্কস’-এর শেয়ার দর এ বছর এখনও পর্যন্ত প্রায় ১০০ শতাংশ বেড়েছে।

সিএনবিসি’র ইনভেস্টিং ক্লাবের পরিচালিত চ্যারিটেবল ট্রাস্টের পোর্টফোলিওতে ক্রাউডস্ট্রাইক ও প্যালো অল্টোর শেয়ার রয়েছে।

গেল মাসে এআই স্টার্টআপ হাগিং ফেইসে ওপেনএআইয়ের অনিয়ন্ত্রিত এজেন্টের সাইবার হামলার ঘটনাটিকেও নতুন এ ঝুঁকির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন কার্টজ।

একটি সাইবার নিরাপত্তা মূল্যায়নের সময় চ্যাটজিপিটি নির্মাতার এই উন্নত এআই এজেন্টটি নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ থেকে বের হয়ে ইন্টারনেটে প্রবেশ করে। পরবর্তীতে তা শনাক্ত ও প্রতিরোধের আগেই হাগিং ফেইসের অবকাঠামোতে অনুপ্রবেশ করেছে।

ঘটনাটিকে ‘নজিরবিহীন সাইবার দুর্ঘটনা’ হিসেবে বর্ণনা করে ওপেনএআই বলেছে, তারা নিজেদের সবচেয়ে উন্নত এআই মডেলগুলোর নিরাপত্তা জোরদার করছে।

কার্টজ বলেছেন, “যেভাবে এসব এআই এজেন্ট দ্রুত ছড়িয়ে পড়ে দুর্বলতা খুঁজে বের করছে ও সেগুলোকে কাজে লাগাচ্ছে তা থেকে বোঝা যায় এখন নিরাপত্তার একটি সম্পূর্ণ ভিন্ন ও উন্নত মাত্রার প্রয়োজন। এ কারণেই আমরা মনে করি এই দৌড়ে আমরা সবার শীর্ষে অবস্থান করছি।”

সুরক্ষার এ ক্রমাগত প্রয়োজনীয়তার প্রভাব স্পষ্ট ফুটে উঠেছে ক্রাউডস্ট্রাইকের ব্যবসায়িক ফলাফলে। বুধবার সন্ধ্যায় কোম্পানিটি তাদের আয়ের হিসাব প্রকাশ করেছে, যাকে কার্টজ ‘রেকর্ড জয়ের প্রান্তিক’ হিসেবে বর্ণনা করেছেন।

এ সময় কোম্পানিটির রাজস্ব আয় বেড়ে দাঁড়ায় ১৪৭ কোটি ডলারে। বাৎসরিক রাজস্ব ২৫ শতাংশ বেড়ে ৫৮৪ কোটি ডলারে পৌঁছেছে, যার মধ্যে নতুন নিট এআরআর হিসেবে যোগ হয়েছে রেকর্ড ৩৩ কোটি ৩০ লাখ ডলার।

কার্টজ জানান, এআই ব্যবহার করে চালানো এসব সাইবার আক্রমণ শনাক্ত ও ঠেকাতেই তারা ‘ফ্যালকন’ প্ল্যাটফর্ম তৈরি করেছেন।

“সাইবার প্রতিপক্ষদের ঠেকাতে আপনার কাছে সেরা প্রযুক্তির পাশাপাশি সঠিক স্তরের বিশেষজ্ঞ জ্ঞান থাকতে হবে। হ্যাকাররা দ্রুতগতিতে এগোচ্ছে ও তাদের আক্রমণের কৌশলও বিস্ময়করভাবে বদলে যাচ্ছে।”

আগামী সপ্তাহে ক্রাউডস্ট্রাইক তাদের বার্ষিক মেগা আয়োজন ‘ফ্যালডটকন’ আয়োজন করতে যাচ্ছে, যেখানে কোম্পানিটি তাদের আধুনিক উদ্ভাবন ও নিরাপত্তা সেবা দেখাবে।

লাস ভেগাসে আয়োজিত এ সম্মেলনে গ্রাহক, ডেভেলপার ও খাতসংশ্লিষ্ট শীর্ষ নেতারা একত্র হবেন। সম্মেলনে বক্তব্য রাখবেন কার্টজসহ ক্রাউডস্ট্রাইকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এতে বিভিন্ন সাইবার ওয়ার্কশপ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ থাকবে। গেল বছর ‘ফ্যালডটকন’ অনুষ্ঠানটি কোম্পানিটির শেয়ার দর বাড়াতে বড় অনুঘটক হিসেবে কাজ করেছিল।