২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

এআই আপডেটে বিলম্ব: ২৫ কোটি ডলারে মামলা মেটাল অ্যাপল

২০২৪ সালে ঘটা করে এআই আপডেটের ঘোষণা দিয়েও তা সময়মতো আনতে না পারায় কোম্পানিটির বিরুদ্ধে ওই বছরই মামলা করেছিল বিনিয়োগকারীরা।

এআই আপডেটে বিলম্ব: ২৫ কোটি ডলারে মামলা মেটাল অ্যাপল
এ মীমাংসায় নিজেদের কোনো দোষ স্বীকার করেনি অ্যাপল। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 12:05 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি’র আপডেটে প্রতিশ্রুত এআই ফিচার দিতে দেরি করায় বিনিয়োগকারীদের দায়ের করা এক মামলা ২৫ কোটি ডলারে নিষ্পত্তি করেছে টেক জায়ান্টটি।

২০২৪ সালে ঘটা করে এআই আপডেটের ঘোষণা দিয়েও তা সময়মতো আনতে না পারায় বিনিয়োগকারীদের তোপের মুখে পড়েছিল কোম্পানিটি, যার রফা হল এ মোটা অংকের সমঝোতার মাধ্যমে।

রয়টার্স লিখেছে, ক্যালিফোর্নিয়ার মার্কিন ফেডারেল আদালতে পিটার ল্যান্ডশেফট ২০২৪ সালে এ মামলাটি দায়ের করেছিলেন।

মামলার মূল কারণ, ২০২৪ সালের বার্ষিক সফটওয়্যার ডেভেলপার কনফারেন্সে আইফোন নির্মাতা কোম্পানিটি তাদের একগুচ্ছ এআইওয়ালা নতুন আপডেটের ঘোষণা দেয় এবং সেই অনুসারে বিজ্ঞাপন প্রচারও শুরু করে।

সেসময় অ্যাপল বলেছিল, পরবর্তী শরতে নতুন বিভিন্ন আইফোনের সঙ্গে এসব ফিচার গ্রাহকদের জন্য আসবে। কিন্তু পরবর্তীতে সেই আপডেট দিতে দেরি করে অ্যাপল এবং বিনিয়োগকারীরা আইনি পদক্ষেপ নেন।

নতুন আইফোন বাজারে আসার পর দেখা যায় সেগুলোতে প্রতিশ্রুত এআই ফিচারগুলো নেই। বাদীপক্ষের দাবি, এ ঘটনার ফলে অ্যাপলের বিনিয়োগকারীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

২০২৫ সালে অ্যাপল বলেছিল, সিরি’র এ ব্যাপক পরিবর্তন বা ‘এআই ওভারহল’ চলতি বছরের আগে সম্ভব নয়।

তবে সম্প্রতি কোম্পানির কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আগামী মাসে অনুষ্ঠিতব্য বার্ষিক ডেভেলপার কনফারেন্সেই সিরি’র এসব নতুন ফিচার উন্মোচিত হবে।

এ মীমাংসায় অ্যাপল নিজেদের কোনো দোষ স্বীকার করেনি এবং চুক্তিটি চূড়ান্ত হতে এখনও একজন বিচারকের অনুমোদনের প্রয়োজন।

অ্যাপল বলেছে, ২০২৪ সালে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালুর পর থেকে তারা এরইমধ্যে অসংখ্য এআই ফিচার গ্রাহকদের জন্য উন্মুক্ত করেছে।

“অতিরিক্ত দুটি ফিচারের প্রাপ্যতা সংক্রান্ত দাবিগুলোর নিষ্পত্তির লক্ষ্যে অ্যাপল একটি সমঝোতায় পৌঁছেছে। আমরা আমাদের মূল লক্ষ্য, অর্থাৎ গ্রাহকদের জন্য সেরা সব উদ্ভাবনী পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার কাজে নিবিষ্ট থাকতেই বিষয়টি মিটিয়ে ফেলেছি।”